ভোটের জন্য কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ নিট পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) নির্বাচন কাল শনিবার। সুষ্ঠুভাবে ভোট গ্রহণ, গণনা ও ফলাফল প্রকাশের জন্য কড়া নিরাপত্তাব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে নির্বাচন বোর্ড। মোট ৬৫২ জন ভোটার নারায়ণগঞ্জ ক্লাবে ও ঢাকায় বিকেএমইএ কার্যালয়ে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনে বিকেএমইএ তিন মেয়াদের সাবেক সভাপতি ফজলুল হকের নেতৃত্বাধীন প্যানেল প্রগ্রেসিভ নিট অ্যালায়েন্স এবং বর্তমান সভাপতি সেলিম ওসমানের নেতৃত্বাধীন সম্মিলিত নিট পরিষদ প্রতিদ্বন্দ্বিতা করছে।নির্বাচন পরিচালনা বোর্ডের সদস্য প্রবীর কুমার সাহা প্রথম আলোকে বলেন, ‘নারায়ণগঞ্জ ক্লাবের কমিউনিটি সেন্টার এবং ঢাকার বিকেএমইএ কার্যালয়ে একই সময়ে ভোট গ্রহণ করা হবে। ভোটকেন্দ্রে ভোটার এবং নির্বাচনী কাজে সংশ্ল্লিষ্ট ব্যক্তিরা ছাড়া অন্য কারও প্রবেশাধিকার নেই। ভোটকেন্দ্রে কেউ মোবাইল ফোন নিয়ে ঢুকতে পারবেন না। কেন্দ্রের ভেতরে বুথ (যেখানে গোপন কক্ষে ভোটাররা ব্যালট পেপারে সিল দেবেন) ছাড়া সর্বত্র এবং কেন্দ্রের বাইরে সিঁড়ি ও আশপাশে ভোটার ও প্রার্থীদের কর্মকাণ্ড সিসি ক্যামেরায় পর্যবেক্ষণ করা হবে।’প্রবীর সাহা আরও বলেন, ‘ভোট গ্রহণ শেষে ভোট গণনা কার্যক্রম সিসি ক্যামেরায় ধারণ করা থাকবে। আইনশৃঙ্খলা রক্ষায় র‌্যাব-পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে। দুজন ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক দায়িত্বে থাকবেন। নির্বাচন পর্যবেক্ষণের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থা, প্রতিষ্ঠান ও ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হয়েছে।’ এদিকে র‌্যাব-১১-এর পরিচালক লে. কর্নেল মোস্তফা জানান, বিকেএমইএ নির্বাচন গত বছর অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের মতোই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে র‌্যাব। র‌্যাবের গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে, ভোট গ্রহণের দিন কাউকে বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া হবে না। ভোট গ্রহণ শুরু থেকে ভোট গণনা ও ফলাফল ঘোষণা পর্যন্ত র‌্যাব তৎপর থাকবে।এদিকে র‌্যাব-১১-এর নারায়ণগঞ্জ শহরের ক্যাম্প অধিনায়ক মেজর আবু সাঈদ খান গতকাল বৃহস্পতিবার দুপুরে বিকেএমইএর প্রধান কার্যালয়ে নির্বাচন পরিচালনা বোর্ডের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন। জেলা পুলিশ সুপার শেখ নাজমুল আলম জানান, বিকেএমইএ নির্বাচনে ভোট গ্রহণের দিন নারায়ণগঞ্জ ক্লাবে পুলিশের যথাযথ নিরাপত্তাব্যবস্থা থাকবে। এদিকে গতকাল নির্বাচন বোর্ড ও নির্বাচন আপিল বোর্ডের এক যৌথ সভায় ঢাকার ভোট ঢাকা কেন্দ্রে এবং নারায়ণগঞ্জ কেন্দ্রের ভোট নারায়ণগঞ্জ কেন্দ্রে গণনা এবং চূড়ান্ত ফলাফল নারায়ণগঞ্জ কেন্দ্র থেকে ঘোষণা করার সিদ্ধান্ত হয়।উল্লেখ্য, বর্তমান সভাপতি সেলিম ওসমান ঢাকা কেন্দ্রে গৃহীত ভোট নারায়ণগঞ্জে এনে গণনা করার জন্য গত বুধবার প্রস্তাব দিয়েছিলেন। প্রতিদ্বন্দ্বী দুই প্যানেলের প্রার্থীদের সঙ্গে নির্বাচন বোর্ডের সভায় এ প্রস্তাব দেওয়া হয়। তবে ফজলুল হক প্যানেলের পক্ষ থেকে এর বিরোধিতা করা হয়।প্রতিবাদ: বিকেএমইএর নির্বাচন বোর্ড গতকাল প্রথম আলোর ১৫ পাতায় ‘ঢাকার ব্যালট না.গঞ্জে এনে গুনতে চান সেলিম ওসমান’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মুহাম্মদ আইউবের উদ্ধৃতির প্রতিবাদ জানিয়েছে। প্রতিবাদপত্রে বলা হয়েছে, ‘নির্বাচন বোর্ডের চেয়ারম্যান এ ধরনের কোনো উদ্ধৃতি প্রদান করে নাই।’প্রতিবাদপত্রে আরও বলা হয়, নির্বাচন বোর্ডের পক্ষ থেকেই ফলাফল ঘোষণার সুবিধার্থে উভয় প্যানেলের প্রার্থীদের উপস্থিতিতে এবং নিরাপত্তা পুলিশ ও র‌্যাবের সমন্বয়ে ঢাকার ব্যালট বাক্স সিকিউরেক্সের মাধ্যমে নারায়ণগঞ্জে এনে গোনার প্রস্তাব করা হয়। এ প্রস্তাবে ফজলুল হক প্যানেলের পক্ষ থেকে বিরোধিতা করা হলে নির্বাচন বোর্ড গতকাল এ বিষয়ে সভা আহ্বান করে চূড়ান্ত সিদ্ধান্ত প্রদানের ঘোষণা দেয়।