
নরসিংদীর করদাতা ও ব্যবসায়ীরা হয়রানি ও ভীতি জাগায় না এমন রাজস্ববান্ধব কর ব্যবস্থা চেয়েছেন। আবার দেশের আয় বাড়াতে কর দিতে আগ্রহ প্রকাশ করেছে শিক্ষার্থীরা।
গতকাল শনিবার দুপুরে নরসিংদীর সদর উপজেলার মাধবদী এস পি ইনস্টিটিউশন মাঠে আয়োজিত ‘রাজস্ব সংলাপ’ অনুষ্ঠানে এসব কথা বলা হয়। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত সংলাপে প্রধান অতিথি ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম। এনবিআরের চেয়ারম্যান মো. নজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে নরসিংদীর ২০০ নতুন করদাতা নিবন্ধিত হয়। এর মধ্যে ৩০ জন করদাতাকে সনদ প্রদান করা হয়।
সংলাপে নরসিংদীর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আব্দুল্লাহ আল মামুন বলেন, নরসিংদী বস্ত্র অঞ্চল। দেশের ৮০ ভাগ বস্ত্র এই জেলা থেকে উৎপাদন ও বাজারজাত হয়ে আসছে। কিন্তু এই জেলার তাঁতিরা এখন ভালো নেই। কারণ অবৈধ প্রক্রিয়ায় বিদেশ থেকে আসা বস্ত্রের দাপটে দেশীয় বস্ত্র টিকে থাকতে পারছে না।
নুরালাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু সালেহ চৌধুরীর মতে, করদাতাদের মধ্যে থেকে করভীতি দূর করতে হবে। চাপ দিয়ে নয়, বুঝিয়ে কর আদায় করা উচিত।
নরসিংদী চেম্বার অব কমার্সের জ্যেষ্ঠ সহসভাপতি আলী হোসেন অভিযোগ করেন, অনেক সময় সাধারণ বিষয় নিয়ে কর কর্মকর্তারা কারণে-অকারণে ব্যবসায়ীদের হয়রানি করে থাকেন। এতে কর কর্মকর্তাদের সঙ্গে ব্যবসায়ীদের ভুল-বোঝাবুঝি হয়।
মো. ইলিয়াস নামে তাঁতকল মালিক জানান, সারা দেশে বন্ডের মাধ্যমে আসা কাপড়ে সয়লাব হয়ে যাচ্ছে। এ ক্ষেত্রে রাজস্ব বিভাগ সক্রিয় না হলে দেশের তাঁতশিল্প ধ্বংস হয়ে যাবে।
কাদির মোল্লা সিটি কলেজের শিক্ষার্থী সানজিদা আক্তারের ইচ্ছা, দেশের উন্নয়নে সেও কর দেবে।
মাধবদী পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. জাকারিয়া বলেন, বর্তমান আইনে ১০০ টাকার কাপড় উৎপাদন করা হলে ২০ টাকা কর দিতে হয়। ৪ টাকার বেশি লাভ হয় না। এ কারণে ব্যবসায়ীরা মিথ্যার আশ্রয় নেন।
মোমেন মোল্লা নামের এক ব্যবসায়ী নতুন আইনে প্যাকেজ ভ্যাট প্রদান সুবিধা রাখার দাবি জানান।
এনবিআরের চেয়ারম্যান মো. নজিবুর রহমান বলেন, ১ জুলাই থেকে নতুন আইন আসছে। সাধারণ ব্যবসায়ীদের ভয় পাওয়ার কিছু নেই। নতুন আইনে ৩০ লাখ টাকার নিচের আয়ের মানুষের করের বাইরে রাখা হয়েছে। ৮০ লাখ টাকার অধিক আয়ের মানুষদের মাত্র ৩ শতাংশ হারে কর প্রদানের প্রস্তাব করা আছে। সুতরাং নতুন আইন করদাতা ও দেশকে সমৃদ্ধির দিকে নিয়ে যাবে।
সংলাপে আরও বক্তব্য দেন জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান, পুলিশ সুপার আমেনা বেগম, এনবিআরের সদস্য আ. রাজ্জাক, কর কমিশনার অপূর্ব কান্তি দাস ও মো. নুরুজ্জামান, মাধবদী বাজার বণিক সমিতির সভাপতি সফি উদ্দিন প্রমুখ।