ভোগ্যপণ্যের ব্যবসায় ধস নেমেছে
দেশের ভোগ্যপণ্যের ব্যবসায় বড় ধরনের ধস নেমেছে। আমদানি করা পণ্য বাজারজাত করতে না পেরে এ খাতের ব্যবসায়ীরা বড় ধরনের সংকটে পড়েছেন। অবিক্রীত পণ্যের মজুদ নিয়ে বিপাকে পড়েছেন বিক্রেতারা। আবার পণ্য আমদানির ঋণপত্রও কমে গেছে।
দেশের ভোগ্যপণ্যের বৃহত্তম দুটি পাইকারি বাজারের একটি চট্টগ্রামের খাতুনগঞ্জ, অন্যটি ঢাকার মৌলভীবাজার। এই দুই বাজারকেন্দ্রিক আমদানিকারক ও পাইকারি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দুই বাজারে লেনদেন ৯০ শতাংশ পর্যন্ত কমে গেছে।
বৃহত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জের ব্যবসায়ীদের বাণিজ্যিক ব্যস্ততার পরিবর্তে এখন অলস সময় কাটছে। খাতুনগঞ্জের একাধিক ব্যবসায়ী জানান, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বৃহত্তম এই পাইকারি বাজারের ৯০ শতাংশ কর্মকাণ্ডই স্থবির হয়ে পড়েছে।
খাতুনগঞ্জকেন্দ্রিক ভোগ্যপণ্যের বৃহত্তম আমদানিকারক প্রতিষ্ঠান বিএসএম গ্রুপ। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আবুল বশর চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘গত অক্টোবর মাস পর্যন্ত আমাদের প্রতিষ্ঠান গড়ে প্রতি মাসে ২২০ থেকে ২৪০ কোটি টাকার পণ্য বিক্রি করত। গত দুই মাসে সেই বিক্রির পরিমাণ নেমে এসেছে ৩০ থেকে ৩৫ কোটি টাকায়।’
খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ ছগীর আহমেদ বলেন, স্বাভাবিক সময়ে খাতুনগঞ্জে প্রতিদিন গড়ে ৯০০ থেকে এক হাজার ২০০ কোটি টাকার পণ্য লেনদেন হতো। আর প্রতিদিন গড়ে ৬০০ থেকে ৭০০ ট্রাক আসা-যাওয়া করত। কিন্তু গত দুই মাসে এখানে প্রতিদিন গড়ে ১০০ থেকে ১২০ কোটি টাকারও লেনদেন হচ্ছে না। এখন প্রতিদিন গড়ে ১০০ ট্রাকও আসা-যাওয়া করছে না। অর্থাৎ দেশের বর্তমান পরিস্থিতিতে ৯০ শতাংশ লেনদেন কমে গেছে।
ঢাকার মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুর রাজ্জাক বলেন, ‘স্বাভাবিক সময়ে মৌলভীবাজারে গড়ে প্রতিদিন ৪০০ থেকে ৫০০ কোটি টাকার লেনদেন হতো। এখন সেখানে গড়ে পাঁচ থেকে ১০ কোটি টাকারও লেনদেন হচ্ছে না। বিদ্যমান রাজনৈতিক সহিংসতায় বলতে গেলে এই বাজারের কার্যক্রম একপ্রকার বন্ধই। ক্রেতা তো দূরে থাক, প্রাণভয়ে ব্যবসায়ীরাও আসতে সাহস পাচ্ছেন না। এই বাজারের বেশির ভাগ ব্যবসায়ী ঢাকার বিভিন্ন এলাকায় থাকেন। সেখান থেকে তাদের প্রতিদিন আসাও সম্ভব হচ্ছে টানা অবরোধ ও হরতালের কারণে।’
খাতুনগঞ্জের প্রতিদিনের ব্যবসাকে কেন্দ্র করে গড়ে উঠেছে সরকারি বেসরকারি ব্যাংকের প্রায় অর্ধশতাধিক শাখা। ব্যবসায়ীদের ব্যবসার মন্দার ধাক্কা তাই গিয়ে পড়েছে ব্যাংকগুলোর ওপর।
বেসরকারি ডাচ্-বাংলা ব্যাংকের খাতুনগঞ্জ শাখার ভাইস প্রেসিডেন্ট ও ব্যবস্থাপক (ম্যানেজার) রাশেদুল আমিন জানান, স্বাভাবিক সময়ে তাদের ব্যাংকের শাখায় গড়ে প্রতিদিন ২০ থেকে ২৫ কোটি টাকার নগদ লেনদেন হতো। এখন সেটি কমে ৮-১০ কোটিতে নেমে এসেছে। সে সঙ্গে কমে গেছে ঋণপত্র বা এলসির পরিমাণও।