ভোজ্যতেলে ভিটামিন ‘এ’ মেশাবে ১৬ প্রতিষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোজ্যতেলে ভিটামিন ‘এ’ মেশাতে আগ্রহী দেশের ১৬টি তেল পরিশোধনকারী প্রতিষ্ঠান। এ বিষয়ে গতকাল বুধবার শিল্প মন্ত্রণালয়ের সঙ্গে সমঝোতা স্মারকও সই করেছে প্রতিষ্ঠানগুলো।এ চুক্তির আওতায় ইতিমধ্যেই এসব পরিশোধনাগারে ১৬টি প্রিমিক্স ডোজিং পাম্প এবং প্রায় ১৬ মেট্রিক টন ভিটামিন ‘এ’ সরবরাহ করা হয়েছে। একই সঙ্গে সাধারণ মানুষ যেন ভিটামিন ‘এ’ সমৃদ্ধ ভোজ্যতেল সহজেই চিনতে পারেন, সে জন্য বোতল বা প্যাকেটে ব্যবহারের জন্য একটি লোগোও তৈরি করা হয়েছে।শিল্প মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশে এখন মোট তেল পরিশোধনকারী প্রতিষ্ঠানের সংখ্যা ২২টি।ভোজ্যতেলে ভিটামিন ‘এ’ মেশানোর বিষয়ে শিল্প মন্ত্রণালয় ইতিমধ্যে একটি আইনের খসড়া তৈরি হয়েছে। এর ওপর সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে গতকাল মন্ত্রণালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় সমঝোতা স্মারক সই হয়।সভায় বক্তারা জনস্বাস্থ্য সুরক্ষায় সব খোলা ভোজ্যতেল বাধ্যতামূলকভাবে বোতল বা প্যাকেটজাত করার ওপর গুরুত্ব দেন। তবে এ আইন অবশ্যই সব পক্ষের স্বার্থ সুরক্ষা করে প্রণয়ন করতে হবে।শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, জাতীয় পর্যায়ে ভিটামিন ‘এ’ ঘাটতিজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ভোজ্যতেলে ভিটামিন ‘এ’ মেশানো বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার।সভায় খসড়া আইনের বিভিন্ন দিক উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক রিদওয়ানুল হক। অন্যান্যের মধ্যে শিল্পসচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ্, জিএআইএন বাংলাদেশের এদেশীয় পরিচালক বসন্ত কুমার কর, ভোজ্যতেল পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলোর সমিতির সভাপতি ফজলুর রহমান, বিভিন্ন পরিশোধনকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন।