ভোলায় বিনিয়োগে বাধা নদীভাঙন: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘দেশি-বিদেশি বিনিয়োগকারীদের ভোলায় বিনিয়োগ করতে একটি বাধা নদীভাঙন। সেই বাধা খুব শীঘ্রই দূর হবে।’
আজ শনিবার সকাল ১০টায় ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়নে ভোলা শহররক্ষা বাঁধে জিও টেক্সটাইল ব্যাগ ও ব্লক স্থাপন কাজের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, ‘ভোলায় এক ট্রিলিয়ন গ্যাস মজুদ আছে। ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ডিসেম্বরে উৎপাদনে আসবে। একই ক্ষমতাসম্পন্ন আরেকটি কেন্দ্র তৈরির কাজ দ্রুত শুরু হবে। একটি জেলায় যদি জ্বালানি ও বিদ্যুতের ঘাটতি না থাকে, সেখানে যেকোনো শিল্প গড়ে ওঠা সম্ভব।’
ভোলা-১ (ভোলা সদর) আসনের এই সাংসদ বলেন, ‘ভোলার অভ্যন্তরীণ যোগাযোগ–ব্যবস্থা ভালো। যদি ভোলা-বরিশাল সড়ক ও পদ্মা সেতু হয়ে যায়, তবে ভোলার সঙ্গে অন্য সব জেলার নদী ও সড়কপথে যোগাযোগে কোন বাধা নেই। ভোলায় পোর্ট হওয়ার পর্যাপ্ত সম্ভাবনা আছে।’
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘নেদারল্যান্ডসের ওরিও দল ভোলার নদীভাঙন প্রতিরোধে এগিয়ে এসেছে, জাপানের জাইকা এগিয়ে আসছে, বাংলাদেশ সরকারও ভোলার নদীভাঙন প্রতিরোধে আন্তরিক।’
মন্ত্রী বাঁধের কাজের সঙ্গে জড়িত ঠিকাদার ও প্রকৌশলীদের হুঁশিয়ার করে বলেন, ‘দ্রুত কাজ শেষ করতে হবে। চুরি করার জন্য বর্ষার অপেক্ষা করা যাবে না।’