ভোজ্যতেলের বেঁধে দেওয়া দর আংশিক মানা হয়েছে
সরকারের বেঁধে দেওয়া ভোজ্যতেলের দর বাজারে আংশিক অনুসরণ করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যসচিব গোলাম হোসেন। আগামী বুধবার নতুন দর বেঁধে দেওয়ার কথাও জানান তিনি। দুই সপ্তাহ আগে ঢাকা ও চট্টগ্রামকে দুই ভাগ করে সয়াবিন তেলের দর নির্ধারণ করে দিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়। সে অনুযায়ী ঢাকায় প্রতি লিটার খোলা সয়াবিন তেলের সর্বোচ্চ খুচরা দর ৮৬ টাকা ও চট্টগ্রামে ৮৪ টাকা হওয়ার কথা। আর বোতলজাত তেলের মূল্য খোলা তেলের তুলনায় সর্বোচ্চ ১৫ শতাংশ বেশি হবে বলেও সীমা টেনে দেওয়া হয়। গতকাল সোমবার সচিবালয়ে ভোজ্যতেলের দর পুনর্নির্ধারণের বিষয়ে পরিশোধন কারখানা মালিকদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে বাণিজ্যসচিব জানান, এফবিসিসিআই ও টিসিবি থেকে পাওয়া তথ্য অনুযায়ী দেখা গেছে যে খোলা তেলের ক্ষেত্রে গত ১৫ দিন ব্যবসায়ীরা প্রতিশ্রুতি রাখেননি। তবে বোতলজাত তেলের ক্ষেত্রে প্রতিশ্রুতি মোটামুটি পালিত হয়েছে। যদিও তা লিটারে এখনো দুই টাকা বেশি। সংবাদ সম্মেলনে অতিরিক্ত বাণিজ্যসচিব মর্তুজা রেজা চৌধুরী, টিসিবির চেয়ারম্যান মো. খলিলুর রহমান, প্রধান আমদানি-রপ্তানি নিয়ন্ত্রক এম এ সবুর প্রমুখ উপস্থিত ছিলেন।আর বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে মেঘনা, এস আলম, নূরজাহান ও সিটি গ্রুপ; এবং ইলিয়াস ব্রাদার্স, বাংলাদেশ এডিবল অয়েল, মেরিন ভেজিটেবল অয়েল, মাল্টি অয়েল রিফাইনারি, এস এ অয়েল রিফাইনারি, মোস্তফা ভেজিটেবল অয়েল ও রুবাইয়া ভেজিটেবল অয়েলের প্রতিনিধিদের সঙ্গে।বৈঠকে ভোজ্যতেলের দর পুনর্নির্ধারণের কথা থাকলেও একটি বিষয়ে একমত হতে না পারায় তা সম্ভব হয়নি বলে সাংবাদিকদের জানান বাণিজ্যসচিব। আর সেটি হচ্ছে চট্টগ্রাম বন্ডে কোন্ প্রতিষ্ঠানের পণ্য কত দিন ধরে অবস্থান করছে। বাণিজ্যসচিব বলেন, কেউ বলেছেন এক মাস আগে বন্ডে ঢোকানো হয়েছে, কেউ বা বলেছেন তিন মাস। দুই মাসও বলেছেন অনেকে।জানা গেছে, এ বিষয়টি নিয়ে গতকাল সন্ধ্যায় ভোজ্যতেল পরিশোধন কারখানার মালিকদের সঙ্গে একটি আলাদা বৈঠক করেছে বাংলাদেশ ট্যারিফ কমিশন। বাণিজ্যসচিব জানান, বন্ডে তেল অবস্থানের বিষয়টি ফয়সালা করে আগামী বুধবার ব্যবসায়ীদের সঙ্গে বসে ভোজ্যতেলের মূল্য পুনর্নির্ধারণ করা হবে।মূল্য পরিস্থিতি তদারক করতে ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মজিবুর রহমানের নেতৃত্বে সাত সদস্যের একটি কমিটিও কাজ করছে। বাণিজ্যমন্ত্রীর আগের দফার বক্তব্য অনুযায়ী এ কমিটি মাসে একবার ভোজ্যতেলের সমিতির সঙ্গে বসে তেলের মূল্য নির্ধারণ করবে। বাণিজ্যসচিব জানান, ৫ ডিসেম্বর নির্ধারণ করে দেওয়ার পর ১৫ দিনের ব্যবধানে বাজারে বোতলজাত তেলের দর যেখানে এসে নেমেছে, আমরা ধরে নিতে পারি যে ব্যবসায়ীরা তা মোটামুটি পালন করেছেন। তবে এটা ঠিক খোলা তেলের ক্ষেত্রে তা পালিত হয়নি। খোলা সয়াবিন তেল ৫ ডিসেম্বর ৯০ থেকে ৯৩ টাকা, ১০ ডিসেম্বর ৮৮ থেকে ৯০ টাকা এবং ১৩ ডিসেম্বর ৮৮ থেকে ৯২ টাকা দরে বিক্রি হয়ে গতকাল পর্যন্ত এ দরই স্থিতিশীল রয়েছে বলে জানান বাণিজ্যসচিব।গোলাম হোসেন বলেন, কয়েক মাসের দর বিশ্লেষণ করে নতুন দর ঠিক করতে হবে। আর এটাও ঠিক যে দর বাড়ানো-কমানোর মালিক সরকার নয়। আন্তর্জাতিক বাজারে দর বাড়লে দেশীয় বাজারে বাড়াটা অস্বাভাবিক নয়। তবে ব্যবসায়ীদের অতি মুনাফার প্রবণতা প্রতিরোধ করবে সরকার।