ভ্যাটের হার একটিই হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

ঢাকা চেম্বার ও বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনায় সাংবাদিকদের অর্থমন্ত্রী

মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) হার একটিই হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, আইনে যে ১৫ শতাংশ ভ্যাট হারের কথা আছে, তা কমানো হবে। তবে ভ্যাট আইন কার্যকর হবে আগামী ১ জুলাই থেকেই।

ঢাকায় সচিবালয়ে গতকাল রোববার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সঙ্গে অনুষ্ঠিত প্রাক্‌-বাজেট আলোচনায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা বলেন।

ব্যবসায়ীদের আপত্তির মুখেই ভ্যাটের হার কমানো হচ্ছে বলে জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, ২৫ বা ২৬ মে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে ভ্যাট হার নির্ধারণ করা হবে। পরে এ ব্যাপারে গণবিজ্ঞপ্তি দেওয়া হবে। 

ডিসিসিআই সভাপতি আবুল কাশেম খানের নেতৃত্বাধীন দল লভ্যাংশ আয়ের ওপর করপোরেট কর ২০ শতাংশের পরিবর্তে ১৫ শতাংশে নির্ধারণ, ব্যবসাপ্রতিষ্ঠানের মোট আয়ের ২ দশমিক ৫ শতাংশ গবেষণা ও উন্নয়ন খাতে খরচের জন্য কর রেয়াত এবং করদাতার বিনিয়োগজনিত আয়ের ৩০ শতাংশের ওপর ১৫ শতাংশ আয়কর রেয়াতের দাবি জানায়।

এ ছাড়া ডিসিসিআই ‘জাতীয় অবকাঠামো উন্নয়ন এবং তদারকি উপদেষ্টা কর্তৃপক্ষ’ (নিডমা) নামে একটি সংস্থা গঠনের প্রস্তাব দেয়।

জাহাজ থেকে পণ্য নামার পর বন্দরে বর্তমানে চার দিন পর্যন্ত মাশুলমুক্ত রাখার সময় দেওয়া হয়। চার দিনের মধ্যে ছুটির দিনও রয়েছে। চেম্বারটি এই সুবিধা চার দিনের পরিবর্তে চার কার্যদিবস করার দাবি জানিয়েছে।

চেম্বারের পরিচালক কামরুল ইসলাম তথ্য দেন, ভিয়েতনামের ১০ কোটি লোকের মধ্যে ৪ কোটি ৯০ লাখই করদাতা। অর্থমন্ত্রী তা কৌতূহলভরে শোনেন এবং ভিয়েতনামের কৌশল কাজে লাগানোর চিন্তা করবেন বলে জানান।

সংগঠনটির পরিচালক সেলিম আক্তার জাহান সঞ্চয়পত্রের মুনাফার হার অনেক বেশি বলে প্রশ্ন তোলেন। তিনি বলেন, বিনিয়োগ করা যায় না, এমন অর্থই বিদেশে পাচার হচ্ছে।

অর্থমন্ত্রী সঞ্চয়পত্রের মুনাফার হার কমানোর ইঙ্গিত দেন। বলেন, ‘পেনশনধারীদের কথা চিন্তা করে মুনাফার হার নির্ধারণ করা হয়। তবে ব্যাংকের সুদের হার যেখানে ৭ শতাংশ, সঞ্চয়পত্রের মুনাফার হার সেখানে ১১ শতাংশ। পার্থক্য ১ থেকে ২ শতাংশ থাকতে পারে।’

সঞ্চয়পত্রের মুনাফার হার নির্ধারণে গঠিত কমিটি আগামী বাজেট ঘোষণার পর বৈঠক করবে বলে জানান অর্থমন্ত্রী।

এদিকে বিআইএর প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংগঠনটির প্রথম সহসভাপতি রুবিনা হামিদ। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) ভারপ্রাপ্ত চেয়ারম্যান গকুল চাঁদ দাসসহ বিআইএর অন্য সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

বিআইএর দাবিগুলো হচ্ছে জীবন বিমা পলিসিহোল্ডারদের মুনাফার ওপর থেকে ৫ শতাংশ গেইন ট্যাক্স প্রত্যাহার, পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা কোম্পানির জন্য ২৫ শতাংশ এবং তালিকাবহির্ভূত বিমা কোম্পানির জন্য ৩৫ শতাংশ করপোরেট কর আরোপ, বিমা প্রতিনিধিদের (এজেন্ট) কমিশনের বিপরীতে ১৫ শতাংশ মূসক কর্তন প্রত্যাহার, প্রতিবছর বাধ্যতামূলক লাইসেন্স নবায়নের নিয়ম বাতিল, স্বাস্থ্যবিমা প্রিমিয়ামকে আয়কর আইনের অধীনে কর অব্যাহতি প্রদান ইত্যাদি।

ব্যাংকসহ আর্থিক খাতের অন্য কোম্পানিগুলোকে একবারে লাইসেন্স দেওয়া হলেও বিমা কোম্পানিকে লাইসেন্স দেওয়া হয় মাত্র এক বছরের জন্য। অথচ গ্রাহকের সঙ্গে চুক্তি করা হয় ১৫ থেকে ১৮ বছরের জন্য। বিষয়টি পুনর্বিবেচনা করতে অর্থমন্ত্রীর কাছে দাবি জানান রুবিনা হামিদ।

রুবিনা হামিদ বলেন, একশ্রেণির বেসরকারি সংস্থা (এনজিও) আইনের ফাঁকে বিমা কোম্পানির মতো প্রিমিয়াম নিচ্ছে। গ্রাহকদের কেউ মারা গেলে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে তহবিল থেকে।

অর্থমন্ত্রী বিস্মিত হয়ে বলেন, ‘এরা বিমা কোম্পানি না হয়েও প্রিমিয়াম নিচ্ছে! এটা তারা পারে না। এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার চেষ্টা করব।’ বিমা কোম্পানির নবায়ন ফি প্রত্যাহারের উদ্যোগও নেবেন বলে জানান অর্থমন্ত্রী।

আইডিআরএর ভারপ্রাপ্ত চেয়ারম্যান গকুল চাঁদ দাস লাইসেন্স ফি নবায়ন বিমা আইনে বাধ্যতামূলক বলে জানালে অর্থমন্ত্রী আইন সংশোধন করবেন বলে জানান।

সৌদি আরবের জেদ্দায় ইসলামি উন্নয়ন ব্যাংকের (আইডিবি) বার্ষিক সাধারণ সভায় যোগ দিয়ে পাঁচ দিন পর গত বৃহস্পতিবার দেশে ফেরেন অর্থমন্ত্রী। ওই সভায় ইসলামী ব্যাংক নিয়ে কোনো কথা উঠেছিল কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘না। কোনো কথা ওঠেনি।’

ব্যাংকটির পর্ষদে পরিবর্তন এল, সরকার কোনো হস্তক্ষেপ করবে কি না—এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘পরিবর্তন স্বাভাবিক প্রক্রিয়া। ইসলামী ব্যাংকের পর্ষদে এখন মারামারি চলছে। সরকারের হস্তক্ষেপের কোনো কারণ নেই।’