ভোটের অধিকার হারালেন বিজিএমইএর ২১৬১ সদস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর ২০১৫-১৬ মেয়াদের নেতৃত্ব নির্বাচনের জন্য ঢাকা ও চট্টগ্রামে ভোটার হয়েছেন দুই হাজার ১৬১ জন সদস্য। ভোট হওয়ার কথা আগামী ৮ সেপ্টেম্বর। তবে শেষ পর্যন্ত সদস্যরা ভোটের মাধ্যমে নেতা নির্বাচনের সুযোগটি পাচ্ছেন না। কারণ, সমঝোতার মাধ্যমে কমিটির করার সব প্রক্রিয়া ইতিমধ্যেই শেষ।
নির্বাচনে দাঁড়াতে আগ্রহী সদস্যদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল গতকাল সোমবার। ৩৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এঁদের মধ্য থেকে এবার প্রাথমিকভাবে পরিচালক নির্বাচিত হবেন ৩৫ জন। পরে তাঁদের ভোটে একজন সভাপতি ও ৭ জন সহসভাপতি হবেন। এর মানে হচ্ছে, পদ সংখ্যার চেয়ে বেশি আছেন মাত্র দুজন প্রার্থী।
জানা গেছে, বিজিএমইএর নেতৃত্ব দিতে প্রত্যাশী দুই প্রতিদ্বন্দ্বী পক্ষ—সম্মিলিত পরিষদ ও ফোরামের নেতারা গত জুন মাসেই সমঝোতার ভিত্তিতে সংগঠনের কমিটি করার বিষয়ে একমত হন। আগামী দুই মেয়াদের জন্য তাঁদের এই সমঝোতা। উভয় পক্ষের নেতাদের দাবি, বর্তমান ও আগামী দিনের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় বিজিএমইএর সচিবালয় ও বোর্ডকে শক্তিশালী করা দরকার। সে জন্যই যোগ্য ব্যক্তিদের নিয়ে আসতে এ ধরনের একটি উদ্যোগ দরকার।
সমঝোতা অনুযায়ী, ২০১৫-১৬ মেয়াদে বিজিএমইএর নেতৃত্ব দেওয়ার জন্য সম্মিলিত পরিষদ সভাপতি, ৪ সহসভাপতিসহ ১৪ পরিচালক এবং ফোরাম তিন সহসভাপতিসহ ১৩ পরিচালক পদ পাবে। উভয় পক্ষের শীর্ষ নেতারা বাছাই করে দেওয়ার পর প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। অবশ্য শেষ মুহূর্তে দুই পক্ষেরই একজন করে বিদ্রোহী প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।
সম্মিলিত পরিষদ ও ফোরামের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা যায়, ভোটের প্রয়োজন হবে না। পদের চেয়ে যে দুজন প্রার্থী বেশি আছেন তাঁরা মনোনয়নপত্র প্রত্যাহার করবেন। ইতিমধ্যে তাঁদের সঙ্গে সমঝোতা হয়েছে। এমনকি সংগঠনের নতুন সভাপতি ও সহসভাপতি কারা হচ্ছেন সেটিও প্রায় চূড়ান্ত হয়ে গেছে।
সম্মিলিত পরিষদের এক নেতা প্রথম আলোকে জানান, তাঁদের কোটায় সিদ্দিকুর রহমান বিজিএমইএর সভাপতি হতে যাচ্ছেন। আর চট্টগ্রামের মঈনউদ্দিন আহমেদ, ঢাকার ফারুক হাসান, এস এম মান্নান ও মোহাম্মদ নাছির সহসভাপতি হচ্ছেন। অন্যদিকে ফোরামের কোটায় ঢাকার মাহমুদ হাসান খান, ফেরদৌস পারভেজ ও চট্টগ্রামের মো. ফেরদৌস সহসভাপতি হচ্ছেন বলে শোনা যাচ্ছে। অবশ্য ফোরামের নেতা আনোয়ার-উল-আলম চৌধুরী বলেন, তাঁরা তাঁদের কোটায় তিন সহসভাপতির নাম এখনো চূড়ান্ত করেননি।
এদিকে ভোট দিতে না পারায় বিজিএমইএর সাধারণ সদস্যরা খুশি নন। নাম প্রকাশ না করার শর্তে এই প্রতিবেদককে এমনটাই বলেন সংগঠনের একাধিক সাবেক নেতা ও বিজিএমইএর কর্মকর্তা। তাঁদের মধ্যে সাবেক এক সহসভাপতি বলেন, ভোটাধিকার না থাকলে সদস্যদের কাছে সংগঠনের নেতাদের জবাবদিহি ও দায়বদ্ধতার জায়গাটি থাকে না। এমনকি তাঁরা ভুল করলে কৈফিয়তও চাইতে পারেন না ভোটাররা। তাই ভোটাধিকার বঞ্চিত হওয়ায় সাধারণ সদস্যরা খুশি নন।
অবশ্য জানতে চাইলে বিজিএমইএর সাবেক সভাপতি ও সম্মিলিত পরিষদের নেতা আব্দুস সালাম মুর্শেদী বলেন, ‘এটি সত্য যে, নেতাদের জবাবদিহির জায়গাটি ছোট হয়ে আসছে। তবে সংগঠনের সাবেক সভাপতিরা তাঁদের কর্মকাণ্ড নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন। তাই ভোট ছাড়া কেউ নেতা হয়ে যদি মনে করেন তিনি সবকিছুর ঊর্ধ্বে উঠে যাবেন, তেমনটি ভাবার কারণ নেই।’ তিনি বলেন, বিজিএমইএকে শক্তিশালী ও দ্বিতীয় প্রজন্মের ব্যবসায়ীদের এগিয়ে নিতে উদ্যোগটি নেওয়া হয়েছে। তাই সুফল পেতে অপেক্ষা করতে হবে।
বিজিএমইএর আরেক সাবেক সভাপতি ও ফোরামের নেতা আনোয়ার-উল-আলম চৌধুরী বলেন, ‘দেশের সবাই আশা করছে, পোশাকশিল্প দেশের অর্থনীতিকে ধরে রাখবে। ২০২১ সালের মধ্যে পোশাক রপ্তানি পাঁচ হাজার কোটি ডলারে নিয়ে যাবে বিজিএমইএ। সে জন্য সংগঠনকে শক্তিশালী হতে হবে। আর এ ক্ষেত্রে একাত্মতা খুবই গুরুত্বপূর্ণ।’