ভৈরবে বিসিক শিল্পনগরী হবে। এ জন্য ৭৩ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে। ভৈরব উপজেলা সদর থেকে প্রায় সাত কিলোমিটার দূরে কালিকাপ্রসাদ গ্রামে এ শিল্পনগরী হবে। ২০১৭ সালের জুন মাসের মধ্যে এ শিল্পনগরী তৈরির কাজ শেষ করবে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)।
গতকাল মঙ্গলবার এ প্রকল্পটি অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলনকক্ষে এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।
এর আগে ২০১৩ সালে ৫৮ কোটি টাকা ব্যয়ে প্রথম দফায় অনুমোদন দিয়েছিল একনেক। কিন্তু জমির মূল্যবৃদ্ধি এবং গণপূর্ত বিভাগের রেট শিডিউল বৃদ্ধি পাওয়ায় প্রকল্পের ব্যয় বৃদ্ধি করা হয়েছে। ইতিমধ্যে সম্ভাব্যতা যাচাই এবং প্রকল্পটির স্থান চূড়ান্ত করেছে বিসিক।
এদিকে এ প্রকল্পটিসহ গতকালের একনেক সভায় ৭০০ কোটি টাকার মোট পাঁচটি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়। পুরো অর্থই সরকার নিজস্ব তহবিল থেকে দেবে।
একনেকে অনুমোদিত অন্য প্রকল্পগুলো হলো ৪৪৫ কোটি টাকার বাংলাদেশ কোস্টগার্ডের জন্য বিভিন্ন প্রকার জলযান নির্মাণ, ৫৩ কোটি টাকার জেলা সড়ক ও ব্যাটালিয়ন সদরের আনসার ও ভিডিপির ব্যারাকসমূহের ভৌত সুবিধা সম্প্রসারণ, সাড়ে ৮৭ কোটি টাকার সিরাজগঞ্জের কাজীপাড়ায় বেগম আমিনা মনসুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট নির্মাণ এবং সাড়ে ৪১ কোটি টাকার ব্যালান্সিং, মডার্নাইজেশন, রিনোভেশন অ্যান্ড এক্সপানশন (বিএমআরআই) অব দ্য এক্সিসটিং ক্লথ প্রসেসিং সেন্টার অ্যাট মাধবদী, নরসিংদী প্রকল্প।
এদিকে গতকালের একনেকে ৩২৭ কোটি টাকার ই-জুডিশিয়ারি পাইলট প্রকল্প পাসের জন্য উত্থাপন করা হয়। কিন্তু পাস করা হয়নি। সভার দায়িত্বশীল সূত্রে জানা গেছে, প্রকল্পটি পাইলট ভিত্তিতে না করে সব বিভাগীয় শহরে বাস্তবায়ন করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দেন। আদালত ভবন এলাকার নিরাপত্তা জোরদারে সিসিটিভি ক্যামেরা স্থাপনের একটি অনুষঙ্গ প্রকল্পে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। প্রকল্পটি সংশোধন করে দ্রুত উত্থাপনের তাগিদ দেওয়া হয় সভায়।
সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের প্রকল্পগুলো সম্পর্কে অবহিত করেন। উল্লেখ্য, এটি চলতি অর্থবছরের প্রথম একনেক সভা।