ভোক্তারা মামলা করতে পারবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এত দিন প্রতারিত ভোক্তারা সরাসরি মামলা করতে পারতেন না। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সে বিধানও ছিল না। প্রতিকার পেতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দিকে চেয়ে থাকতে হতো ভোক্তাদের।
বর্তমান আইনে ক্ষতিগ্রস্ত ভোক্তা প্রতিকারের জন্য ভোক্তা অধিদপ্তরে অভিযোগ করবেন। ভোক্তার অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনে আদালতে মামলা করবে অধিদপ্তর। কিন্তু প্রতিষ্ঠার পাঁচ বছরেও ভোক্তাদের পক্ষে একটি মামলা করেনি অধিদপ্তর।
ভোক্তাদের সরাসরি মামলা করার সুযোগ না দেওয়া ভোক্তা অধিকার আইনের বড় দুর্বলতা যেমন ছিল, তেমনি এ নিয়ে ক্ষোভ ছিল প্রতারিত ভোক্তাদের। সে কারণেই ভোক্তাদের প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট কিংবা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে সরাসরি মামলা দায়েরের সুযোগ দেওয়া হচ্ছে। এমন সুযোগ রেখেই ভোক্তা অধিকার আইনের সংশোধনীর প্রস্তাব করেছে ভোক্তা অধিদপ্তর।
এই সংশোধনীর খসড়া নিয়ে আজ মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে দিনব্যাপী পরামর্শক সভার আয়োজন করেছে ভোক্তা অধিদপ্তর।
জানতে চাইলে ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক আবুল হোসেন মিঞা প্রথম আলোকে বলেন, ‘ভোক্তাদের কথা বিবেচনা করেই আমরা তাঁদের সরাসরি মামলা করার সুযোগ দেওয়ার প্রস্তাব করেছি। ভোক্তারা এখন আইনের সুফল বেশি পাবেন।’
তবে সুবিধা বাড়ানো হচ্ছে ব্যবসায়ীদেরও। এত দিন ভোক্তা অধিদপ্তর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে শাস্তি দিলে এর বিরুদ্ধে আপিল করতে পারতেন না ব্যবসায়ীরা। সংশোধনীর খসড়ায় ব্যবসায়ীদের আপিলের সুযোগও রাখা হয়েছে।
ভোক্তাদের জন্য কী থাকছে: আইন অনুযায়ী, মোড়কজাত পণ্যের ক্ষেত্রে ওজনে কারচুপি হচ্ছে, মেয়াদোত্তীর্ণের তারিখ থাকছে না এবং মোড়কের উল্লিখিত দামের চেয়ে বেশি নেওয়া হচ্ছে—এমন নানা প্রতারণার শিকার হলে ৩০ দিনের মধ্যে ভোক্তাকে অধিদপ্তরের কাছে লিখিত অভিযোগ করতে হয়। তবে খসড়া সংশোধনীতে ভোক্তাকে অভিযোগ করার জন্য ৪৫ দিন পর্যন্ত সময় দেওয়া হচ্ছে।
খসড়ায় কোনো পণ্যসেবার অসত্য বর্ণনা-সংবলিত বিজ্ঞাপন ও প্রচার-প্রচারণার মাধ্যমে ক্রেতাকে প্রতারণা করাকেও ‘ভোক্তা অধিকারবিরোধী কার্য’-এর তালিকায় রাখা হয়েছে। এর শাস্তি এক বছরের জেল বা দুই লাখ টাকা জরিমানা কিংবা দুটোই।
ভোক্তা আইনে এত দিন সেবা খাতের আওতায় ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান, কুরিয়ার সার্ভিস ও আবাসন খাত ছিল না। অর্থাৎ এসব খাতে প্রতারিত ব্যক্তিরা এ আইনে প্রতিকার পেত না। খসড়ায় এগুলোকে সেবার আওতায় আনা হয়েছে।
কোনো ভোক্তা ব্যবসায়ীকে হেয় করতে অধিদপ্তরে অভিযোগ জানালে এবং তা মিথ্যা প্রমাণিত হলে ভোক্তার তিন বছরের কারাদণ্ডের বিধান রয়েছে আইনে। এখানেও ভোক্তাকে স্বস্তি দেওয়া হয়েছে। খসড়া সংশোধনীতে এ ক্ষেত্রে এক বছরের কারাদণ্ডের প্রস্তাব করা হয়েছে।
বিধানই ছিল না এত দিন!: রমজান মাস এলেই সরকার প্রতিটি দোকানে দৃশ্যমান স্থানে নিত্যপণ্যের মূল্য তালিকা টাঙানো বাধ্যতামূলক করার নির্দেশ দেয়। তা না মানলে শাস্তির হুমকিও দেওয়া হয়। কিন্তু এখনকার কোনো বিধি বা আইনেই এমন বিধান নেই। খসড়া সংশোধনীতে মূল্যতালিকা না টাঙানোকে ‘ভোক্তা অধিকারবিরোধী কার্য’ হিসেবে উল্লেখ করে বিষয়টিকে আইনি কাঠামোয় আনা হয়েছে।
সেবার মূল্যতালিকার ক্ষেত্রেও একই বিধান রাখা হয়েছে। সেবার আওতায় এক্স-রে, রক্ত পরীক্ষা, আলট্রাসনোগ্রাফির মতো বিভিন্ন ডায়াগনস্টিক পরীক্ষাকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
পণ্যের মান নিয়ন্ত্রক সংস্থা বিএসটিআইয়ের আইন অনুযায়ী, কোনো ব্যবসাপ্রতিষ্ঠান পণ্যের দাম বাড়াতে চাইলে আগে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে ক্রেতাদের তা জানাতে হবে। কিন্তু ব্যবসায়ীরা এটি কখনোই মানেনি। কারণ এ আইন না মানলে শাস্তির কোনো বিধান নেই। সংশোধনীর খসড়ায় এ অপরাধের জন্য এক বছরের কারাদণ্ড বা ৫০ হাজার টাকা জরিমানা কিংবা দুটোরই বিধান রাখার প্রস্তাব করা হয়েছে।
ভোক্তা অধিকার আইনে ভেজাল পণ্য ও ওষুধ বিক্রেতাদের শাস্তির বিধান আছে। কিন্তু যারা এসব উৎপাদন, আমদানি কিংবা মজুত করে, তাদের শাস্তির বিধান নেই। একইভাবে খাদ্যে ক্ষতিকর দ্রব্য যারা মেশায়, তাদের শাস্তির বিধান আইনে আছে। কিন্তু এই ক্ষতিকর দ্রব্য উৎপাদনকারী, বিপণনকারী কিংবা বিক্রেতাদের শাস্তি দেওয়ার বিধান নেই। আবার নকল পণ্য প্রস্তুতকারীর বিরুদ্ধে শাস্তির বিধান আছে। কিন্তু যারা এসব আমদানি, মজুত এবং বিক্রি করে, তারা শাস্তির বাইরে। তিনটি ক্ষেত্রেই অভিযুক্তদের তিন বছরের কারাদণ্ড বা দুই লাখ টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে খসড়ায়।
ভোক্তা অধিকার আইনে পণ্য, ওষুধ ও সেবা বিক্রির রসিদ না দিলে শাস্তির বিধান নেই। সে কারণে নতুন একটি ধারা সংযোজনের প্রস্তাব করা হয়েছে খসড়ায়। খসড়ায় ক্রেতাকে রসিদ দেওয়া বাধ্যতামূলক করার প্রস্তাবও করা হয়েছে।