নিট পোশাক উৎপাদক ও রপ্তানিকারক সমিতি বিকেএমইএর নেতৃত্ব কুক্ষিগত করে রাখতে নানা তৎপরতায় নেমেছে নারায়ণগঞ্জের একটি প্রভাবশালী রাজনৈতিক পরিবার। প্রথম দফায় পরাজয়ের আশঙ্কায় নির্বাচন দুই মাস পেছানো হয়েছিল। আর নতুনভাবে আগামী ১৪ সেপ্টেম্বর ঘোষিত নির্বাচনে ঢাকার ভোটকেন্দ্রটি তুলে দেওয়া হয়েছে।সূত্রগুলো বলছে, বর্তমান বিকেএমইএ নেতৃত্ব ঢাকার ভোটারদের নারায়ণগঞ্জ নিয়ে গিয়ে ভীতি তৈরি করে ভোটকে প্রভাবিত করতে চায়। যে কারণে বহু বছর ধরে ঢাকায় ভোটকেন্দ্র চালু থাকলেও এবার তা তুলে দেওয়া হয়েছে।এ নিয়ে ঢাকা এলাকার ভোটাররা গতকাল সোমবার বিকেএমইএ নির্বাচন বোর্ডের চেয়ারম্যানের কাছে ঢাকায় ভোটকেন্দ্র স্থাপনের দাবি জানিয়েছেন। এর অনুলিপি দেওয়া হয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠনসংক্রান্ত পরিচালকের কাছে।জানা গেছে, বিকেএমইএ নির্বাচনে সব সময় ঢাকা ও এর আশপাশের ভোটারদের জন্য ঢাকায় ভোটকেন্দ্র থাকে। কিন্তু আসন্ন নির্বাচনে ঢাকায় ভোটকেন্দ্র না রাখায় ঢাকা ও পার্শ্ববর্তী গাজীপুর, টঙ্গী, সাভার, মির্জাপুর, ভালুকা এলাকার ২২৬ জন ভোটার দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। তাঁদের মধ্যে শতাধিক পোশাকশিল্প মালিক ভোটারই হননি। প্রথম আলোর সঙ্গে আলাপকালে কয়েকজন শিল্প মালিক বলেন, এটা পরিষ্কার, কেন ঢাকার ভোটকেন্দ্রটি তুলে দেওয়া হয়েছে। সে কারণে ভোটার হননি তাঁরা। অনেক ভোটারের ধারণা, ভোটাধিকার প্রয়োগে নানাভাবে হয়রানি করার অসৎ উদ্দেশ্যেই দূরবর্তী স্থানে ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। নির্বাচন বোর্ডের কাছে গতকাল সোমবার ৪৭ জন ভোটার ঢাকা কেন্দ্র রাখতে লিখিতভাবে আবেদন জানিয়েছেন। আবেদনে তাঁরা বলেন, এবার ঢাকার ভোটকেন্দ্র না রাখায় এসব এলাকার ২০০ ভোটারকে দীর্ঘপথে যানজট অতিক্রম ও মূল্যবান সময় ব্যয় করে নারায়ণগঞ্জে যেতে হবে ভোট দিতে। এতে তাঁরা কোনোভাবেই আগ্রহ দেখাবেন না। তবে যোগাযোগ করা হলে, নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান মুহাম্মদ আইউব বিকেল চারটায় টেলিফোনে জানান, ৪৭টি সদস্য প্রতিষ্ঠানের ভোটারদের আবেদনের কপি এখনো তার হাতে পৌঁছায়নি। আবেদনটি হাতে এলে নির্বাচন পরিচালনা বোর্ডে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত হবে।বিকেএমইএর ২০১২-১৪ সালের পরিচালনা পর্ষদের নির্বাচনে চূড়ান্ত ভোটার তালিকা অনুসারে এবার ভোটার ৬২৫ জন। এর আগে ৭ জুলাই বিকেএমইএর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বর্তমান সভাপতি সেলিম ওসমানের নেতৃত্বে বর্তমান কমিটি ভোটার তালিকা প্রণয়ন করে। কিন্তু, সেলিম ওসমানই আবার ভোটার তালিকায় ত্রুটি থাকার কথা উল্ল্লেখ করে নির্বাচন দুই মাস পেছানোর জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন জানান। মন্ত্রণালয় তা গ্রহণও করে।