ভোটার প্রভাবিত করতে ৯ কোটি টাকায় ফ্লোর কেনার উদ্যোগ!
বাংলাদেশ নিটওয়্যার পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) কার্যকরী কমিটির নির্বাচনের মাত্র দুই সপ্তাহ আগে নয় কোটি টাকা ব্যয়ে ঢাকায় একটি ভবনের ফ্লোর কেনার উদ্যোগ নিয়ে প্রশ্ন উঠেছে। অনেকেই একে ভোটারদের প্রভাবিত করার এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের শামিল বলে অভিযোগ করেছেন।অথচ ২০০৬ সালে বিগত কমিটি নগদ সহায়তার অর্থ ছাড়ের বিষয়ে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করলে নির্বাচন পরিচালনা কমিটি নির্বাচন প্রভাবিত হওয়ার আশঙ্কায় তা বন্ধ করে দিয়েছিল।জানা গেছে, বিকেএমইএর প্রতিষ্ঠার পর নিজস্ব তহবিল থেকে একত্রে এত বিপুল পরিমাণ অর্থ খরচ করার পরিকল্পনা এটাই প্রথম। আর এই অর্থ ব্যয়ে ছয় হাজার ৫৮০ বর্গফুট আয়তনের ফ্লোর কেনার জন্য কোনো দরপত্রও আহ্বান করা হয়নি। বরং আগামী ১ সেপ্টেম্বর অতিরিক্ত সাধারণ সভা (ইজিএম) আহ্বান করে অর্থ ছাড়ের অনুমোদন গ্রহণের পরিকল্পনা করা হয়েছে।ঢাকার বাংলামোটরে অবস্থিত প্ল্যানার্স টাওয়ারের চতুর্থ তলায় এই ফ্লোর কেনা হচ্ছে। এ বিষয়ে সদস্যদের কাছে ইজিএমের নোটিশ দেওয়া হলেও তাতে অর্থের পরিমাণ উল্লেখ করা হয়নি। এতে বিকেএমইএর সাধারণ সদস্যদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বর্তমানে প্ল্যানার্স টাওয়ারের ১৩ তলায় বিকেএমইএর ঢাকা কার্যালয় রয়েছে। সেখান থেকে ঢাকায় বিকেএমইএর সদস্যরা সুযোগ-সুবিধা পেয়ে থাকেন। তবে হঠাৎ করেই বিকেএমইএর বর্তমান কমিটি একই ভবনের চতুর্থ তলায় ছয় হাজার ৫৮০ বর্গফুটের এই ফ্লোর কেনার জন্য তৎপর হয়ে ওঠে। প্রতি বর্গফুট ১৩ হাজার টাকা দরে এ জন্য প্রায় নয় কোটি টাকা ব্যয় হবে বলে জানা গেছে। এরপর ১৩ তলার অফিস চতুর্থ তলায় স্থানান্তরেও অন্তত দুই কোটি টাকা ব্যয় হবে। খোঁজ নিয়ে জানা গেছে, বছর খানেক আগে প্ল্যানার্স টাওয়ার কর্তৃপক্ষ তাদের ১৩ তলার বিকেএমইএর ভবনটি প্রতি বর্গফুট ছয় হাজার টাকায় বিক্রির প্রস্তাব দিলেও বর্তমান কমিটি তাতে সাড়া দেয়নি। এরপর বিএনপি-জামায়াত জোট সরকারের সাবেক প্রতিমন্ত্রী শাহজাহান ওমর প্ল্যানার্স টাওয়ারের কাছ থেকে চতুর্থ তলার ফ্লোরটি কিনে নেন। এখন সেই একই ফ্লোর দ্বিগুণের বেশি দাম দিয়ে ক্রয় করতে যাচ্ছে বিকেএমইএ। এতে প্রতি বর্গফুটের জন্য বিকেএমইএর তহবিল থেকে ১০ হাজার টাকা এবং বাকি তিন হাজার টাকা বর্তমান কমিটির অনুদান হিসেবে দেখানোর চেষ্টা চলছে।গত রাতে টেলিফোনে যোগাযোগ করা হলে শাহজাহান ওমর বিকেএমইএর কাছে ফ্লোর বিক্রির বিষয়টি স্বীকার করেন। ১ সেপ্টেম্বরের ইজিএমের জন্য বিকেএমইএর বর্তমান সভাপতি সেলিম ওসমান ৮ আগস্ট সদস্যদের কাছে একটি চিঠি দিয়েছেন। তাতে সভা শেষে নৈশভোজের আয়োজনের কথা উল্লেখ রয়েছে। আবার একই বিষয়ে ৮ আগস্ট বিকেএমইএর সচিব সুলভ চৌধুরী সদস্যদের আলাদাভাবে চিঠি দিয়েছেন।একাধিক সদস্য এতে বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁরা বলছেন, বিকেএমইএ নির্বাচনী আচরণবিধি অনুযায়ী কোনো প্রার্থী একক অথবা দলবদ্ধভাবে কোনো হোটেল, রেস্তোরাঁ বা কমিউনিটি সেন্টারে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্বাচনী ও পরিচিতি সভা অনুষ্ঠান, ভোটারদের আপ্যায়নের আয়োজন এবং তাতে অংশ গ্রহণ করতে পারবে না।যোগাযোগ করা হলে বিকেএমইএর বর্তমান সভাপতি সেলিম ওসমান প্রথম আলোকে বলেন, ‘নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন নয়, বিধি মোতাবেক ইজিএম ডাকা হয়েছে। ইজিএমে শুধু ঢাকা অফিসের জন্য ফ্লোর কেনার বিষয়টি নিয়ে আলোচনা করা হবে।আরও অভিযোগ: এদিকে কার্যকরী কমিটির নির্বাচনে বাণিজ্য মন্ত্রণালয়ের ২০০২ সালের ৩১ জুলাই জারি করা বিধিমালা অনুযায়ী নির্ধারিত সময়ে হচ্ছে না বলেও অভিযোগ উঠেছে। বাণিজ্য সংগঠন নির্বাচন বিধিমালার ১(৪) ধারা অনুযায়ী যেকোনো কার্যকরী কমিটির মেয়াদ পূর্ণ হওয়ার অন্তত ১৫ দিন আগে নির্বাচন সম্পন্ন করার বিধান রয়েছে। বিকেএমইএর বর্তমান কমিটির মেয়াদ পূর্ণ হবে আগামী ২০ সেপ্টেম্বর। বিকেএমইএর কার্যকরী কমিটির ২৭ পরিচালক পদে নির্বাচনে ভোটগ্রহণ ১৫ সেপ্টেম্বর। নির্বাচিত ২৭ পরিচালক সভাপতি ও সহসভাপতি নির্বাচন করবেন ১৮ সেপ্টেম্বর।যোগাযোগ করা হলে বাণিজ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট একজন কর্মকর্তাও এটি যে বিধিমালার লঙ্ঘন তা স্বীকার করেন। আবার গত রোববার প্রথম আলোয় সংবাদ প্রকাশিত হওয়ার পর থেকে নির্বাচনী বোর্ড আচরণবিধি প্রার্থীদের দেওয়া শুরু করেছে। চার পৃষ্ঠার আচরণবিধি গত ২৭ জুনের তারিখের হলেও এত দিন তা প্রার্থীদের দেওয়া হয়নি। আবার আচরণবিধিতে নির্বাচন পরিচালনা বোর্ডের কারও কোনো স্বাক্ষর নেই।এ ছাড়া ২৫ আগস্ট প্রণীত প্রার্থী তালিকায় পরিচালনা বোর্ডের দুই সদস্য প্রবীর কুমার সাহা ও মো. সোলায়মানের স্বাক্ষর থাকলেও তাঁদের কেইউ ২৫ আগস্ট বাংলাদেশে ছিলেন না। এসব বিষয়ে যোগাযোগ করা হলে বিকেএমইএর নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান মুহাম্মদ আইউব জানান, ‘নির্বাচনী তফসিল অনুযায়ী প্রার্থী তালিকা ২৫ আগস্ট প্রকাশ করা হলেও তা যাচাই-বাছাই শেষ হয়েছে আরও কয়েক দিন আগেই। ২৫ আগস্ট বোর্ডের দুই সদস্য দেশে না থাকলেও তাঁরা যাওয়ার আগেই যাচাই-বাছাই সম্পন্ন করে গেছেন। আর নির্বাচনী আচরণবিধিতে নির্বাচন পরিচালনা বোর্ডের কারও স্বাক্ষরের প্রয়োজন পড়ে না।’