ভ্যাট লটারিতে বিজয়ী হলেন যাঁরা
প্রথম বিজয়ীর কুপন নম্বর হলো ০০১৩২১ ভিআরসিইউএলএক্সএল ০৩৪। এই বিজয়ী পাবেন এক লাখ টাকা। দ্বিতীয় পুরস্কার বিজয়ীর কুপন নম্বর হলো ০০৩৮২১ ওয়াইডব্লিউবিওয়াইডিইডি ২০৭। তাঁর পুরস্কার মূল্য ৫০ হাজার টাকা। এগুলো হচ্ছে ভ্যাটের লটারির ফল।
আপনি কি গত অক্টোবর মাসে ভ্যাটের মেশিন বা ইলেকট্রনিক ফিসকেল ডিভাইস (ইএফডি) মেশিন আছে, এমন দোকান থেকে কেনাকাটা করেছেন? তাহলে কেনাকাটার যে রসিদ দিয়েছে, এর সঙ্গে নম্বরগুলো মিলিয়ে দেখুন। পেয়ে যেতে পারেন লাখ টাকার পুরস্কার।
প্রতি মাসের মতো আজ রোববার গত অক্টোবর মাসের ভ্যাটের লটারির ড্র অনুষ্ঠিত হয়। লটারি বিজয়ীর নাম ঘোষণা উপলক্ষে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলনকক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সদস্য আবদুল মান্নান শিকদার।
গত জানুয়ারি মাস থেকে প্রথমবারের মতো প্রতি মাসে ১০১ ভ্যাটদাতাকে ১০ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে। ইএফডি মেশিনের মাধ্যমে বেচাকেনাকে উৎসাহিত করতে এনবিআরের ভ্যাট বিভাগ লটারির আয়োজন করেছে।
বিজয়ীদের চলতি মাসের শেষ কার্যদিবসের মধ্যে পুরস্কারের জন্য আবেদন করতে হবে। এরপর কুপন নম্বর মিলিয়ে দেখাসহ যাবতীয় যাচাই–বাছাই করা হবে।আবেদনপত্রে আবেদনকারীর নাম, সই, ঠিকানা, মোবাইল নম্বর, জাতীয় পরিচয়পত্রের নম্বর (প্রযোজ্য ক্ষেত্রে), চালান নম্বর, ইস্যুর তারিখ থাকতে হবে।
প্রথম তিনটি পুরস্কার এনবিআর থেকে দেওয়া হবে। বাকি পুরস্কারগুলোর যে বিজয়ী যে দপ্তরে আবেদন করবেন, সেই দপ্তর থেকে পুরস্কার দেওয়া হবে।