ভোজ্যতেলের আমদানি কমিয়ে উৎপাদন বাড়ান: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
ছবি: বাসস

ভোজ্যতেলের আমদানি কমিয়ে উৎপাদন বাড়ানোর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উৎপাদন বাড়াতে সরকারের পক্ষ থেকে যা করণীয়, তাই করা হবে বলে জানান তিনি।

আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী আরও বলেন, ভোজ্যতেলের আমদানি কমাতে হলে সয়াবিন ও সূর্যমুখীর চাষ আরও বাড়াতে হবে। বিশেষ করে ফেনী ও নোয়াখালী অঞ্চলে সয়াবিন ও সূর্যমুখীর চাষ বাড়ানোর নির্দেশ দেন তিনি।

একনেক বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে সাংবাদিকদের এসব কথা জানান। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কেন্দ্রে আয়োজিত সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম, পরিকল্পনা বিভাগের সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তীসহ অন্যরা। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একনেক সভায় যোগ দেন।
সাম্প্রতিক সময়ে ভোজ্যতেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ে আজকের একনেক সভায় আলোচনা হয়েছে। তখন প্রধানমন্ত্রী বলেন, ভোজ্যতেলের সংকট কমাতে হলে দেশে উৎপাদন বাড়ানোর বিকল্প নেই।

পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম বলেন, ফেনী ও নোয়াখালী অঞ্চলে বাদাম ভালো হয়। সেখানে তেলবীজ উৎপাদনের কথা বলেছেন প্রধানমন্ত্রী। ভোজ্যতেলের আমদানি কমাতে সয়াবিন, সরিষার উৎপাদন বাড়াতে হবে। প্রয়োজনে এ বিষয়ে গবেষণার কথাও বলেছেন প্রধানমন্ত্রী। ৪৩৯ কোটি টাকা ব্যয়সংবলিত বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে বীজ বর্ধন খামার স্থাপন প্রকল্প অনুমোদনের সময় প্রধানমন্ত্রী এসব নির্দেশ দেন।
সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী বলেন, সরকারের নেওয়া নানা পদক্ষেপের কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমতে শুরু করেছে। এ জন্য একনেক সভার শুরুতে সবাই সন্তোষ প্রকাশ করেন।

এ সময় এক সাংবাদিক পরিকল্পনামন্ত্রীর কাছে জানতে চান, ‘আপনারা সন্তোষ প্রকাশ করছেন, কিন্তু বাজারে নিত্যপ্রয়োজনীয় ঊর্ধ্বগতির বিষয়ে বিভিন্ন গবেষণা সংস্থা উদ্বেগ প্রকাশ করেছে।’ তখন পরিকল্পনামন্ত্রী বলেন, ‘এ দেশে সবাই মুনি। যত মত তত পথ। আমরাও মুনি। বিভিন্ন গবেষণা সংস্থা যে যার জায়গা থেকে দ্রব্যমূল্য নিয়ে কথা বলছে। তাদের সে অধিকার আছে। তাদের সে স্বাধীনতাও আছে। আমরা তাদের মতপ্রকাশে বাধা দিচ্ছি না। কিন্তু আমাদের পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) আছে। আমরা দায়িত্ব নিয়ে বলছি, দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় অবস্থার দিকে যাচ্ছে। এ বিষয়ে আমরা সঠিক পথেই আছি।’

এ সময় প্রতিমন্ত্রী শামসুল আলম বলেন, ‘শ্রীলঙ্কায় এখন মূল্যস্ফীতির হার ১৫ শতাংশ। পাকিস্তানে ১২ শতাংশ, ব্রাজিলে ১০ শতাংশ, ভেনেজুয়েলায় ৩৪০ শতাংশ এবং তুরস্কের মতো দেশে ৫৪ শতাংশ। সেখানে বাংলাদেশে এখন মূল্যস্ফীতির হার ৬ শতাংশের কিছু বেশি। এতে বোঝা যায়, আমাদের মূল্যস্ফীতির হার অন্য দেশের তুলনায় সহনীয় অবস্থায় আছে।’

পরিকল্পনা প্রতিমন্ত্রী আরও বলেন, ‘সরকারি সংস্থা টিসিবির ট্রাকের সামনে আগেও লাইন থাকত। এখনো আছে। তবে পার্থক্য হলো, এবার সংখ্যাটা কিছু বেড়েছে। কিন্তু টিসিবির ট্রাকের সামনে লাইনে দাঁড়ানো নিয়ে কয়েকটি গণমাধ্যম নতুন বাসন্তী খোঁজার চেষ্টা করছে। কিন্তু সরকার যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছে, সে বিষয়ে কিছু লিখছে না।’

পরিকল্পনামন্ত্রী বলেন, একনেক সভায় ১৫ হাজার ৭৪৪ কোটি টাকা ব্যয়ে মোট ১২টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারি কোষাগার থেকে খরচ হবে ১১ হাজার ৬৭৪ কোটি টাকা। বাকি টাকা উন্নয়ন সহযোগীদের কাছ থেকে ঋণ হিসেবে পাওয়া যাবে।