মংলা বন্দর শিল্প এলাকার উৎপাদন অর্ধেকে নেমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওজোপাডিকোর (ওয়েস্ট জোন পাওয়ার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড) নির্দেশে মংলা বন্দর শিল্প এলাকার ভারী শিল্পকারখানায় ১২ ঘণ্টার বিদ্যুৎ লোড ব্যবস্থাপনা শুরু হয়েছে। এর ফলে স্থানীয় বন্দর এলাকার কলকারখানাগুলোতে উৎপাদনক্ষমতা অর্ধেকে নেমে এসেছে বলে দাবি করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।গত রোববার থেকে ওজোপাডিকোর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মৌখিক নির্দেশে মংলার আবাসিক প্রকৌশলী সন্ধ্যা ছয়টা থেকে সকাল ছয়টা পর্যন্ত ৩৩ কেভি বিদ্যুৎ ব্যবহারকারী কারখানাগুলোয় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার জন্য বলেন। এ ব্যাপারে আবাসিক প্রকৌশলী শেখ এমদাদুল হক বলেন, ওজোপাডিকোর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশেই কারখানাগুলো যাতে রাতের বেলায় উৎপাদন বন্ধ রাখে, সে ব্যবস্থা নেওয়া হয়েছে। জানা যায়, মংলা বন্দর শিল্প এলাকায় ২০টি শিল্পকারখানার মধ্যে ১২টিতে বর্তমানে উৎপাদন চলছে। এর মধ্যে পাঁচটি সিমেন্ট কারখানা, তিনটি এলপি গ্যাস কারখানা ও একটি তেল পরিশোধন কারখানা রয়েছে। এসব কারখানার কর্মকর্তারা জানিয়েছেন, ১২ ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় এ তিন-চার দিনেই কারখানাগুলোর উৎপাদনক্ষমতা অর্ধেকে নেমে এসেছে। সেনা কল্যাণ সংস্থার মংলা সিমেন্ট কারখানার মহাব্যবস্থাপক সেলিমুল হক প্রথম আলোকে বলেন, ‘হঠাৎ করে কোনো চিঠিপত্র ছাড়াই সন্ধ্যা ছয়টা থেকে ভোর ছয়টা পর্যন্ত শিল্পকারখানায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আমাদের কারখানায় প্রতিদিন প্রায় এক হাজার ২০০ থেকে দেড় হাজার মেট্রিক টন সিমেন্ট উৎপাদিত হতো ১২ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকায় দৈনিক উৎপাদন নেমেছে ৭০০ মেট্রিক টনে। এতে দৈনিক প্রায় এক কোটি টাকা লোকসান গুনতে হচ্ছে। সেলিমুল হক আরও বলেন, ‘ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের সিমেন্ট কারখানাগুলো তাতে গ্যাস-সুবিধা পায়। তাই তাদের নিজস্ব বিদ্যুৎ উৎপাদন কারখানা আছে। কিন্তু আমাদের এখানে গ্যাস-সুবিধা নেই। ফলে পুরোপুরি আমরা ওজোপাডিকোর বিদ্যুৎ সরবরাহের ওপর নির্ভরশীল।’ একই কথা জানালেন দুবাই-বাংলাদেশ সিমেন্ট মিলসের নির্বাহী পরিচালক মো. শামিম আহম্মেদ। তিনি বলেন, মংলা বন্দরটি ক্লিংকার বন্দর হিসেবে পরিচিত। বন্দর এলাকায় স্থাপিত সিমেন্ট কারখানাগুলোর জন্য বিদেশ থেকে সিমেন্টের কাঁচামাল আমদানি করেই বন্দর সচল আছে। এ কারখানাগুলো ঠিকভাবে চালু না থকলে বন্দরের রাজস্ব আয়ও কমে যাবে ব্যাপক হারে।অন্যদিকে সেভেন সার্কেল এডিবল অয়েল মিলের মহাব্যবস্থাপক রইস হুমায়ুন বলেন, ‘ভোজ্যতেল শোধনের জন্য ২৪ ঘণ্টাই কারখানা চালু রাখতে হয়। একবার মেশিন চালু করে প্রক্রিয়াকরণ করতেই ১২ ঘণ্টা সময় লাগে। ১২ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকায় আমরা ইতিমধ্যে আমাদের উৎপাদন বন্ধ করে দিয়েছি।’এ বিষয়ে ওজোপাডিকোর খুলনা অঞ্চলের প্রধান প্রকৌশলী অসীম ঘোষ জানান, ‘বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্দেশনা অনুযায়ী আমরা ৩৩ কেভি বিদ্যুৎ ব্যবহারকারী শিল্পকারখানাগুলোতে সন্ধ্যা ছয়টা থেকে ভোর ছয়টা পর্যন্ত বিদ্যুৎ বন্ধ রাখছি। তবে মংলা বন্দরের শিল্প এলাকার জন্য বিকল্প সিদ্ধান্ত হলে আমরা সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব।’