বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ হারিয়েছেন চেম্বার গ্রুপের ভোটাররা। এই গ্রুপ থেকে যাঁরা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন, তাঁদের ১৬ জন সমঝোতা করে সরে গেছেন। ফলে বাকি ১৮ জনের কোনো প্রতিদ্বন্দ্বী নেই।
ইতিমধ্যে এফবিসিসিআইয়ের নির্বাচনী বোর্ড ১৮ জনকে পরিচালক হিসেবে নির্বাচিত ঘোষণা করেছে। এর ফলে নির্বাচনের আমেজ অনেকটাই কমে গেল। অন্যদিকে সংগঠনটির ৬০টি পরিচালক পদের মধ্যে ৪২টিতেই নেতা নির্বাচনে ভোটারদের কোনো ভূমিকা রইল না।
এ নির্বাচনে সভাপতি পদে সফিউল ইসলাম মহিউদ্দিনেরও কোনো প্রতিদ্বন্দ্বী নেই। আর চেম্বার যাঁরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন, তাঁদের ১৬ জনই সফিউল ইসলামের সম্মিলিত গণতান্ত্রিক পরিষদের প্যানেল থেকে প্রার্থী হয়েছিলেন। এ প্যানেল গঠনে এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি সালমান এফ রহমান, আনিসুল হক, এ কে আজাদ, কাজী আকরাম উদ্দিন আহমদের ভূমিকা ছিল।
জানতে চাইলে এফবিসিসিআইয়ের সভাপতি প্রার্থী ও এখনকার প্রথম সহসভাপতি সফিউল ইসলাম বলেন, প্রার্থী হওয়া ও ভোট দেওয়া গণতান্ত্রিক অধিকার। যাঁরা স্বেচ্ছায় সরে গেছেন, তাঁরাই এর কারণ ভালো বলতে পারবেন। কাউকে জোর করে প্রার্থী হিসেবে রাখা যায় না।
চেম্বার গ্রুপে ভোট না হলেও অ্যাসোসিয়েশন গ্রুপের ১৮টি পরিচালক পদে দুটি প্যানেল নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করছে। অ্যাসোসিয়েশনের ভোটাররা ভাগ্যবান, তাঁরা ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। তাঁদের বাসায় প্রার্থীরা নানা উপহারও পাঠাচ্ছেন।
এফবিসিসিআই হলো পণ্যভিত্তিক ৩৮০টি ব্যবসায়ী সংগঠন এবং ৮১টি চেম্বারের যৌথ সংগঠন। এসব ব্যবসায়ী সংগঠনের মনোনীত সদস্যরা ভোট দিয়ে এফবিসিসিআইয়ের পরিচালক নির্বাচন করেন। অবশ্য ১২টি করে চেম্বার ও অ্যাসোসিয়েশনের একজন করে প্রতিনিধি মনোনীত পরিচালক হন। পরিচালকেরা ভোট দিয়ে সভাপতি ও দুই সহসভাপতি নির্বাচন করেন। চেম্বারে ভোটার সংখ্যা ৪৫৪ জন এবং অ্যাসোসিয়েশনে ভোটার ১ হাজার ৮৮৭ জন।
১৪ মে এফবিসিসিআইয়ের নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে চেম্বারের ১৮টি পদে বৈধ পরিচালক প্রার্থী ছিলেন ৩৪ জন। তাঁদের মধ্যে ১৬ জন মনোনয়ন প্রত্যাহার করেন। সূত্র জানিয়েছে, এ সমঝোতার ক্ষেত্রে কয়েকজন পরিচালক প্রার্থীর বড় ভূমিকা ছিল। জানতেই চাইলে পরিচালক প্রার্থী শেখ ফজলে ফাহিম প্রথম আলোকে বলেন, ‘আমাদের বিপরীতে কোনো প্যানেল ছিল না। প্রার্থীরা এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। আলোচনার মাধ্যমে তাঁরা সরে দাঁড়ান। ভোট না হলেও ভোটারদের সঙ্গে থাকার জন্য আমরা বিভিন্ন এলাকায় যাচ্ছি।’
চেম্বার থেকে যাঁরা পরিচালক হলেন
প্রতিদ্বন্দ্বী না থাকায় চেম্বার থেকে নির্বাচিত পরিচালকেরা হলেন বাগেরহাটের হাসিনা নেওয়াজ, বরিশাল মেট্রোপলিটনের মো. নিজাম উদ্দিন, বগুড়ার মো. মাসুদুর রহমান, ব্রাহ্মণবাড়িয়ার আজিজুল হক, চুয়াডাঙ্গার দিলীপ কুমার আগারওয়ালা, কুমিল্লার মাসুদ পারভেজ খান, ফেনীর এ কে এম শাহেদ রেজা, গাজীপুরের আনোয়ার সাদাত সরকার, জামালপুরের রেজাউল করিম রেজনু, কিশোরগঞ্জের গাজী গোলাম আসরিয়া, মানিকগঞ্জের তাবারাকুল তোসাদ্দেক হোসেন খান, মুন্সিগঞ্জের কহিনুর ইসলাম, নরসিংদীর প্রবীর কুমার সাহা, নোয়াখালীর মো. আতাউর রহমান ভূঁইয়া, রাঙামাটির মো. বজলুর রহমান, সিরাজগঞ্জের মো. রিয়াদ আলী ও সুনামগঞ্জের খায়রুল হুদা।
চেম্বার থেকে মনোনীতরা হলেন বিসিআইয়ের সালাহউদ্দিন আলমগীর, উইমেন চেম্বারের প্রীতি চক্রবর্তী, বরিশাল চেম্বারের সুজিব রঞ্জন দাস, চট্টগ্রাম চেম্বারের মাহবুবুল আলম, চট্টগ্রাম উইমেন চেম্বারের শরিতা মিল্লাত, ঢাকা চেম্বারের এ কে এম আতফাবুল ইসলাম, ঢাকা উইমেন চেম্বারের নাজ ফারহানা আহমেদ, খুলনা চেম্বারের কাজী আমিনুল হক, এমসিসিআইয়ের গোলাম মাইনুদ্দিন, রাজশাহী চেম্বারের মো. মনিরুজ্জামান, রংপুর চেম্বারের মো. মোসাদ্দেক হোসেন ও সিলেট চেম্বারের সালাহ উদ্দিন আলী আহমেদ।
অ্যাসোসিয়েশনের মনোনীত পরিচালক
অ্যাসোসিয়েশনের ১২ জন মনোনীত পরিচালক হলেন বিএবির নজরুল ইসলাম মজুমদার, বায়রার মোহাম্মদ ফারুক, বেসিসের শামীম আহসান, ওষুধ শিল্প সমিতির এস এম শফিউজ্জামান, হিমায়িত খাদ্য সমিতির কাজী বেলায়েত হোসেন, বিজিএমইএর সফিউল ইসলাম মহিউদ্দিন, বিমা সমিতির শেখ কবির হোসেন, জুট মিলস সমিতির মোহাম্মদ শামস-উজ জোহা, বিকেএমইএ এ কে এম সেলিম ওসমান, প্লাস্টিক সমিতির মো. ইউসুফ আশরাফ, বিটিএমএর তপন চৌধুরী ও রিহ্যাবের আলমগীর শামসুল আলামিন।
অ্যাসোসিয়েশনের ৩৬ জন এখনো প্রতিদ্বন্দ্বিতায় আছেন। এর মধ্যে অভিনেত্রী শমী কায়সার ও নির্বাচনী বোর্ডের প্রধান, সাবেক ডেপুটি স্পিকার মো. আলী আশরাফের ছেলে মো. মুনতাকিম আশরাফও রয়েছেন।