নতুন আইনের মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট হার কমানো নিয়ে আজ রোববার সিদ্ধান্ত হতে পারে। ১৫ শতাংশ থেকে কমিয়ে কত হবে—তা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সভা করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। শেষ পর্যন্ত ভ্যাট হার ১২ কিংবা ১৩ শতাংশই চূড়ান্ত করা হতে পারে।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ১৫ শতাংশ থেকে কমিয়ে আনলে কী পরিমাণ রাজস্ব ক্ষতি হবে, এর একটি পর্যালোচনা তৈরি করেছে। সেখানে বলা হয়েছে, ১ শতাংশ মূসক কমানো হলে ৪ হাজার কোটি টাকার মতো ভ্যাট কমে যাবে। সে ক্ষেত্রে ১২ শতাংশ ভ্যাট নির্ধারণ করা হলে ১০-১২ হাজার কোটি টাকার রাজস্ব কমে যেতে পারে।
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনবিআরের বিশ্লেষণ উপস্থাপন করা হবে। বৈঠকে ঠিক করা ভ্যাট হার ধরেই বাজেটের নতুন করে রাজস্ব আদায়ের যাবতীয় হিসাবনিকাশ করা হবে। ভ্যাট কমানোর ফলে যে রাজস্ব ক্ষতি হবে তা কীভাবে পুষিয়ে নেওয়া হবে, তা নিয়েও আলোচনা হবে। এনবিআরের প্রস্তাব থাকবে, ব্যবসায়ীরা যাতে সহজে হিসাব রাখতে পারেন, এ জন্য বিশেষ সফটওয়্যারসংবলিত ৫০ হাজার ইলেকট্রনিক ক্যাশ রেজিস্ট্রার (ইসিআর) বা পয়েন্ট অব সেল (পিওএস) মেশিন কেনা দামে দেওয়া হবে।
আজ সন্ধ্যায় গণভবনে অর্থমন্ত্রী ও এনবিআরের কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর এই সভা অনুষ্ঠিত হবে। সভায় করপোরেট কর হার কমানো, ব্যক্তিশ্রেণির করদাতাদের করমুক্ত সীমা বৃদ্ধি করা—এসব বিষয়ে আলোচনা হবে।
এনবিআর সূত্রে জানা গেছে, তেল ও গ্যাস, সিগারেট, সিমেন্ট, মোবাইল ফোন সেবা—এই চারটি খাত থেকেই মোট মূসকের প্রায় ২০ শতাংশ আসে। এই চারটি খাতেই ১৫ শতাংশ হারে মূসক আছে। গত অর্থবছর এই চারটি খাত থেকে ১০ হাজার কোটি টাকার বেশি মূসক আদায় হয়েছে। মূসক হার কমিয়ে দেওয়া হলে এই খাতগুলো থেকে মূসক আদায় কমে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রধানমন্ত্রীর সঙ্গে সভায় এই বিষয়টিও আলোচনা হবে বলে জানা গেছে। প্রয়োজনে এসব খাতের জন্য আরেকটি বিশেষ মূসক স্তর রাখা যায় কি না, তাও বিবেচনায় রাখা হচ্ছে। বেশির ভাগ কমিশনারেটের শীর্ষ মূসক আহরণকারী খাতগুলো হলো তেল ও গ্যাস, সিগারেট, সিমেন্ট ও মোবাইল ফোন সেবা।
গতকাল সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাজস্ব কমে যাওয়ার বিষয়টি স্বীকার করেছেন অর্থমন্ত্রী আবুল মাল মুহিত। তিনি বলেন, ‘১ শতাংশ কমালেও ৪ হাজার কোটি টাকা কমবে। আগে ১৫ শতাংশ হারে ভ্যাট দিত, এমন বড় চার-পাঁচটি কোম্পানির কাছ থেকেই রাজস্ব আদায় কমবে।’ তবে অভিন্ন মূসক হার নাকি একাধিক হারে হবে—এই প্রশ্ন করা হলে এড়িয়ে গেছেন অর্থমন্ত্রী।
প্রতিবার বাজেট প্রস্তুত করার আগে প্রধানমন্ত্রীর সঙ্গে একাধিক বৈঠক করেন অর্থমন্ত্রী ও এনবিআরের কর্মকর্তারা। এসব বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। গত বৃহস্পতিবার সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে অর্থমন্ত্রী ও অর্থ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে এই সভা হয়েছে। বৈঠকে বাজেটের আকার, রাজস্ব আদায়, মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি, মূল্যস্ফীতি—এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়। বৈঠক সূত্রে জানা গেছে, আগামী অর্থবছরে ৪ লাখ ২৫০ কোটি টাকার বাজেট দেওয়া হবে। এনবিআরকে ২ লাখ ৩৬ হাজার কোটি টাকার লক্ষ্য দেওয়া হতে পারে। আবার জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ৭ দশমিক ৪ শতাংশ ধরা হয়েছে। আগামী অর্থবছরের গড় মূল্যস্ফীতি ৫ দশমিক ৮ শতাংশের মধ্যে রাখার লক্ষ্য ধরা হয়েছে।
এডিপি
গত বৃহস্পতিবারের সভায় আগামী অর্থবছরের এডিপির আকার সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়। অবশ্য আজ জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের (এনইসি) সভায় আগামী অর্থবছরের এডিপি পাস হবে। চলতি এডিপি থেকে প্রায় ৪৩ হাজার কোটি টাকা বাড়িয়ে পরিকল্পনা কমিশন ১ লাখ ৫৩ হাজার ৩৩১ কোটি টাকার এডিপি প্রস্তাব করতে যাচ্ছে। এর মধ্যে দেশজ উৎস থেকে জোগান দেওয়া হবে ৯৬ হাজার ৩৩১ কোটি টাকা এবং বিদেশি সহায়তা পাওয়া যাবে ৫৭ হাজার কোটি টাকা। এ ছাড়া স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর জন্য ১০ হাজার ৭৫৩ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হচ্ছে। তবে কয়েক বছর ধরে প্রতিবারই এনইসি সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের দাবির পরিপ্রেক্ষিতে এডিপির আকার বৃদ্ধি করা হয়। এবারও এমন হতে পারে বলে পরিকল্পনা কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন।
এদিকে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) চলতি অর্থবছরের জিডিপি প্রবৃদ্ধির সাময়িক হিসাবের খসড়া তৈরি করেছে। এ বছর প্রবৃদ্ধি ৭ দশমিক ২ শতাংশের মতো হয়েছে বলে জানা গেছে। ইতিমধ্যে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালের কাছে জিডিপি প্রবৃদ্ধির সাময়িক হিসাবটি উপস্থাপন করেছেন বিবিএসের কর্মকর্তারা। পরিকল্পনামন্ত্রী প্রবৃদ্ধির হিসাব আরও সুচারু করার নির্দেশ দিয়েছেন।