রাজস্ব নিয়ে জনগণের ভয় দূর করতে হবে: অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজস্ব নিয়ে জনগণের মধ্যে ভয় আছে। এই ভয় দূর করতে রাজস্ব কর্মকর্তাদের কাজ করতে বলেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এ ছাড়া যাঁরা কর দেন, শুধু তাঁদের বেশি চাপ না দিয়ে আরও বেশি মানুষকে করজালের মধ্যে নিয়ে আসার পরামর্শ দেন তিনি।

আজ শুক্রবার রাজধানীর কাকরাইলের আইডিবি ভবনে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে আয়োজিত মতবিনিময় ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআইর সভাপতি মো. জসিম উদ্দিন।

আরও পড়ুন

প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, ‘ভ্যাট দেওয়া এখন অনেক সহজ হয়েছে। তবে আগে আইন কঠিন ছিল। প্রয়োজনে আরও সহজ করা হবে। তাই সবাইকে বলব, নির্ভয়ে ভ্যাট দিন।’
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এফবিসিসিআইর সভাপতি মো. জসিম উদ্দিন ভ্যাট কার্যক্রম প্রসারিত করতে দেশের সব উপজেলায় ভ্যাট অফিস স্থাপনের প্রস্তাব দেন। তিনি বলেন, আয়কর ও মূসকের আওতা সম্প্রসারণ করে এবং করের হার কমিয়ে রাজস্ব আয় বৃদ্ধির জন্য কৌশলগত ব্যবস্থা নেওয়া জরুরি। এ ছাড়া সবাইকে আয়কর ও মূসকের জালে আনতে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষ, সংগঠন ও প্রতিষ্ঠানকে যৌথভাবে দায়িত্ব পালন করতে হবে।

দেশের শীর্ষ ব্যবসায়ীনেতা মো. জসিম উদ্দিন আরও বলেন, রাজস্ব আদায় বৃদ্ধি করতে হলে এখন টিনের পাশাপাশি কর প্রদানের প্রমাণ বা নথি বাধ্যতামূলক করতে হবে। এভাবে কর ও ভ্যাটের আওতা বৃদ্ধি করলে নিয়মিত রাজস্ব দেওয়া ব্যক্তিদের ওপর চাপ কমে।
জনগণকে ভ্যাট দিতে উৎসাহিত করতে এ বছর ৯টি প্রতিষ্ঠানকে সেরা ভ্যাটদাতার সম্মাননা দেওয়া হয়েছে। এর মধ্যে উৎপাদন শ্রেণিতে জাতীয় পর্যায়ে সেরা ভ্যাটদাতার পুরস্কার পেয়েছে অ্যারিস্টোফার্মা লিমিটেড, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড ও মেসার্স মায়া বিড়ি ফ্যাক্টরি।

প্রতিষ্ঠান তিনটির পক্ষে সম্মাননা গ্রহণ করেন যথাক্রমে অ্যারিস্টোফার্মার উপব্যবস্থাপনা পরিচালক মো. সহিদ হাসান, স্কয়ার টয়লেট্রিজের পরিচালনাপ্রধান মালিক মো. সাঈদ ও মায়া বিড়ির ব্যবস্থাপনা পরিচালক আনোয়ারুল ইসলাম।
ব্যবসায় শ্রেণিতে এসএম মোটরস, এমকো বাজাজ ইন্টারন্যাশনাল ও ম্যাবস ইউনিয়ন মোটরস লিমিটেড সেরা ভ্যাটদাতার সম্মাননা পেয়েছে। এসএম মটরসের স্বত্বাধিকারী মো. মিজানুর রহমান, এমকো বাজাজ ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী আবদুল্লাহ আল মামুন ও ম্যাবস ইউনিয়ন মোটরসের ব্যবস্থাপনা পরিচালক মনিরুজ্জামান এই সম্মাননা গ্রহণ করেন।

আরও পড়ুন

সেরা ভ্যাটদাতার সম্মাননা পাওয়া সেবা শ্রেণির তিনটি প্রতিষ্ঠান হচ্ছে ইডটকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড, গ্রে অ্যাডভারটাইজিং লিমিটেড ও রবার্ট বস (বাংলাদেশ) লিমিটেড। এই তিন প্রতিষ্ঠানের পক্ষে সম্মাননা গ্রহণ করেন যথাক্রমে ইডটকো বাংলাদেশ কোং লিমিটেডের এ দেশীয় ব্যবস্থাপনা পরিচালক রিকি স্টেইন, গ্রে অ্যাডভারটাইজিং বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা অংশীদার ও এ দেশীয় প্রধান সৈয়দ গাউসুল আলম ও রবার্ট বস (বাংলাদেশ) লিমিটেডের এ দেশীয় ব্যবস্থাপক দীপঙ্কর চৌধুরী ও উপব্যবস্থাপক মো. শাহ আলম।

১০ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ভ্যাট সপ্তাহ পালিত হবে। এ সময়ে বিভিন্ন কমিশনারেট থেকে প্রতি জেলায় উৎপাদন, সেবা ও ব্যবসায়ী পর্যায়ে শীর্ষ ভ্যাটদাতাদের সম্মাননা দেওয়া হবে। এবার জেলা পর্যায়ে সেরা ভ্যাটদাতা ১০২টি প্রতিষ্ঠান সম্মাননা পাচ্ছে।