ভোক্তা সংরক্ষণ আইনে আর্থিক খাত অন্তর্ভুক্ত হবে: বাণিজ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোক্তাদের স্বার্থ সংরক্ষণের জন্য শুধু আইনই যথেষ্ট নয়, প্রয়োজন জনগণের সচেতনতা বাড়ানো। এর সঙ্গে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভোক্তাদের স্বার্থসংশ্লিষ্ট আরও কিছু বিষয় বিশেষ করে আর্থিক খাতের বিষয়গুলো অন্তর্ভুক্ত করা জরুরি হয়ে পড়েছে।এ রকম তাগিদের পরিপ্রেক্ষিতে বাণিজ্যমন্ত্রী জি এম কাদের বলেছেন, ভোক্তা সংরক্ষণ আইনে আর্থিক খাতে হয়রানির বিষয়টি অন্তর্ভুক্ত করা হবে। রাজধানীর সিরডাপ মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার আয়োজিত এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। আন্তর্জাতিক ভোক্তা অধিকার দিবস উপলক্ষে এ সেমিনারের আয়োজন করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।দিবসটির এবারের প্রতিপাদ্য ‘আমাদের অর্থ, আমাদের অধিকার: আর্থিক সেবা খাতে ভোক্তার সঠিক পছন্দ সৃষ্টির আন্দোলন।’সেমিনারের প্রধান অতিথি বাণিজ্যমন্ত্রী জি এম কাদের বলেন, হয়রানির শিকার হওয়া ভোক্তারা অধিদপ্তরে অভিযোগ করতে পারেন। ভোক্তারা চাইলে ফৌজদারি মামলাও করতে পারেন।বাণিজ্যমন্ত্রী বলেন, বিমার দাবি করা অর্থ জনগণ খুব একটা পান না। আর যাঁরা পান তাঁদেরও খুব হয়রানির শিকার হয়ে পেতে হয়। সেমিনারে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের সভাপতি এ কে আজাদ বলেন, কিছু লোক সম্পদের পাহাড় গড়ে তুলছেন। তাঁরা ঠিকভাবে করও দিচ্ছেন না। বছরে কমপক্ষে দুই কোটি মানুষের কর দেওয়া উচিত।আজাদ আরও বলেন, শেয়ারবাজারকে ফোলানো-ফাপানো হয়েছে। দুজন ব্যক্তি শেয়ারবাজারের কারণে আত্মহত্যা করেছেন। তিনি বলেন, ‘যেসব ব্যক্তি তাঁর সম্পদ ও আয়ের উচ্চমূল্য দেখিয়ে বাজারে কারসাজি করেছেন, তাঁদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নিতে হবে।’কনজ্যুমার ইন্টারন্যাশনালের এশিয়া ও মধ্যপ্রাচ্য অঞ্চলের প্রধান দাতো ইন্দ্রানি তুরা সিংঘাম বলেন, সার্কভুক্ত দেশগুলোতে নীতিমালা থাকার পরও আর্থিক প্রতিষ্ঠানগুলো অনেক ক্ষেত্রে ঋণ আদায়ে আগ্রাসী ও অন্যায্য পদক্ষেপ নেয়। তিনি বলেন, আর্থিক প্রতিষ্ঠানগুলোতে দ্রুত অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থা থাকতে হবে। নইলে ভোক্তার স্বার্থ রক্ষা হবে না।মুক্ত আলোচনা: এফবিসিসিআইয়ের পরিচালক হেলালউদ্দিন বলেন, ‘মানুষের স্বাস্থ্যের জন্য এখন বড় হুমকি পানি। ওয়াসা আমাদের ড্রেনের পানি খাওয়াচ্ছে। কিন্তু ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর কখনো ওয়াসাকে জরিমানা করে না।’ মূল প্রবন্ধে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ওয়াহিদ আবদুল্লাহ বলেন, দেশে আর্থিক খাতে ভোক্তার স্বার্থ রক্ষাকবচ এখনো যথেষ্ট নয়। এখনো মহাজনিব্যবস্থা সচল, রয়েছে ঋণদানে অব্যবস্থা, বিমাগ্রাহকদের হয়রানি ও অজানা নানা ফি ও চার্জ। তিনি বলেন, দেশের অর্থনীতি যতই অগ্রসর হচ্ছে লেনদেন ততই জটিল হচ্ছে। ততই বাড়ছে প্রতারণা, ঝুঁকি কিংবা অনিশ্চয়তা।সেমিনারের সভাপতিত্বকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক আবুল হোসেন মিঞা বলেন, ভোক্তা অধিকার আইন সবকিছুর সমাধান করে দেবে এটা ভাবা ঠিক হবে না। কারণ এটি ভোক্তাদের স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য আইনের একটি অতিরিক্ত আইন। সেমিনারে আরও বক্তব্য দেন বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম আবুল কাশেম, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এম মুর্তজা রেজা চৌধুরী, আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রক আবদুস সবুর, ক্যাবের সভাপতি কাজী ফারুক, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক আবদুল্লাহ আল মারুফ, উত্তরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সেলিনা সাজ্জাদ হোসেন প্রমুখ।