ভোজ্যতেলে ভিটামিন এ মেশানোর প্রকল্প উদ্বোধন
সরকার ইউনিসেফের সহায়তায় ‘ভোজ্যতেলে ভিটামিন এ সমৃদ্ধকরণ’ প্রকল্প হাতে নিয়েছে। এটি মূলত ভোজ্যতেলের সঙ্গে ভিটামিন এ মেশানোর একটি কর্মসূচি। স্বাস্থ্য মন্ত্রণালয় এবং গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশনের (গেইন) সহায়তায় শিল্প মন্ত্রণালয় এ কর্মসূচি বাস্তবায়ন করবে।গতকাল বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। এ ছাড়া জনস্বাস্থ্য ও পুষ্টি ইনস্টিটিউটের পরিচালক এখলাছুর রহমান, এ দেশে ইউনিসেফের প্রতিনিধি প্যাসক্যাল ভিলেনিউভ, গেইনের নির্বাহী পরিচালক মার্ক ভ্যান অ্যামিরিনজেন, প্রকল্পের পরিচালক মির্জা মো. মহিউদ্দিন, ইউনিসেফের পুষ্টি কর্মকর্তা আইরিন আক্তার চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।অনুষ্ঠানে জানানো হয়, ভিটামিন এ-এর ঘাটতিজনিত স্বাস্থ্যগত সমস্যা দূর করতে ২০১০ সালে শিল্প মন্ত্রণালয় ‘ভোজ্যতেলে ভিটামিন এ সমৃদ্ধকরণ’ শীর্ষক প্রকল্প হাতে নেয়। ২০১২ সালের ডিসেম্বরে শেষ হতে যাওয়া প্রকল্পের ব্যয় ২৩ কোটি টাকা। প্রকল্পের আওতায় চলতি বছরের মধ্যে প্রায় ১০ কোটি মানুষকে ভিটামিন-এ সমৃদ্ধ ভোজ্যতেলের আওতায় আনা হবে।এর আগে গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে প্রকল্পের পরিচালক মির্জা মো. মহিউদ্দিন বলেন, প্রকল্পের আওতায় সাতটি তেল পরিশোধনকারী প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক সই হয়েছে। এসব প্রতিষ্ঠানকে ৭ দশমিক ২ টন ভিটামিন এ সরবরাহ করা হয়েছে। তেল পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলো তাদের পাম ও সয়াবিন এবং খোলা ও বোতলজাত সব ধরনের তেলেই ভিটামিন মেশাবে। ইতিমধ্যে কয়েকটি প্রতিষ্ঠান ভিটামিন এ সমৃদ্ধ ভোজ্যতেল বাজারজাতকরণ শুরু করেছে।প্রকল্পের কর্মকর্তারা বলছেন, ভিটামিন এ সমৃদ্ধকরণের ফলে প্রতি পাঁচ লিটার ভোজ্যতেলে ভিটামিন এ মেশাতে খরচ হবে মাত্র এক টাকা। এই সামান্য খরচের জন্য পরিশোধন কারখানার মালিকেরা তেলের মূল্য না বাড়ানোর নিশ্চয়তা দিয়েছেন।