মংলা বন্দর ব্যবহার ও বাংলাবান্ধায় গমনাগমন-সুবিধা চায় নেপাল
নেপাল মংলা বন্দর ব্যবহার করে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে পণ্য পরিবহন ও বাংলাবান্ধায় শিগগিরই ইমিগ্রেশন বা যাত্রী পারাপার সুবিধা পেতে চায়। বাংলাদেশে নিযুক্ত নেপালি রাষ্ট্রদূত হরিকুমার শ্রেষ্ঠা গতকাল সোমবার পঞ্চগড় সার্কিট হাউসের সভাকক্ষে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এই তথ্য জানান। সভায় অন্যদের মধ্যে স্থানীয় জেলা প্রশাসক মো. তোফাজ্জল হোসেন মিয়া, পুলিশ সুপার মো. শাহারিয়ার রহমান, কাস্টমসের সহকারী কমিশনার সৈয়দ হুমায়ূন আকতার, আমদানি-রপ্তানিকারক সমিতির আহ্বায়ক মেহেদী হাসান খান, সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. রেজাউল করিম, ব্যবসায়ী নাসিরুল কাদের, ইউনুছ শেখ প্রমুখ বক্তব্য দেন।হরিকুমার শ্রেষ্ঠা জানান, বাংলাবান্ধা স্থলবন্দরকে কার্যকর করতে বাংলাদেশ ও ভারতের সঙ্গে যৌথভাবে কাজ করতে নেপাল সরকারের দিক থেকে কোনো আপত্তি নেই। প্রসঙ্গত, বাংলাদেশের পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দরকে এই অঞ্চলের একটি অন্যতম গুরুত্বপূর্ণ ও বাণিজ্যিক সম্ভাবনাময় স্থলবন্দর এবং এটি দিয়ে ভবিষ্যতে ভুটান আর চীনের সঙ্গেও বাণিজ্য বাড়ানো সম্ভব বলে মনে করা হয়। বর্তমানে এ বন্দর দিয়ে নেপাল, বাংলাদেশ ও ভারতের সঙ্গে বাণিজ্যিক কার্যক্রম চলছে।হরিকুমার শ্রেষ্ঠা বলেন, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নেপাল-বাংলাদেশ উন্নয়নে যৌথভাবে কাজ করছে। সে অনুযায়ী নেপাল মংলা বন্দর ব্যবহার করে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে পণ্য পরিবহনের সুবিধা চায়। এ লক্ষ্যে ১৯৯৭ সালে বাংলাবান্ধা দিয়ে নেপাল-বাংলাদেশ ট্রানজিট কার্যক্রম শুরু হয়। নেপালের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য বৈষম্য নেই। নেপালে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটাতে তিনি বাংলাদেশের ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান জানান। বাংলাদেশের ব্যবসায়ীরা বাংলাবান্ধা হয়ে ঢাকা-কাঠমান্ডু সরাসরি বাস সার্ভিস চালু ও ভিসা প্রদানপদ্ধতি সহজ করার দাবি তুললে নেপালি রাষ্ট্রদূত জানান, তিনি বিষয়টি তাঁর সরকারকে জানাবেন। পরে হরিকুমার শ্রেষ্ঠা বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানিকার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি কাস্টমস কর্মকর্তা, আমদানি-রপ্তানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্টদের সঙ্গে বন্দরের কার্যক্রম নিয়ে কথা বলেন। এদিকে কাস্টমস সূত্রে জানা গেছে, বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে চলতি অর্থবছরে এ পর্যন্ত ভারত ও নেপাল থেকে ১১৪ কোটি ৪৩ লাখ টাকার পণ্য আমদানি এবং ৩৩ কোটি টাকার পণ্য রপ্তানি হয়েছে। একই সময়ে বন্দরটি থেকে সরকারের ৭৪ লাখ ৬৪ হাজার টাকার রাজস্ব আদায় হয়েছে।