ভোলায় আখের বাম্পার ফলন, দামও ভালো, কৃষকেরা খুশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের দক্ষিণাঞ্চলীয় জেলা ভোলায় এবার আখের বাম্পার ফলন হয়েছে। দামও ভালো। এতে দারুণ খুশি আখচাষিরা।ভোলা শহরের নতুন বাজারে প্রতিদিন বসে আখের পাইকারি বাজার। এখান থেকে পাইকারেরা আখ কিনে ভোলার বাইরের জেলাগুলোতে নিয়ে যান। তেমনি একজন পাইকার মো. তোফাজ্জল হোসেন প্রথম আলোকে জানান, ‘গত বছরের তুলনায় এবার আখের দাম অনেক বেশি। তবে আখের সাইজও ভালো। পাইকারি বাজারে গত বছর যেখানে ৫৫০ থেকে ৮০০ টাকায় কেনাবেচা হয়েছে, সেখানে এবার তা এক হাজার ২০০ থেকে এক হাজার ৬০০ টাকায় উঠেছে।’ভোলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, এবার এ জেলায় প্রায় ৪৫০ হেক্টর জমিতে আখের আবাদ হয়েছে, যা গত বছর ছিল ৪২৭ হেক্টর। এ বছর প্রতি হেক্টরে ৯৫ থেকে ১২০ মেট্রিক টন আখ উৎপাদন হয়েছে। যেটাকে কৃষি বিভাগের কর্মকর্তারা বাম্পার ফলন বলে উল্লেখ করেন। তাঁরা আরও জানান, এ জেলায় সাধারণত ঈশ্বরদী-১৬, ঈশ্বরদী-২১ ও ঈশ্বরদী-২২ জাতের আখের চাষ হয়। সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের সাতাইশ দাগ বাজারের আখচাষি আবুল কাশেম মল্লিক জানান, এবার তিনি ৫৬ শতক জমিতে আখের চাষ করেছেন। নিজে বাজারে গিয়ে খুচরা বিক্রি করায় খরচ বাদে আড়াই লাখ টাকার মতো আয় হয়েছে। তাঁর খরচ হয়েছিল প্রায় ৭০ হাজার টাকা। তবে মশু হাওলাদার, মো. লিটন মাঝি, ধলু জমাদ্দারসহ বেশ কয়েক জন কৃষক জানান, তাঁদের মধ্যে যাঁরা জমিতেই ব্যাপারিদের কাছে আখ বিক্রি করেছেন, তাঁরা দাম অনেক কম পেয়েছেন।এদিকে চাষিরা অভিযোগ করেছেন, আখ চাষের জন্য তাঁদের কৃষি ব্যাংক সঠিক সময়ে প্রয়োজনীয় ঋণ দেয় না। এ ছাড়া মধ্যস্বত্বভোগীদের কারণে অনেক সময়ই তাঁরা আখের ন্যায্য দাম পাওয়া থেকে বঞ্চিত থাকেন।কৃষি ব্যাংকের ভোলা জেলা আঞ্চলিক শাখায় খোঁজ নিয়ে জানা যায়, ২০১০-১১ অর্থবছরে আখ চাষের জন্য তাদের ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ছিল এক কোটি টাকা। এর বিপরীতে বিতরণ হয় ৫৩ লাখ টাকা। ভোলা সদর উপজেলার কৃষি কর্মকর্তা জিয়াউল ইসলাম প্রথম আলোকে বলেন, ভোলায় আখ মাড়াই যন্ত্র নেই। এ জন্য যে আখে গুড় তৈরি হয়, সেটি এখানে চাষ হচ্ছে না। এখানে চিবিয়ে খাওয়ার আখই চাষ হচ্ছে।ভোলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক খন্দকার মো. সাইফ উল্লাহ প্রথম আলোকে বলেন, আখচাষিদের সঠিক সময়ে পর্যাপ্ত ঋণ দিতে হবে। কৃষি ব্যাংকের ভোলা আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক মৃণালকান্তি মিত্র বলেন, ‘আখচাষিরা নীতিমালা অনুযায়ী কাগজপত্র জমা দিলেই আমরা ঋণ দিচ্ছি। কৃষক ঋণের কথা বলছেন, কিন্তু ঋণ নিতে আসছেন না। এ ব্যাপারে কৃষি অফিস থেকে একটা চাহিদা এলে ভালো হয়।’