মংলা বন্দরে আরও ৩২৫টি গাড়ি খালাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মংলা বন্দরে ১০ দিনের ব্যবধানে আরও একটি জাহাজ থেকে তিন শতাধিক গাড়ি খালাস করা হয়েছে।পানামার পতাকাবাহী অরেঞ্জ হরাইজন নামের একটি জাহাজ জাপান থেকে ৩২৫টি রিকন্ডিশন্ড গাড়ি নিয়ে গত শনিবার সন্ধ্যায় বন্দরের ৯ নম্বর জেটিতে এসে ভিড়ে। আমদানি করা গাড়িগুলো খালাস শেষে জাহাজটি এরই মধ্যে মংলা বন্দর ত্যাগ করেছে।বন্দর সূত্রে জানা যায়, জাপান থেকে গত বছরের ৩ জুন ঢাকাভিত্তিক আমদানিকারক প্রতিষ্ঠান হক’স বে অটোমোবাইলস সর্বপ্রথম গাড়ি আমদানি করে। প্রতিষ্ঠানটি মংলা বন্দর দিয়ে তখন ২৫৫টি গাড়ি আমদানি করার পর দ্বিতীয় দফায় ১৩ জানুয়ারি জাপান থেকে আরও ৭১৪টি গাড়ি আনে। এর মাত্র ১০ দিনের ব্যবধানে একই আমদানিকারক জাপান থেকে ৩২৫টি গাড়ি নিয়ে আসে।একই প্রতিষ্ঠানের তৃতীয়বারের মতো মংলা বন্দর দিয়ে গাড়ি আমদানি প্রসঙ্গে সিঅ্যান্ডএফ এজেন্ট স্টার পাচ সি ট্রেড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন রফিক জানান, চট্টগ্রাম বন্দরের তুলনায় মংলা বন্দরে খরচ কম পড়ে। বন্দরের শেড ও ওয়্যারহাউসে গাড়ি রাখার পর্যাপ্ত জায়গা রয়েছে এবং এখানে রাখা গাড়ি বা যন্ত্রাংশ চুরিও হয় না।আমদানিকারক আবদুল হক প্রথম আলোকে জানান, নিরাপত্তা ও সুযোগ-সুবিধা অনেক বেশি থাকায় এ বন্দর দিয়েই তাঁরা গাড়ি আমদানির ধারা অব্যাহত রাখবেন।