ভোলা হবে শিল্পাঞ্চল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলায় গ্যাসের প্রচুর মজুত আছে। আরও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণের কাজ শুরু হচ্ছে। এখানে সমুদ্র ও নদীবন্দর হওয়ারও কথা রয়েছে। সব মিলিয়ে ভোলা আগামী দিনে শিল্পাঞ্চল হয়ে উঠতে পারে।
‘ভোলায় হালকা প্রকৌশল ও অটোমোবাইল শিল্পাঞ্চল’ শীর্ষক এক কর্মশালায় বক্তারা এ কথা বলেছেন। ভোলা জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে গতকাল শনিবার এ কর্মশালার আয়োজন করে বিনিয়োগ বোর্ড।
অনুষ্ঠানের প্রধান অতিথি বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ জানান, ভোলায় আছে এক ট্রিলিয়ন ঘনফুট গ্যাস। এই গ্যাস ব্যবহার করে নির্মিত হয়েছে ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। আরও ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপনের কাজ শুরু হবে। এই জেলায় নদীভাঙন রোধে দুই হাজার কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
পদ্মা সেতু নির্মাণের পর ভোলা-বরিশাল সড়কও নির্মাণ এবং ভোলায় অর্থনৈতিক অঞ্চল নির্মাণের জন্য জমি অধিগ্রহণের প্রক্রিয়া চলছে বলে মন্ত্রী উল্লেখ করেন।
পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম বলেন, ‘ভোলার চরফ্যাশনকে পর্যটন এলাকা হিসেবে গড়ে তুলতে ৫০ কোটি টাকা ব্যয় হচ্ছে। ভোলায় দেশি-বিদেশি পর্যটক ও শিল্পপতিদের দ্রুত চলাচলের জন্য একটি বিমানবন্দর গড়া জরুরি হয়ে পড়েছে।’
বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম বলেন, ‘আমরা বিদেশ থেকে যদি কাপড় আনতে পারি, তাহলে ভোলায় উৎপাদিত কাপড় কেন নিতে পারব না। বস্ত্রশিল্প গড়ে ওঠার ব্যবস্থা করলে আমরাও এগিয়ে আসব।’
নিটল-টাটার চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদ জানান, ‘সরকার অনুমতি দিলে ছয় মাসের মধ্যে তাঁর কোম্পানি ভোলায় হালকা প্রকৌশল ও অটোমোবাইল শিল্প গড়ার কাজ শুরু করবে।’
সভাপতির বক্তব্যে বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান এস এ সামাদ বলেন, ‘ভোলা হবে সিঙ্গাপুরের চেয়েও উন্নত শিল্পনগর। এখানে আছে শিল্প-কলকারখানা গড়ার সব উপাদান।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ এবং দুই সহসভাপতি হেলাল উদ্দিন ও মনোয়ারা হাকিম আলী, জেলা প্রশাসক সেলিম রেজা, বিনিয়োগ বোর্ডের সদস্য নাভাষ চন্দ্র মণ্ডল, দৈনিক সমকাল-এর সম্পাদক গোলাম সারওয়ার, অতিরিক্ত জ্বালানিসচিব নাজিমুদ্দিন চৌধুরী প্রমুখ।