ভোক্তা অধিদপ্তরের কাজ জেলা পর্যায়ে সম্প্রসারণ করা হবে
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যক্রম জেলা পর্যায়ে সম্প্রসারণ করা হবে। সংশোধনের মাধ্যমে যুগোপযোগী করা হবে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন। কারণ, আইনটির পুরোপুরি বাস্তবায়ন সম্ভব হচ্ছে না। গতকাল মঙ্গলবার রাজধানীর বিয়াম ভবনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে অনুষ্ঠিত ‘ভোক্তার জন্য সুষ্ঠু আর্থিক সেবা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী মুহাম্মদ ফারুক খান এ কথা জানিয়েছেন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে। খবর তথ্য বিবরণীর।বাণিজ্যসচিব মো. গোলাম হোসেনের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক সেলিম রায়হান। এতে বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল কাশেম, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান এবং বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি এ কে আজাদ। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক মো. আবদুল বাতেন মিঞা ছিলেন সেমিনারের সঞ্চালক। বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেন, ২০০৯ সালের এপ্রিলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন প্রবর্তন করা হয়েছে। আইনটিকে পুরোপুরি বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না ঠিক, কিন্তু ইতিমধ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং জাতীয় পরিষদ গঠন করা হয়েছে। আর এদিকে অধিদপ্তরের আওতায় প্রতিদিন চার থেকে ছয়টি দল বাজার তদারক করছে। বাণিজ্যমন্ত্রী জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনকে পর্যালোচনা করে সংযোজন ও সংশোধনের জন্য শিগগির একটি সুপারিশমালা তৈরি হবে। এ জন্য ক্যাব সভাপতির নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। বাণিজ্যমন্ত্রী বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে জনবল নিয়োগের বিষয়টি প্রক্রিয়াধীন। নিয়োগের পরই সারা দেশে জেলা পর্যায়ে এর কার্যালয় ও কার্যক্রম সমপ্রসারণ করা হবে। সেমিনারে আলোচনায় আরও অংশ নেন বাংলাদেশ ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মো. মজিবুর রহমান, বিএসটিআইয়ের মহাপরিচালক এ কে ফজলুল আহাদ, সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান, ক্যাব সভাপতি কাজী ফারুক প্রমুখ।