এ সপ্তাহের সাক্ষাৎকার: ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই ভোক্তা-স্বার্থ রক্ষায় কাজ করছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও খাদ্যে ভেজাল রোধসহ ভোক্তা-স্বার্থ রক্ষার বিভিন্ন বিষয় নিয়ে প্রথম আলোর সঙ্গে আলাপ করেছেন সংগঠনের সভাপতি কাজী ফারুক
ভোক্তারা সচেতন না থাকায় প্রতারিত হন
প্রথম আলো: দেশে ভোক্তা-স্বার্থ কতটুকু সংরক্ষিত হচ্ছে?কাজী ফারুক: বছর দশেক আগে আমরা দেশব্যাপী একটা জরিপ করেছিলাম। তাতে দেখা গেছে, পাঁচ থেকে ছয় শতাংশ ভোক্তা অধিকার সম্পর্কে সচেতন। তবে এখন জরিপ হলে হয়তো এই হার ১৫ থেকে ২০ শতাংশে দাঁড়াবে। কারণ, ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর কিছু কাজ করছে। সবচেয়ে ভালো কাজ করছে গণমাধ্যম। আমাদের ভোক্তারা তাঁদের অধিকার সম্পর্কে সচেতন নন। শিক্ষিত মানুষেরাই এখনো সচেতন হতে পারেননি। মানুষের সচেতনতা যত দিন না বাড়বে তত দিন ভোক্তা-স্বার্থ রক্ষা হবে না। প্রথম আলো: ভোক্তারা তো প্রতারিত হয়েও জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করছেন না?কাজী ফারুক: সচেতন নন বলেই কিন্তু ভোক্তারা প্রতারিত হচ্ছেন। আবার ভোক্তাদের মধ্যে এক ধরনের নিস্পৃহতা আছে। কি হবে বিচার চাহিয়া—এমন ভাব দেখা যায় ভোক্তাদের মধ্যে। সে কারণেই বিক্রেতারা যে প্রতারণা করছেন, তা ভোক্তাদের সহ্য হয়ে গেছে। আবার অভিযোগ করতে হলে কিছু নিয়ম মানতে হয়। পাকা রসিদ লাগে। কিন্তু আমরা এসব বিষয়ে বেশি উদাসীন থাকি। পণ্য ক্রয়ের পর পাকা রসিদ নেই না। কোনো ভোক্তা অভিযোগ করলে যত জরিমানা আদায় হবে, তার ২৫ শতাংশ অভিযোগকারী পাবেন। কিন্তু বিষয়টি ভোক্তারা জানেনই না।প্রথম আলো: ভোক্তা-স্বার্থ রক্ষায় কী কী করা যেতে পারে?কাজী ফারুক: এ জন্য সবচেয়ে বেশি প্রয়োজন ভোক্তাদের সচেতনতা বাড়ানো। সচেতনতা কার্যক্রম ব্যাপকভাবে ছড়িয়ে দিতে হবে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দায়িত্ব জোরালোভাবে পালন করতে হবে। পাশাপাশি আমাদের কার্যক্রমও আরও জোরদার করতে হবে। দেশে ভোক্তা অধিকার সংগঠন খুব বেশি গড়ে ওঠেনি। ভোক্তাদের সচেতনতা বাড়াতে এর প্রয়োজন রয়েছে। গ্রাম ও ইউনিয়ন পর্যায়ে ভোক্তা সংগঠন গড়ে তুলতে হবে। ভারতের শুধু পশ্চিমবঙ্গ রাজ্যেই ১৮টি ভোক্তা অধিকার সংগঠন রয়েছে। প্রথম আলো: ভোক্তা-স্বার্থ রক্ষায় সরকারি উদ্যোগ যথেষ্ট কি না?কাজী ফারুক: সরকারি উদ্যোগ আরও ব্যাপক হওয়া দরকার। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর প্রত্যাশিত প্রচারণা চালাতে পারছে না। কারণ, তাদের লোকবলের স্বল্পতা রয়েছে। তাই চাইলেও সবকিছু করতে পারছে না। তবে অধিদপ্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে। মাত্র তো কাজ শুরু করল। তাদেরকে আরেকটু সময় দিতে হবে। ভোক্তাদের অধিকার রক্ষা একদিনে করা সম্ভব নয়।প্রথম আলো: সদ্য পাস হওয়া প্রতিযোগিতা আইন সম্পর্কে কিছু বলেন? এতে কীভাবে ভোক্তা-স্বার্থ রক্ষা হবে?কাজী ফারুক: প্রতিযোগিতা আইনে একটি কমিশন করা হবে। এই কমিশনের কাছে অভিযোগ করা যাবে। আবার কমিশন নিজ উদ্যোগেও কোনো অভিযোগ তদন্ত করতে পারবে। বর্তমান আইনগুলোতে নানা সীমাবদ্ধতার কারণে এ কাজ করা যেত না। সেদিক থেকে আইনটি ভালো। তবে আইনে অভিযুক্তদের শাস্তির পরিমাণ কম হয়েছে। আরও কঠোর হওয়া প্রয়োজন ছিল। আর এই আইন থেকে সত্যিকার অর্থেই ভালো ফল পেতে হলে প্রতিযোগিতা কমিশনকে শক্তিশালী করতে হবে। অন্য অনেক কমিশনের মতো ঠুঁটো জগন্নাথ বানালে হবে না। কমিশনকে নিরপেক্ষ ও সরকারের প্রভাবমুক্ত থেকে কাজ করতে হবে। কমিশনের চেয়ারম্যান ও সদস্য কারা হবেন, তার ওপরই নির্ভর করছে এসব কাজ ঠিকমতো হবে কি না। [সাক্ষাৎকার নিয়েছেন আবুল হাসনাত]