ভোক্তা অধিকার রক্ষায় মান নির্ধারণ পদ্ধতি সংস্কারে তাগিদ
বাংলাদেশে ভোক্তা সাধারণের অধিকার রক্ষায় প্রচলিত মান নির্ধারণ ও বাস্তবায়ন পদ্ধতির সংস্কার প্রয়োজন। এ ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার জন্য অভিন্ন মান প্রণয়নের প্রচেষ্টা বেগবান করে বাংলাদেশ লাভবান হতে পারে বলে অভিমত দিয়েছেন বিশেষজ্ঞরা। গতকাল সোমবার জাতিসংঘের শিল্পবিষয়ক সংস্থা (ইউনিডো) এবং শিল্প মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ‘শিল্প ও ভোগ্যপণ্যের গুণগত মান নির্ধারণ এবং উন্নয়নের ক্ষেত্রে দক্ষিণ আফ্রিকা ও আফ্রিকায় অবকাঠামোগত উন্নয়নের অভিজ্ঞতা: বাংলাদেশের জন্য শিক্ষা’ শীর্ষক সেমিনারে বক্তারা এ কথা বলেন। শিল্প মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এ সেমিনারে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া প্রধান অতিথি ছিলেন। অনুষ্ঠানে শিল্পসচিব কে এইচ মাসুদ সিদ্দিকী সভাপতিত্ব করেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন দক্ষিণ আফ্রিকার মানবিষয়ক বিশেষজ্ঞ ও ইউনিডোর কারিগরি পরামর্শক ফ্রাঞ্চ হ্যান্সবার্গার। এতে অন্যান্যের মধ্যে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ বি এম খোরশেদ আলম, বিএসটিআইয়ের মহাপরিচালক এ কে ফজলুল আহাদ, ইউনিডোর প্রধান কারিগরি পরামর্শক ডেবিট হলবোর্ন আলোচনায় অংশ নেন।