ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের জনবলসংকট কমছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জনবলসংকট কাটতে শুরু করেছে। তিন বছর দীর্ঘ প্রক্রিয়ার পর গত জুনে অধিদপ্তরের নিয়োগ বিধিমালা চূড়ান্ত হয়েছে। আর চলতি মাসেই ৪০ জনকে অধিদপ্তরের সহকারী পরিচালক হিসেবে নিয়োগের সুপারিশ করেছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি)।অধিদপ্তর বলছে, নতুন এই ৪০ জন সহকারী পরিচালক নিয়োগের ফলে এখন জেলা কার্যালয় স্থাপন এবং সেখান থেকেই নিয়মিত বাজার অভিযান পরিচালনার মাধ্যমে ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ করা সম্ভব হবে।অধিদপ্তরের মহাপরিচালক আবুল হোসেন মিঞা গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, ‘জনবলস্বল্পতায় চাইলেও অধিদপ্তর অনেক কাজ করতে পারে না। নতুন কর্মকর্তারা যোগ দিলে আরও নিবিড়ভাবে কাজ করা যাবে। পাশাপাশি এখন জেলা কার্যালয় স্থাপন করা যাবে।’ তিনি জানান, জেলা কার্যালয় না থাকায় অনেক সময় ঢাকা থেকে কর্মকর্তাদের গিয়ে সেখানে বাজার অভিযান চালাতে হয়।ভোক্তাদের অধিকার রক্ষায় বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে ২০০৯ সালের ২৮ জুন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর প্রতিষ্ঠা করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয় অধিদপ্তরের জন্য ২৩৩টি অনুমোদন করে। প্রধান কার্যালয়সহ সাত বিভাগ, ৬৪টি জেলায় একটি করে অধিদপ্তরের মোট ৭২টি কার্যালয় স্থাপন করার কথা। তবে জনবলসংকটে কেবল বিভাগীয় কার্যালয়গুলোই স্থাপন করা হয়েছে।জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদের বার্ষিক প্রতিবেদনে (২০১০ সালের জুন পর্যন্ত) উল্লেখ করা হয়েছে, জনবল না থাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, মৎস্য, পরিবেশ অধিদপ্তরসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে বাজার পরিদর্শনমূলক অভিযান পরিচালনা করা হচ্ছে।অধিদপ্তর সূত্র জানায়, ২৩৩টি পদের বিপরীতে বর্তমানে ১৭ জন কর্মকর্তা দিয়ে অধিদপ্তরের কাজ চলছে। এর মধ্যে চারজন কর্মকর্তা আবার এসেছেন সংযুক্তির মাধ্যমে (অর্থাৎ এরা অধিদপ্তরের নিয়মিত কর্মকর্তা নন)। বিভাগীয় কার্যালয়গুলো চলছে একজন করে উপপরিচালক দিয়ে। আর জেলা পর্যায়ের অবকাঠামো এখনো তৈরি হয়নি।তবে গত জুনের মাঝামাঝি অধিদপ্তরের নিয়োগবিধি চূড়ান্ত হয়। এর পরই বাণিজ্য মন্ত্রণালয় অধিদপ্তরের প্রথম শ্রেণীর কর্মকর্তার পদের বিপরীতে পিএসসির কাছে প্রস্তাব করে। এর পরিপ্রেক্ষিতে গত ৪ জুলাই ৩০তম বিসিএসে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু পদস্বল্পতায় ক্যাডার পদে সুপারিশ করা যায়নি—এমন ৪০ জন প্রার্থীকে অধিদপ্তরের জন্য প্রথম শ্রেণীর নন-ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করা হয়।নিয়ম অনুযায়ী, প্রাথমিকভাবে এই ৪০ জন কর্মকর্তা বাণিজ্য মন্ত্রণালয়ে যোগ দেবেন। মন্ত্রণালয় তাঁদের ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরে পদায়ন করবে।আবুল হোসেন মিঞা বলেন, নিয়োগ পাওয়া কর্মকর্তাদের ছয়জনকে প্রধান কার্যালয়ে এবং ১৫ জনকে ছয়টি বিভাগীয় কার্যালয়ে নিয়োগ দেওয়া হবে। বাকি ২৯ জনকে বিভিন্ন জেলা কার্যালয়ের দায়িত্ব দেওয়া হবে। তবে তাঁদের কাজে যোগ দিতে মাস দুয়েক লাগতে পারে।অধিদপ্তর সূত্র জানায়, দ্বিতীয় দফায় পিএসসি নিয়মিত বিজ্ঞপ্তি জারির মাধ্যমে আরও ৪৩ জন সহকারী পরিচালক (প্রথম শ্রেণীর কর্মকর্তা) নিয়োগ করবে। এই নিয়োগ হবে সরাসরি পরীক্ষার মাধ্যমে। অবশ্য বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে বলে এই নিয়োগ হতে কিছুটা সময় লাগবে।এ ছাড়া অধিদপ্তরের দ্বিতীয় শ্রেণীর বেশ কিছু পদ রয়েছে। এই পদগুলোতে নিয়োগের সুপারিশ করতে ইতিমধ্যে অধিদপ্তরের মহাপরিচালক পিএসসির কাছে অনুরোধ জানিয়েছেন।প্রসঙ্গত, বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন হওয়ায় প্রথম শ্রেণীর কর্মকর্তা নিয়োগের সুপারিশ করতে মন্ত্রণালয় পিএসসির কাছে প্রস্তাব পাঠায়। আর দ্বিতীয় শ্রেণীর পদের জন্য প্রস্তাব পাঠায় অধিদপ্তর।