ভ্যাটের ক্ষতি পোষাতে সম্পূরক শুল্ক বাড়ছে
মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট হার ১৫ শতাংশ থেকে কমছে। এতে রাজস্ব আহরণে যে ক্ষতি হবে, তা পুষিয়ে নেওয়ার উপায় খুঁজছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ লক্ষ্যে তেল ও গ্যাস, সিগারেট, সিমেন্ট ও মোবাইল ফোন সেবা—ভ্যাট আদায়ের এসব বড় খাতে সম্পূরক শুল্ক বাড়ানোর কথা বিবেচনা করা হচ্ছে।
আগামী ১ জুলাই থেকে নতুন ভ্যাট আইন কার্যকর হবে। এতে ১৫ শতাংশ হারে ভ্যাট আদায়ের কথা বলা আছে। এই হার কমানোর দাবি জানিয়ে আসছেন ব্যবসায়ীরা। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতও ইতিমধ্যে ভ্যাটের হার কমানোর কথা জানিয়েছেন সাংবাদিকদের। তবে তিনি বলেছেন, ভ্যাট হার একটিই থাকবে।
এনবিআরের তথ্য অনুযায়ী, মোট ভ্যাটের ২০ শতাংশই আসে তেল ও গ্যাস, সিগারেট, সিমেন্ট ও মোবাইল ফোন সেবা থেকে। এই চারটি খাতেই বর্তমানে ১৫ শতাংশ হারে ভ্যাট আদায় হয়। গত অর্থবছরে এই চারটি খাত থেকে ১০ হাজার কোটি টাকার বেশি ভ্যাট আদায় হয়েছে। বেশির ভাগ কমিশনারেটের ভ্যাট আদায়ের তালিকায় ওই চারটি খাতই বরাবরের মতো শীর্ষে ছিল। ভ্যাট আদায়ের ক্ষেত্রে এই চারটি খাত এনবিআরের জন্য যেন ‘সোনার ডিম পাড়া হাঁস’।
কিন্তু নতুন আইনে ভ্যাট হার ১৫ শতাংশ থেকে কমানো হলে স্বয়ংক্রিয়ভাবে এসব খাতেও ভ্যাট কমে যাবে। তাই এসব খাত থেকে রাজস্ব আদায় ব্যাপকভাবে কমবে।
ভ্যাট হার কত কমালে তা পুষিয়ে নিতে কী পরিমাণ সম্পূরক শুল্ক বসাতে হবে, সেটি বিশ্লেষণ করেছে এনবিআর; যাতে রাজস্ব আদায় ঠিক থাকে। এনবিআরের হিসাবে, কোনো পণ্য বা সেবার ওপর ৪ শতাংশ সম্পূরক শুল্ক বৃদ্ধি করলে ভ্যাট হার ৩ শতাংশ কমানোর ক্ষতি পুষিয়ে নেওয়া যায়।
এনবিআর সূত্রে জানা গেছে, সিগারেট ও তামাকজাতীয় পণ্য এবং মোবাইল ফোন সেবায় সম্পূরক শুল্ক বৃদ্ধি করা হতে পারে। এর মধ্যে সিগারেট ও তামাকজাতীয় পণ্যের ওপর মানভেদে বর্তমানে ৩২ থেকে ৬৪ শতাংশের মতো সম্পূরক শুল্ক আরোপ আছে। এই হার ৪ শতাংশ বাড়িয়ে দেওয়া হতে পারে। আবার মোবাইল ফোন সেবার ওপরে ৫ শতাংশ সম্পূরক শুল্ক রয়েছে। এই হারও বাড়তে পারে। তবে সিমেন্ট এবং তেল-গ্যাস খাতের ওপর সম্পূরক শুল্ক বৃদ্ধি করা হবে কি না, তা নিয়ে অবশ্য চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সিমেন্টে বর্তমানে সম্পূরক শুল্ক আরোপ নেই। আর গ্যাসে ৯৬ শতাংশের বেশি সম্পূরক শুল্ক আছে।
নতুন ভ্যাট আইনে প্রজ্ঞাপন দিয়ে বছরের যেকোনো সময়ে কোনো ভ্যাট বা সম্পূরক শুল্ক কমানো-বাড়ানোর সুযোগ নেই। যেহেতু ভ্যাট হার হবে একক, তাই এটি পরিবর্তনের সুযোগ নেই বললেই চলে। সে জন্য একটু ভিন্ন পন্থায় গেছে এনবিআর। যেমন, সম্পূরক শুল্ক বৃদ্ধি বা কমানো কিংবা সম্পূরক শুল্কের পণ্যতালিকা পুনর্বিন্যাস করার সুযোগ আছে। কেননা, সম্পূরক শুল্ক বসানো হয় তফসিল দিয়ে; যা সরাসরি আইনের অংশ নয়। এই তফসিল পরিবর্তনযোগ্য। শর্ত একটাই, এই তফসিল জাতীয় সংসদের মাধ্যমে পাস হতে হবে। তাই প্রতিবছর বাজেট অধিবেশনসহ সব অধিবেশনে তফসিল পুনর্বিন্যাস করা সম্ভব। রাজস্ব ক্ষতি পূরণে এই সুযোগটিই নিচ্ছে এনবিআর।