ভোজ্যতেল আমদানিতে ১৫ শতাংশ মূসক প্রত্যাহারের উদ্যোগ
ভোজ্যতেল আমদানিতে বিদ্যমান ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক) প্রত্যাহার করতে বাণিজ্য মন্ত্রণালয় জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) চিঠি দিয়ে অনুরোধ জানিয়েছে।যদি এই মূসক প্রত্যাহার করে নেওয়া হয়, তাহলে বাজারে প্রতি লিটার সয়াবিন ও পাম তেলের দাম ১৪ থেকে ১৫ টাকা পর্যন্ত কমতে পারে বলেও মনে করছে মন্ত্রণালয়। মূসক প্রত্যাহারের জন্য গতকাল মঙ্গলবার এনবিআরের কাছে এই চিঠি পাঠিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এর আগে বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিও মূসক প্রত্যাহারের জন্য বাণিজ্য মন্ত্রণালয়কে সম্প্রতি সুপারিশ করে। এদিকে, ভোজ্যতেলের তৃতীয় দফা মূল্য পুনর্নির্ধারণের জন্য আজ বুধবার পরিশোধন কারখানা মালিকদের সঙ্গে বৈঠকে বসছে বাণিজ্য মন্ত্রণালয়। বাণিজ্যমন্ত্রী মুহাম্মদ ফারুক খানের এ বৈঠকে সভাপতিত্ব করার কথা। তবে এনবিআরের কর্মকর্তারা বলছেন, মূসক প্রত্যাহার হলেও ভোক্তারা এর কোনো সুফল না-ও পেতে পারেন। বরং বর্তমানে যে দরে বিক্রি হচ্ছে, সেই দরেই তেল কিনতে হতে পারে। তা ছাড়া এর আগে কখনো এ ধরনের কর বা মূসক প্রত্যাহারের সুফল কাউকে পেতে দেখা যায়নি। মাঝখানে বরং সরকারের কিছু রাজস্ব গচ্চা গেছে। তবে এবারের বিষয়টি ভালোভাবে যাচাই করে সিদ্ধান্ত নেওয়া হবে। জানা গেছে, বুধবারের বৈঠকে ভোজ্যতেলের দাম আরেক দফা বাড়িয়ে নিতে বাণিজ্য মন্ত্রণালয়ের ওপর চাপ তৈরি করতে চান ব্যবসায়ীরা। তার আগেই প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে মূসক প্রত্যাহারের উদ্যোগ নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। তা ছাড়া সরকার পুনর্নির্ধারণের আগেই ব্যবসায়ীরা ভোজ্যতেলের দাম বাড়িয়ে দিয়েছেন। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী, গতকাল মঙ্গলবার খোলা সয়াবিন বিক্রি হয়েছে ১০১ থেকে ১০৩ টাকা লিটার দরে। আর পাম তেল বিক্রি হয়েছে ৮৯ থেকে ৯০ টাকা দরে। অবশ্য ব্যবসায়ীরা এই যুক্তির সঙ্গে দ্বিমত পোষণ করেন। তাঁরা বলেন, আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার তথ্য-উপাত্ত বিশ্লেষণ করেই এর আগে দুই দফা দাম বাড়ানো হয়েছিল। আরেক দফা যদি বাড়াতে হয়, তা করতে হবে যৌক্তিক কারণেই। কারণ ছাড়া যৌথ সভা করে সরকার ভোজ্যতেলের দাম বাড়াতে দিত না। বাণিজ্য মন্ত্রণালয়ের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা প্রথম আলোকে জানিয়েছেন, স্থায়ী কমিটির সুপারিশ মেনেই মূসক প্রত্যাহারের জন্য এনবিআরকে চিঠি লেখা হয়েছে। চিঠিতে গত জুনের তুলনায় সয়াবিনের দাম ৫১ শতাংশ এবং পাম তেলের দাম ৫৮ শতাংশ বাড়ার কথা উল্লেখ করা হয়েছে। এতে আরও বলা হয়েছে, ভোজ্যতেলের বাজার অসহনীয় হয়ে উঠেছে। যেহেতু নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনশীল রাখা সরকারের নির্বাচনী অঙ্গীকার ছিল, তাই আমদানি পর্যায়ে মূসক প্রত্যাহার করে ভোজ্যতেলের বাজার জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখা যেতে পারে। এর আগে ৭ ডিসেম্বর থেকে ১৫ দিনের জন্য সারা দেশে সয়াবিনের দর বেঁধে দিয়েছিল সরকার। খুচরা বাজারে খোলা সয়াবিনের লিটার ঢাকায় ৮৬ টাকা আর চট্টগ্রামের মূল্য ৮৪ টাকা নির্ধারণ করা হয়। ঢাকার মিলগেটের দর ৮৩ টাকা আর চট্টগ্রামের দর ছিল ৮১ টাকা। তারপর ২৩ ডিসেম্বর থেকে ঢাকার খুচরা বাজারে খোলা সয়াবিন তেল প্রতি লিটার সর্বোচ্চ ৯০ টাকা, আর চট্টগ্রামের ক্ষেত্রে ৮৯ টাকা পুনর্নির্ধারণ করা হয়। খোলা পাম তেলের ঢাকার খুচরা দর লিটার প্রতি ৮৬ টাকা আর চট্টগ্রামের দর ৮৫ টাকা করা হয়। দর পুনর্নির্ধারণের উভয় বৈঠক শেষেই বলা হয়, খোলা সয়াবিনের তুলনায় পেট বোতলজাত তেলের দর সর্বোচ্চ ১৫ শতাংশ বেশি হতে পারবে। শুধু এক লিটারের বোতলের ক্ষেত্রে যোগ হবে বোতলের মূল্য। কিন্তু কোনোবারই বেঁধে দেওয়া দর যে সরকার কার্যকর করতে পারেনি, বাণিজ্যসচিব গোলাম হোসেন তা স্বীকার করেছেন। প্রসঙ্গত, দেশের বাজারে ভোজ্যতেলের সরবরাহ প্রধানত নিয়ন্ত্রণ করে মেঘনা, এস আলম, নূরজাহান, টিকে ও সিটি গ্রুপ এবং ইলিয়াস ব্রাদার্স, বাংলাদেশ এডিবল অয়েল, মেরিন ভেজিটেবল অয়েল, মাল্টি অয়েল রিফাইনারি, এস এ অয়েল রিফাইনারি, মোস্তফা ভেজিটেবল অয়েল ও রুবাইয়া ভেজিটেবল অয়েল লিমিটেড। দেশে বর্তমানে ১২ লাখ টন সয়াবিন ও পাম তেলের চাহিদা রয়েছে। ব্যবসায়ীদের মতে, প্রতি টন এক হাজার ২০০ ডলার এবং প্রতি ডলার ৭১ টাকা ধরে হিসাব করলে বাংলাদেশি মুদ্রায় দাম দাঁড়ায় ১০ হাজার ২২৪ কোটি টাকা। ১৫ শতাংশ মূসক প্রত্যাহার করা হলে এক বছরের হিসাবে রাজস্ব কম হবে এক হাজার ৫৩৩ কোটি টাকা।জানতে চাইলে কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি কাজী ফারুক প্রথম আলোকে বলেন, এত বিপুল অঙ্কের রাজস্ব হারানোর পদক্ষেপ নেওয়া হলেও তা যেন শুধু ব্যবসায়ীদের পকেটেই না যায়, সে ব্যাপারে সতর্ক পদক্ষেপ নেওয়া দরকার।