ভ্যাট অনলাইন ব্যবস্থা চালু রাখার পক্ষে বিশ্বব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট আইন দুই বছর পিছিয়ে দেওয়া হলেও অনলাইন ব্যবস্থা অব্যাহত রাখার সুপারিশ করেছে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংক বলেছে, নতুন বা পুরোনো যে আইনই বাস্তবায়ন হোক না কেন, ভ্যাট অনলাইন ব্যবস্থা অব্যাহত রাখা হলে আর্থিক ও কারিগরি সহায়তা দেওয়া হবে। এমনকি নির্ধারিত আর্থিক সহায়তার বেশি অর্থও মিলতে পারে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এসব তথ্য জানা গেছে।

বিশ্বব্যাংকের একটি প্রতিনিধিদল নতুন ভ্যাট আইন না হওয়ায় পরিস্থিতি মূল্যায়ন করতে এসেছে। এর অংশ হিসেবে ভ্যাট অনলাইন ব্যবস্থা নিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করেছে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলটি। এই সফরে আসা চার সদস্যবিশিষ্ট প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন বিশ্বব্যাংকের সরকারি খাত ও অভ্যন্তরীণ রাজস্ব সংগ্রহ বিভাগের প্রধান রাউল ফেলিক্স জানকুয়েরা ভারেলা। বিশ্বব্যাংকের প্রধান কার্যালয় ও ঢাকা কার্যালয়ের বিশেষজ্ঞরা এসব সভায় অংশ নেন। ১৬ জুলাই পাঁচ দিনের সফরে বিশ্বব্যাংকের প্রতিনিধিরা ঢাকায় আসেন।

নতুন আইন বাস্তবায়ন করতে ভ্যাট ইম্প্রুভমেন্ট কর্মসূচি হাতে নিয়েছে এনবিআর। এর আওতায় ২০১৪ সালে ভ্যাট অনলাইন প্রকল্প নেওয়া হয়। এই প্রকল্পে বিশ্বব্যাংক নমনীয় শর্তের ৬ কোটি ডলার ঋণ দেয়। কিন্তু ১ জুলাই থেকে নতুন ভ্যাট না হওয়ায় এই ভ্যাট ইম্প্রুভমেন্ট কর্মসূচির ভবিষ্যৎ কী হবে, তা নিয়ে আলোচনা করতেই বিশ্বব্যাংকের প্রতিনিধিরা ঢাকায় আসেন।

২০১২ সালের ২৭ নভেম্বর নতুন ভ্যাট আইনটি জাতীয় সংসদে পাস হয়। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বর্ধিত ঋণ-সহায়তার (ইসিএফ) আওতায় ১০০ কোটি ডলার পায় বাংলাদেশ। আইএমএফের শর্ত অনুযায়ী নতুন ভ্যাট আইন করা হয়।

এনবিআর সূত্রে জানা গেছে, গত ফেব্রুয়ারি মাস পর্যন্ত ভ্যাট অনলাইন প্রকল্পে ১২২ কোটি টাকা খরচ হয়েছে। আর জুলাই মাস পর্যন্ত বিশ্বব্যাংক ২ কোটি ডলার ছাড় করেছে।

এদিকে নতুন ও পুরোনো ব্যবসায় শনাক্তকরণ নম্বর (বিআইএন) দুটিই আপাতত কার্যকর রাখার চিন্তা-ভাবনা করা হচ্ছে। দুই ধরনের বিআইএন ব্যবহার করার সময়সীমা ছয় মাস বেঁধে দিয়ে শিগগিরই গণবিজ্ঞপ্তি দেওয়া হবে। ইতিমধ্যে এ বিষয়ে মাঠপর্যায়ে ভ্যাট কমিশনারেট কার্যালয়ের মতামত নিয়েছে এনবিআর।

নতুন ইলেকট্রনিক ব্যবসায় শনাক্তকরণ নম্বর (ইবিআইএন) ব্যবহার নিয়ে কিছুটা জটিলতা তৈরি হয়েছে। এত দিন ধরে নতুন আইনের অনলাইন পদ্ধতি সামনে রেখেই ইবিআইএন দেওয়া হয়েছে। পুরোনো আইনের আওতায় নতুন ইবিআইএন ব্যবহারের জন্য সফটওয়্যার প্রস্তুত করতে এই সময় দেওয়া হবে।

ভ্যাট অনলাইন প্রকল্প সূত্রে জানা গেছে, নতুন ভ্যাট আইনে একক ভ্যাট হার। সেভাবেই ভ্যাট রিটার্ন ফরমসহ সফটওয়্যার প্রস্তুত করা হয়েছে। এখন অনলাইন ভ্যাট রিটার্ন ফরমে কিছু পরিবর্তন আনা হচ্ছে। ১৫ শতাংশ ভ্যাটসহ সংকুচিত ভিত্তিমূল্যের ভ্যাট হারের হিসাবও যাতে করা যায়, সেই ব্যবস্থা রাখা হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে ভ্যাট অনলাইন প্রকল্পের উপপ্রকল্প পরিচালক মুহম্মদ জাকির হোসেন প্রথম আলোকে বলেন, পুরোনো আইনের উপযোগী করে ভ্যাট রিটার্ন তৈরি করতে কিছুটা সময় লাগবে। আগামী সেপ্টেম্বর মাস নাগাদ ইবিআইএনে ভ্যাট রিটার্ন যাবে বলে আশা করা হচ্ছে।

এনবিআর সূত্রে জানা গেছে, গতকাল বুধবার পর্যন্ত ৪৩ হাজার ৭৯৬টি প্রতিষ্ঠান এই অনলাইন নিবন্ধন নিয়েছে। তবে পুরোনো পদ্ধতিতে প্রায় সাড়ে ৮ লাখ বিআইএনধারী প্রতিষ্ঠান আছে। প্রতিবছর গড়ে ৩৫ থেকে ৪০ হাজার প্রতিষ্ঠান ভ্যাট রিটার্ন জমা দেয়।