আবুল হাসনাতভোজ্যতেল আমদানির জন্য ঋণপত্র (এলসি) খোলার পরিমাণ বেড়েছে। সার্বিকভাবে চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে আগের বছরের চেয়ে ভোজ্যতেল আমদানির ঋণপত্র খোলার পরিমাণ কম ছিল। তবে ডিসেম্বরে এ অবস্থার পরিবর্তন হয়েছে। আগের বছরের চেয়ে বেশি ঋণপত্র খোলা হয়েছে। ব্যবসায়ীরা বলে আসছিলেন, ব্যাংকের ঋণের সুদহার বেড়ে যাওয়া ও ডলারের বিনিময় মূল্যের অস্থিতিশীলতায় গত কয়েক মাসে ভোজ্যতেল আমদানি কমে আসে, যদিও আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেলের দাম ক্রমাগত কমতির দিকে ছিল। এদিকে দেশের বাজারে খোলা সয়াবিন তেলের দামও কমতে শুরু করেছে। খুচরা বাজারে এখন প্রতি লিটার খোলা সয়াবিন তেল পাওয়া যাচ্ছে ১২০ থেকে ১২২ টাকায়। এক-দেড় মাস ধরে এই তেলের দাম ১২৮ টাকার আশপাশে ওঠানামা করছিল।আন্তর্জাতিক বাজারে বেশ কয়েক মাস ধরেই সয়াবিন তেলের দাম কমলেও দেশের তেল পরিশোধনকারী ব্যবসায়ীরা ভোজ্যতেল আমদানিতে খুব একটা আগ্রহ দেখাননি। নিত্যপণ্যের বাজারদর পর্যবেক্ষণ করে এমন একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান ইনডেক্স মুন্ডি বলছে, সয়াবিন তেলের মাসিক গড় দাম ছিল মে মাসে টনপ্রতি এক হাজার ২৫৫ দশমিক ৬৭ ডলার, জুন মাসে এক হাজার ২৫০ দশমিক ০৬, জুলাই মাসে এক হাজার ২৪২ দশমিক ১০, আগস্ট মাসে এক হাজার ২২৫ দশমিক ২১, সেপ্টেম্বর মাসে এক হাজার ২১৮ দশমিক ৮৬, অক্টোবর মাসে এক হাজার ১২৬ দশমিক ৭৭, নভেম্বর মাসে এক হাজার ১১৮ দশমিক ৩২ ও ডিসেম্বর মাসে এক হাজার ১০৩ দশমিক ০৪ ডলার।ব্যবসায়ীদের হিসাব অনুযায়ী, দেশে বছরে ১৪ থেকে ১৫ লাখ টন ভোজ্যতেলের চাহিদা রয়েছে। ১৭ জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে দেওয়া ছয়টি নিত্যপণ্যের আমদানির জন্য ঋণপত্র খোলার পরিসংখ্যান থেকে দেখা যায়, জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ছয় লাখ ১৪ হাজার টন অপরিশোধিত ভোজ্যতেল আমদানির জন্য ঋণপত্র খোলা হয়েছে। আগের বছর একই সময়ে ঋণপত্র খোলার পরিমাণ ছিল সাত লাখ ৩৮ হাজার টন।সামগ্রিকভাবে যদিও ঋণপত্র খোলার পরিমাণ আগের বছরের তুলনায় কমেছে, তবে শুধু ডিসেম্বর মাসের হিসাবে এর পরিমাণ বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই থেকে নভেম্বর) ঋণপত্র খোলা হয়েছিল পাঁচ লাখ ৫৭ টন। আগের বছর একই সময়ে ঋণপত্র খোলার পরিমাণ ছিল ছয় লাখ ৯১ হাজার টন। কিন্তু ডিসেম্বর মাসে এসে ঋণপত্র খোলার পরিমাণ বেড়ে যায়। ডিসেম্বরে ৫৭ হাজার টন তেল আমদানির জন্য ঋণপত্র খোলা হয়, যা আগের বছরের একই সময়ের তুলনায় দশমিক ১২ শতাংশ বেশি।ঋণপত্র খোলার পরিমাণ কেন বাড়ছে জানতে চাইলে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম প্রথম আলোকে বলেন, শীতে সয়াবিন তেলের চাহিদা বেশি থাকে। সে কারণে আমদানির জন্য ঋণপত্রের পরিমাণও বেড়েছে।সিটি গ্রুপের মহাব্যবস্থাপক বিশ্বজিৎ ঘোষ বলেন, সয়াবিন তেল আমদানির ওপর আগে ১৫ শতাংশ হারে কর ছিল। তা কমিয়ে সরকার ১০ শতাংশ করে। প্রথম দিকে এই করসুবিধার মেয়াদ নির্ধারণ করা হয় ৩১ ডিসেম্বর পর্যন্ত। সরকার এর মেয়াদ বাড়িয়েছে। হয়তো এ কারণেই ঋণপত্র খোলার পরিমাণ বেড়েছে। কমছে সয়াবিন তেলের দাম: শীত শুরুর পর ডিসেম্বরের প্রথম সপ্তাহে হঠাৎ করে লিটারপ্রতি খোলা সয়াবিন তেলের দাম ১১০-১১২ থেকে বেড়ে দাঁড়ায় ১২৩-১২৫ টাকা। ডিসেম্বরের মাঝামাঝি গিয়ে দাম ওঠে ১২৪-১২৮ টাকায়। বোতলজাত সয়াবিনের দামও বেড়ে যায়। বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারপ্রতি চার টাকা বাড়ায় তেল পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলো। তবে দুই-তিন দিন ধরে ভোজ্যতেলের পাইকারি বাজারে সয়াবিন তেলের দাম কমেছে। এখন খোলা তেল বিক্রি হচ্ছে ১১০-১১২ টাকায়। সপ্তাহ খানেক আগেও পাইকারি বাজারে খোলা সয়াবিন তেলের দাম ছিল ১১৮-১২২ টাকা। এখন মিলগেটে খোলা তেল বিক্রি হচ্ছে ১০৮ টাকায়। এর প্রভাব পড়েছে রাজধানীর খুচরা বাজারেও। খোলা সয়াবিন তেল এখন বিক্রি হচ্ছে ১২০-১২২ টাকায়। তবে বোতলজাত সয়াবিন তেলের দাম কমেনি।