ভোজ্যতেল ও চিনির পরিশোধন কারখানা মালিকদের অনেকেই পরিবেশক নিয়োগ দিতে গড়িমসি করছেন বলে অভিযোগ উঠেছে। তবে মালিকেরা তাঁদের বিরুদ্ধে গড়িমসি করার অভিযোগ নাকচ করে বলছেন, যোগ্যতাসম্পন্ন লোক না পাওয়ার কারণেই পরিবেশক নিয়োগ দিতে দেরি হচ্ছে। কিন্তু সরকার পর্যবেক্ষণ করে দেখেছে, দেরির বিষয়টি স্রেফ মালিকদের অজুহাত। কৃত্রিমভাবে দাম বাড়ানোর দুরভিসন্ধির অংশ হিসেবে কেউ কেউ ইচ্ছা করেই পরিবেশক নিয়োগ দিচ্ছে না। দুটি পণ্যের বিষয়ে সার্বিক আলোচনা করতে জাতীয় কমিটির জরুরি বৈঠক ডেকেছে বাণিজ্য মন্ত্রণালয়। ছুটির দিন হওয়া সত্ত্বেও আগামী শনিবার সকালে সচিবালয়ে ডাকা হয়েছে এ বৈঠক। এতে বাণিজ্যসচিব গোলাম হোসেন সভাপতিত্ব করবেন। এটি হবে এ কমিটির প্রথম বৈঠক। জানা গেছে, শনিবারের বৈঠকে পরিবেশক নিয়োগসহ নতুন এ বিপণনব্যবস্থা বাস্তবায়নের অগ্রগতি, ইতিমধ্যে নিয়োগ করা পরিবেশকদের মাধ্যমে পণ্য বিপণনের হালনাগাদ চিত্র এবং অত্যাবশ্যকীয় পণ্য বিপণন ও পরিবেশক নিয়োগ আদেশের অন্যান্য নির্দেশনা প্রতিপালনে সংশ্লিষ্ট সব পক্ষের প্রস্তুতি ও পদক্ষেপ নিয়ে পর্যালোচনা করা হবে।বৈঠকে খাদ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), ট্যারিফ কমিশন, এফবিসিসিআই, এমসিসিআই, ডিসিসিআই, চিনি ও ভোজ্যতেল ব্যবসায়ীদের দুটি সমিতি এবং ১২টি পরিশোধন কারখানার প্রতিনিধিদের উপস্থিত থাকতে বলা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় এ ব্যাপারে গত বুধবার সংশ্লিষ্ট ব্যক্তিদের চিঠি দিয়েছে। এদিকে পরিবেশক নিয়োগে কারখানা মালিকেরা নতুন ফাঁদ পেতেছেন বলে অভিযোগ উঠেছে। তাঁরা নিয়োগ দেওয়ার আগেই পরিবেশকদের কাছ থেকে জামানতের নামে অতিরিক্ত টাকা আদায় করছেন বলে অভিযোগ রয়েছে।পরিবেশক হওয়ার জন্য যাঁরা আবেদন করেছেন তাঁদের অনেকেই প্রথম আলো কার্যালয়ে এসে জানিয়েছেন যে, কিছু কোম্পানি সরকারনির্ধারিত জামানতের চেয়ে দ্বিগুণ পরিমাণ অর্থ দাবি করছে। ফলে ইচ্ছা থাকলেও তাঁরা পরিবেশক হতে পারছেন না। টিকে গ্রুপের পরিবেশক হওয়ার জন্য ঢাকার চকবাজারের একজন আবেদনকারী প্রথম আলোকে বলেন, ‘কোম্পানি অগ্রিম দ্বিগুণ টাকা দাবি করছে। আবার বলছে, মাল নেওয়ার সময়ও টাকা দিতে হবে। অর্থাৎ সব সময়ের জন্য তাদের কাছে চার লাখ টাকা ফেলে রাখতে হবে। এটা তো অন্যায়।’ মালিকেরা সদ্য বিলুপ্ত চালান প্রথার (ডিও) সুবিধা পরিবেশকদের কাছ থেকে পুষিয়ে নিতে চাইছেন বলে ওই আবেদনকারী অভিযোগ করেন। এ ব্যাপারে যোগাযোগ করা হলে টিকে গ্রুপের উপমহাব্যবস্থাপক শফিকুল আবসার প্রথম আলোকে জানান, জামানত দুই লাখ টাকা নেওয়া হচ্ছে এবং আগামী কয়েক দিনের মধ্যেই তাঁদের পরিবেশক নিয়োগ প্রক্রিয়া শেষ হবে। উল্লেখ্য, ১ জুলাই থেকে ভোজ্যতেল ও চিনি বিক্রির ক্ষেত্রে পুরোদমে পরিবেশক পদ্ধতি চালু হওয়ার কথা থাকলেও বাস্তবে তা হয়নি।আরও একটি বৈঠক: আগামী শনিবার সকালের বৈঠকের পর বেলা তিনটায় মসলা ব্যবসায়ীসহ অন্যান্য ব্যবসায়ীর সঙ্গে আরেকটি বৈঠক করবেন বাণিজ্যসচিব। ছোলা, ডাল, পিঁয়াজ, রসুন, আদা, হলুদসহ নিত্যপণ্যের মূল্য ও সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ বৈঠক ডাকা হয়েছে। বিশেষ করে আগামী রমজানে এসব পণ্যের মূল্য পরিস্থিতি যাতে না বাড়ে, সে ব্যাপারে করণীয়ও এই বৈঠকে নির্ধারণ করা হবে বলে বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।