ভেড়ার পশম ও পাটসুতা দিয়ে তৈরি হচ্ছে শাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশেই ভেড়ার পশম ও পাটের মিশ্রণে বস্ত্র তৈরি করে তা দিয়ে শাল, কম্বল, পাপোশ ও পোশাক তৈরিতে সফল হয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

সমাজভিত্তিক ও বাণিজ্যিক খামারে দেশি ভেড়ার উন্নয়ন এবং সংরক্ষণ প্রকল্পের আওতায় ভেড়ার পশম ও পাটসুতার ওই বস্ত্র তৈরি করা হয়েছে। এ ক্ষেত্রে একটি শাল উৎপাদন করতে ২৪৪ টাকা এবং কম্বলের ক্ষেত্রে ৪৯৫ টাকা ব্যয় হয়েছে। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সচিবালয়ে গতকাল বুধবার এ নিয়ে একটি আন্তমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় এসব পণ্য প্রধানমন্ত্রীর কাছে পাঠানোর সিদ্ধান্ত হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট ও পাট গবেষণা ইনস্টিটিউটের মধ্যে ২০১৪ সালে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারকের ভিত্তিতে ভেড়ার পশম থেকে বস্ত্র তৈরির উদ্যোগ নেওয়া হয়েছিল। দেশে প্রায় ৩৪ লাখ ভেড়া থেকে বছরে প্রায় ৩ হাজার টন পশম উৎপাদিত হয়।

সভায় মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক ও প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ ছাড়াও কৃষি এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভেড়ার পশম থেকে আরও উন্নত মানের রপ্তানিযোগ্য বস্ত্র তৈরি এবং বাজারজাতের মাধ্যমে জনগণের কাছে জনপ্রিয় করতে কৃষি এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিতভাবে কাজ করবে প্রাণিসম্পদ মন্ত্রণালয়।