দেশের ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) ২০১২-১৪ দ্বিবার্ষিক মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচন গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর মতিঝিলে ফেডারেশন ভবনে অনুষ্ঠিত নির্বাচনে ৯১ শতাংশ ভোটার ভোট দিয়েছেন। নির্বাচনে ভোটার সংখ্যা দুই হাজার একজন।নির্বাচন বোর্ড সন্ধ্যায় জানায়, চেম্বার গ্রুপের ৩৯০ জন ভোটারের মধ্যে ৩৮৩ জন আর অ্যাসোসিয়েশন গ্রুপের এক হাজার ৬১১ জনের মধ্যে এক হাজার ৪৩৯ জন ভোট দিয়েছেন।এবারের নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা করছে কাজী আকরাম উদ্দিন আহ্মদের প্যানেল ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আনিসুল হক সমর্থিত গণতান্ত্রিক পরিষদের প্যানেল। এর বাইরে ব্যবসায়ী ঐক্য ফোরাম নামে তিনজন প্রার্থীর একটি স্বতন্ত্র প্যানেলের নেতৃত্ব দেন আলী জামান। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬৩ জন প্রার্থী। এর মধ্যে চেম্বার গ্রুপে ৩০ ও অ্যাসোসিয়েশন গ্রুপে ৩৩ জন। ২৬ নভেম্বর সভাপতি, প্রথম সহসভাপতি ও সহসভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। চূড়ান্ত ফল ঘোষিত হবে ২৯ নভেম্বর।এ বছর পরিচালনা পরিষদের সদস্য হবেন ৪৮ জন। এর মধ্যে চেম্বার গ্রুপ ও অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে ১৫ জন করে ৩০ জন সরাসরি ভোটে নির্বাচিত হবেন। আর সরকার নির্ধারিত ব্যবসায়ী সংগঠন থেকে পরিচালক হবেন ১৮ (চেম্বার ও অ্যাসোসিয়েশন থেকে নয়জন করে) জন। আকরাম পরিষদের ১১ জন চেম্বার নেতা নির্বাচিতএফবিসিসিআইয়ের নির্বাচনে চেম্বার গ্রুপে কাজী আকরাম উদ্দিন পরিষদের ১১ জন এবং আনিসুল হকের গণতান্ত্রিক ঐক্য পরিষদের চারজন নির্বাচিত হয়েছেন। নির্বাচিত ব্যক্তিরা হলেন: আমিনুল হক(২৬২ ভোট), রেজাউল করিম (২৪৯), বজলুর রহমান (২৪০), মনোয়ারা হাকিম আলী (২৩৯), আনোয়ার সাদাদ (২১৭), মমতাজ উদ্দিন (২১৩), গোলাম মোস্তফা তালুকদার (২৩২), কোহিনুর ইসলাম (২১০), প্রবীর কুমার সাহা (২০৯), এ কে এম সাহিদ রেজা (২০৮). আবদুল ওয়াহেদ (২০১), জালাল উদ্দিন আহমেদ (১৯৭), তোবারাকুল মোসাদ্দেক হোসেন (১৯৭), মো. সিরাজুল হক (১৮৮) ও বিজয় কুমার কেজরিওয়াল (১৮৫)।এর মধ্যে আনোয়ার সাদাদ, গোলাম মোস্তফা তালুকদার, কোহিনুর ইসলাম ও তোবারাকুল মোসাদ্দেক হোসেন আনিসুল হক পরিষদের। গতকাল রাত সাড়ে ১০টায় চেম্বার গ্রুপে ফলাফল জানা যায়। এই গ্রুপে প্রদত্ত ভোটের সংখ্যা ২৮৩।বিলম্বে শুরু ভোটদান: সকাল নয়টায় ভোট গ্রহণের ঠিক আগ মুহূর্তে এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি সালমান এফ রহমান, বর্তমান সভাপতি এ কে আজাদ, সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী, সভাপতি পদপ্রার্থী কাজী আকরাম উদ্দিন আহ্মদ, পরিচালক কে এম আকতারুজ্জামান, মীর নিজামউদ্দিনসহ কয়েকজনকে নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করেন। গণতান্ত্রিক পরিষদের চেম্বার গ্রুপের প্যানেল নেতা দেওয়ান সুলতান আহমেদ, অ্যাসোসিয়েশন গ্রুপের প্যানেল নেতা আবু আলম চৌধুরী, আবদুল হক, ওবায়দুর রহমানসহ কয়েকজনও সেখানে যান।নির্বাচন বোর্ড শুক্রবারই জানিয়ে দিয়েছিল যে, নির্বাচনের দিন ভোটকেন্দ্রে প্রতিটি প্যানেলের তিনজন করে প্রতিনিধি উপস্থিত থাকতে পারবেন। কিন্তু গতকাল সকালে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে এটা নিয়েই আপত্তি তোলেন সালমান এফ রহমান। নির্বাচন বোর্ডের চেয়ারম্যানের উদ্দেশে তিনি ভোটকেন্দ্রে নয়জন করে প্রতিনিধি রাখার দাবি করেন। তাঁর দাবি অনুযায়ী, নির্বাচনী বোর্ড তাঁকে কয়েকটি ব্যালট বাক্সও খুলে দেখায়।এ সময় গণতান্ত্রিক পরিষদের প্রার্থীরাও হট্টগোল করেন। তাঁরা নির্বাচন বোর্ডের উদ্দেশে প্রতিপক্ষ প্যানেলের সব দাবি মেনে নেওয়ার অভিযোগ আনেন। একপর্যায়ে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান সাংসদ মো. আলী আশরাফ ক্ষিপ্ত হয়ে বলেন, ‘নির্বাচনী আইন অনুযায়ী আমি নির্বাচন পরিচালনা করব। আপনাদের কথায় নয়।’ পরে অবশ্য দুই প্যানেলেরই নয়জন করে প্রতিনিধি ভোটকেন্দ্রে থাকতে দেওয়া হয়।পরে এ কে আজাদ সাংবাদিকদের বলেন, ‘নির্বাচন সুষ্ঠু হচ্ছে। সকালে সবাই এসেছিলেন। একটু উত্তেজনা হয়েছিল। কিন্তু পরে তা ঠিক হয়ে গেছে।’এই বাদানুবাদের কারণে ২৬ মিনিট পর নির্বাচন শুরু হয়। সে কারণে ভোট গ্রহণের সময়ও প্রায় এক ঘণ্টা বাড়ানো হয়। ভোট নেওয়া হয় বিকেল পাঁচটা ২০ মিনিট পর্যন্ত। ভোট গ্রহণ শেষ হওয়ার কথা ছিল সাড়ে চারটায়।ভোট গ্রহণ শেষ হওয়ার পর নির্বাচন বোর্ডের চেয়ারম্যান আলী আশরাফ প্রথম আলোকে বলেন, ‘নির্বাচন শতভাগ সুষ্ঠু হয়েছে। সবার সহযোগিতা পেয়েছি।