ভ্রমণের নানা পসরায় আগ্রহীদের ভিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবার-পরিজন বা বন্ধুবান্ধব নিয়ে দেশের ভেতরেই ভ্রমণে যাওয়ার পরিকল্পনা। ব্যস্ততার কারণে কোথায় কীভাবে যাবেন, কোথায় থাকবেন—এসব খোঁজ নেওয়া হচ্ছে না। কিংবা বিদেশ ভ্রমণে যেতে চান, কিন্তু ভিসা, হোটেল-মোটেল বুকিং নিয়ে ভেবে কূলকিনারা পাচ্ছেন না।এমন সব সমস্যার সমাধান এখন আন্তর্জাতিক পর্যটন মেলায় পাচ্ছেন ভ্রমণপিপাসুরা। মেলায় অংশ নেওয়া ভ্রমণ ব্যবস্থাপনা ও সরকারি-বেসরকারি বিমান পরিবহন প্রতিষ্ঠান, হোটেল, রিসোর্ট এবং আর্থিক প্রতিষ্ঠান পর্যটকদের আকৃষ্ট করতে নানা ছাড় ও সুযোগ দিচ্ছে।রাজধানীর সোনারগাঁও হোটেলে ‘মনিটর-ইউনাইটেড এয়ারওয়েজ ঢাকা ট্রাভেল মার্ট-২০১৩’ নামের এই পর্যটন মেলা গত শুক্রবার শুরু হয়েছে। দশমবারের মতো এই মেলার আয়োজন করেছে ভ্রমণবিষয়ক পাক্ষিক দি বাংলাদেশ মনিটর। তিন দিনব্যাপী মেলা আজ রোববার শেষ হবে।মেলার দ্বিতীয় দিন গতকাল শনিবার দুপুরে গিয়ে দেখা যায়, অনেক দর্শনার্থী মেলার বিভিন্ন স্টল ঘুরেফিরে দেখছেন। অনেকেই আবার বিভিন্ন প্রতিষ্ঠানের সুবিধাসংবলিত ব্রুশিয়ার নিয়ে যাচ্ছেন। ভেবেচিন্তে পরে সিদ্ধান্ত নেবেন। তবে দেশের সামগ্রিক পরিস্থিতির কারণে গত মেলার চেয়ে এবার দর্শনার্থী কিছুটা কম বলে জানালেন মেলায় অংশ নেওয়া একাধিক প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিরা। মেলা উপলক্ষে রাষ্ট্রীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস সাতটি আন্তর্জাতিক রুটে ২৫ শতাংশ মূল্য ছাড় দিচ্ছে। মেলা চলাকালে বুকিং দিয়ে এই সুবিধা পাওয়া যাবে। এই অফারে বুকিং দিয়ে পরবর্তী ৯০ দিনের মধ্যে ভ্রমণ করা যাবে।বিমানের কমার্শিয়াল সুপারভাইজার (বিপণন ও বিক্রয়) ফিরোজা ইয়াসমীন বলেন, ‘ভালো সাড়া পাওয়া যাচ্ছে। মেলার প্রথম দিন ১০ লাখ টাকার বুকিং হয়েছে।’ তিনি জানান, গত মেলায় বিমান এক কোটির টাকার টিকিট বিক্রি করেছিল। আরেক বেসরকারি বিমান পরিবহন প্রতিষ্ঠান ইউনাইটেড এয়ারওয়েজ অভ্যন্তরীণ সাতটি ও আন্তর্জাতিক আটটি রুটে ২৫ শতাংশ পর্যন্ত মূল্য ছাড় দিচ্ছে।প্রতিষ্ঠানটির সহকারী মহাব্যবস্থাপক (বিপণন ও গণযোগাযোগ) কামরুল ইসলাম বলেন, ‘রাজনৈতিক অস্থিরতা আর হরতালের কারণে দর্শনার্থীর সংখ্যা একটু কম। তার পরও ভালো সাড়া পাচ্ছি। আশা করছি, আজ (গতকাল) ও কাল ছুটি থাকায় লোকসমাগম বাড়বে।’ পর্যটন মেলায় এবার অনেকগুলো ভ্রমণ ব্যবস্থাপনাকারী প্রতিষ্ঠান এসেছে। দেশি ও বিদেশি এসব প্রতিষ্ঠান ভিসা থেকে শুরু করে বিমানভাড়া, হোটেল বুকিং, খাবার-দাবার ও ঘুরে দেখার সব ব্যবস্থাই নিজ দায়িত্বে করে থাকে। এ জন্য তাদের আছে বিভিন্ন প্যাকেজ। পর্যটককে শুধু নিদিষ্ট পরিমাণ টাকা পরিশোধ করলেই হয়ে যায়।এ রকমই একটি প্রতিষ্ঠান হচ্ছে হলিডে সেলস ইন্টারন্যাশনাল। তারা দেশের ভেতর রাঙামাটি, বান্দরবান কক্সবাজার, সিলেট এবং দেশের বাইরে মালয়েশিয়া, থাইল্যান্ড, নেপাল ও ভারতের বিভিন্ন পর্যটন এলাকায় ভ্রমণ ব্যবস্থাপনা করে থাকে।প্রতিষ্ঠানটির ব্যবসা উন্নয়ন ব্যবস্থাপক আবু সুফিয়ান বলেন, ‘অনেকেই আমাদের প্যাকেজ সম্পর্কে খোঁজখবর নিয়েছেন। তাঁরা পরবর্তী সময়ে অফিসে যোগাযোগ করবেন বলে জানিয়েছেন। এখন পর্যন্ত ১০টি বুকিং পেয়েছি।’মেলা আয়োজক মনিটরের বিপণন বিভাগের প্রধান পীযুষ বাগচী জানালেন, পর্যটন মেলায় ৭২টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এর মধ্যে মালয়েশিয়া, সিঙ্গাপুর, নেপাল, ভুটান, দক্ষিণ আফ্রিকা, ভারত, থাইল্যান্ডসহ বিভিন্ন দেশের ১৭টি স্টল আছে। তিনি জানান, মেলার প্রথম দিন দুই হাজার দর্শনার্থী টিকিট কেটে মেলাপ্রাঙ্গণ ঘুরে দেখেন। আজ মেলার শেষ দিনে সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত দর্শনার্থীরা ২০ টাকার টিকিট কেটে প্রবেশ করতে পারবেন।