ভোক্তা অধিকার আইন কার্যকর হতে পারেনি: বাণিজ্যমন্ত্রী
২০০৯ সালে প্রণীত হলেও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন কিংবা জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর এখনো কার্যকর হতে পারেনি বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী জি এম কাদের। একই সঙ্গে অসৎ ব্যবসায়ীদের কারাদণ্ড দেওয়ার ক্ষমতা অধিদপ্তরের থাকা উচিত বলেও মনে করেন বাণিজ্যমন্ত্রী।ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অবহিতকরণ’ শীর্ষক কর্মশালায় বাণিজ্যমন্ত্রী এসব মন্তব্য করেন। গতকাল বুধবার বিকেলে রাজধানীর কারওয়ানবাজারে টিসিবি ভবনে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি এ কে আজাদ বলেন, ‘মুনাফার কারণে আমরা অমানুষ হয়ে গেছি। মানুষকে বিষ খাওয়াচ্ছি। লাশ সংরক্ষণের জন্য ফরমালিন দেওয়া হয়। সেই ফরমালিন এখন মাছ ও ফলে দেওয়া হচ্ছে।’বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আইনটি ভালো। তবে আমার ধারণা, ২০০৯ সালে প্রতিষ্ঠা হলেও এখনো এটি কার্যকর হতে পারেনি। মানুষ এ আইন সম্পর্কে জানে না। কীভাবে অভিযোগ করা হবে, কার কাছে করা হবে এসব বিষয়ে এখনো মানুষকে সচেতন করা যায়নি।’ তিনি বলেন, ‘আমার মন্ত্রণালয়ের কর্মকর্তারাই বাজারে গিয়ে ঠকলেও কোনো অভিযোগ করছেন না। এটা বড় রকমের ব্যর্থতা।’মন্ত্রী বলেন, ‘১০ হাজার, ৫০ হাজার, এক লাখ টাকা জরিমানা দেওয়া যাদের জন্য সমস্যা না, তাদের কারাদণ্ড দেওয়া যেতে পারে। এক মাসের কারাদণ্ড দিলেই সামাজিকভাবে তাদের মানমর্যাদা নষ্ট হবে। এর ভয়েই তারা অপরাধ থেকে নিরুৎসাহী হবে।’কর্মশালায় এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ দাবি করেন, ৯৫ শতাংশ ব্যবসায়ীই সৎভাবে ব্যবসা করেন। তিনি বলেন, নির্ভেজাল পণ্য যেন মানুষকে দেওয়া যায়, সে জন্য প্রয়োজন সচেতনতা ও জবাবদিহি।সরকারি তদারকির বিষয়ে এ কে আজাদ বলেন, ‘যদিও আমরা তদারকি করছি, তবে তা কার্যকর হচ্ছে না। এ জন্য প্রত্যেকটি বাজার কমিটিকে বাজার তদারকির দায়িত্ব দেওয়া উচিত।’ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক আবুল হোসেন মিঞা বলেন, ‘কঠোরতা ছাড়া আমরা আইনটি বাস্তবায়ন করতে পারব না।’কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি কাজী ফারুক বলেন, অর্থনীতির সব ক্ষেত্রে ভোক্তারা মূল কেন্দ্রে অবস্থান করলেও বাংলাদেশের চিত্র ভিন্ন। এখানে ভোক্তারা অসহায়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক আবদুল বাতেন মিয়া ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন দিক তুলে ধরেন। এ ছাড়া মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক শেখ মনিরুল ইসলাম, আমদানি-রপ্তানি নিয়ন্ত্রক এম এ সবুর, ইএবি সচিব এস এম এহসান কবির, পরিবেশ অধিদপ্তরের পরিচালক মওদুদ সাত্তার প্রমুখ বক্তব্য দেন।