ভোজ্যতেলের দর বেঁধে দিতে পারেনি মন্ত্রণালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোজ্যতেলের উৎপাদন, বিপণন ও মূল্য-পরিস্থিতি পর্যালোচনা করতে ব্যবসায়ীদের সঙ্গে গতকাল বৈঠকে বসেছিল বাণিজ্য মন্ত্রণালয়। পরিস্থিতি পর্যালোচনা হলেও সরকারের পক্ষ থেকে দামদর বেঁধে দেওয়া সম্ভব হয়নি।বৈঠক শেষে বাণিজ্যসচিব গোলাম হোসেন বলেন, ‘যে সূত্রের ওপর ভিত্তি করে দর পুনর্নির্ধারণ করা হয়, তাতে কিছু সমস্যা দেখা দিয়েছে। ট্যারিফ কমিশনের চেয়ারম্যানকে প্রধান করে গত মাসে যে কমিটি করা হয়েছিল, সেই কমিটি রোববারের মধ্যে একটি উপায় বের করবে। তারপর তা জানানো হবে।’ নয় সদস্যের কমিটিতে তিনজনই ব্যবসায়ী প্রতিনিধি বলে জানান বাণিজ্যসচিব। বাণিজ্যমন্ত্রী মুহাম্মদ ফারুক খানের সভাপতিত্ব বৈঠকে ব্যবসায়ীদের দিক থেকে চাওয়া ছিল তৃতীয়বারের মতো ভোজ্যতেলের দর পুনর্নির্ধারণ করা। এর আগে দুবার ভোজ্যতেলের দর বাড়ানো হয়েছে ৭ ডিসেম্বর ও ২৩ ডিসেম্বর। তবে বাজারে নির্ধারিত দরের চেয়ে ১০ থেকে ১২ টাকা বেশি দামে ভোজ্যতেল বিক্রি হচ্ছে। সরকারের সঙ্গে ভোজ্যতেল পরিশোধন কারখানার মালিকদের যৌথ বৈঠকে যে দর নির্ধারণ করা হয়েছিল, তা মানা হচ্ছে না। নির্ধারিত দর অনুযায়ী বাজারে খোলা সয়াবিন প্রতি লিটার ৯০ টাকা আর পাম তেল ৮৬ টাকা দরে বিক্রি হওয়ার কথা। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) বলছে, গতকাল বুধবার খোলা সয়াবিন বিক্রি হয়েছে ১০১ থেকে ১০৩ টাকা আর পাম তেল বিক্রি হয়েছে ৯০ থেকে ৯২ টাকা লিটার দরে। গতকাল আড়াই ঘণ্টার বৈঠক শেষে সন্ধ্যায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাণিজ্যসচিব গোলাম হোসেন এবং বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি এ কে আজাদ বক্তব্য দেন। এর আগেই বৈঠক ত্যাগ করেন বাণিজ্যমন্ত্রী। ভোজ্যতেল পরিশোধন কারখানার মালিক সমিতির সভাপতি এম এ রউফ চৌধুরীকে সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার অনুরোধ জানানো হলেও তিনি অসম্মতি জানান। তবে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল ও সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।সংবাদ সম্মেলনে বাণিজ্যসচিব গোলাম হোসেন বলেন, ‘নানা কারণে বাজারে ভোজ্যতেলের দর কিছুটা হলেও বাড়তি; যে হারে বেড়েছে তা উচিত ছিল না। আমাদের পাওয়া তথ্য ও গোয়েন্দা প্রতিবেদন মিলিয়ে দেখা গেছে, মিলগেটে দর অনেকটা মানা হয়েছে। খুচরা বাজারে তেমন একটা মানা হয়নি।’বাণিজ্যসচিব বলেন, দর বেঁধে দেওয়া হলেও ভোক্তারা এর প্রকৃত সুবিধা না পাওয়ার অন্যতম কারণ এখনো সরবরাহ আদেশ (ডিও) প্রথাটা রয়ে গেছে। মধ্যস্বত্বভোগীরা এখনো ডিওর সুযোগ নিয়ে দাম বাড়াচ্ছে। পরিবেশক প্রথায় যেতে আরও কিছুদিন সময় লাগবে বলে উল্লেখ করেন তিনি। গোলাম হোসেন বলেন, এরই মধ্যে ভোজ্যতেলের আমদানি পর্যায়ে ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক) প্রত্যাহার করতে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) অনুরোধ করা হয়েছে, যাতে ভোক্তাদের ওপর চাপ কমে আসে। এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ বলেন, দীর্ঘদিন ধরেই ব্যবসায়ীদের সঙ্গে সরকারের বৈঠক হচ্ছে। কিন্তু বাস্তবে সহনশীল দ্রব্যমূল্যের প্রতিফলন দেখা যাচ্ছে না বাজারে। এতে বরং ব্যবসায়ীদের সঙ্গে সরকারের দূরত্ব তৈরি হচ্ছে। ভুল বোঝাবুঝি হচ্ছে। এ অবস্থার প্রতিকার দরকার।