মংলা বন্দরে আরও ৪৩২টি গাড়ি এসেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মংলা বন্দরে গাড়িবাহী আরও একটি জাহাজ ভিড়েছে। পানামার পতাকাবাহী এমভি ডাকি সিম্ফনি নামের এ জাহাজ ৪৩২টি গাড়ি নিয়ে গতকাল মঙ্গলবার দুপুরে বন্দরের ৮ নম্বর জেটিতে নোঙর করেছে।জাহাজটি জেটিতে ভিড়ার পরপরই গাড়ি খালাসের কাজ শুরু হয়। এ নিয়ে গত সাত মাসে দেশের এ বন্দরে চারটি গাড়িবাহী জাহাজ ভিড়ল।এবারকার গাড়িগুলোর মধ্যে হকস বে অটোমোবাইলস লিমিটেডের ৩৩৫টি, অটো উইন বিডির ২০, জেড আর এন্টারপ্রাইজের ১৯, আবিদ অটো ট্রেডিংয়ের ১২, লিনো মোটরসের সাত, কে ইন্টারন্যাশনালের নয় এবং ইউএন কাইসা অটো মোবাইলস ৩০টি আমদানি করেছে। মংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার এনামুল হক এ প্রসঙ্গে জানান, আমদানিকারক প্রতিষ্ঠান হকস বে অটোমোবাইলস ২০০৯ সালের ৩ জুন জাপান থেকে প্রথম এ বন্দরে গাড়ি নিয়ে আসে। এখন অন্য আমদানিকারকেরাও এ বন্দর দিয়ে গাড়ি আমদানি করছেন। মংলা বন্দর কর্তৃপক্ষের সহকারী ব্যবস্থাপক (ট্রাফিক) কাজী আবদুস সালাম বলেন, গাড়ির আমদানি বাড়ায় এ বন্দরের রাজস্ব আয়ও বাড়ছে। এভাবে এখানে নিয়মিত গাড়িবাহী জাহাজ ভিড়লে মংলা বন্দরের বার্ষিক আয় বেড়ে পাঁচ কোটি টাকায় উন্নীত হতে পারে। মংলা উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান নূর আলম গাড়িসহ বিভিন্ন পণ্য আমদানির ব্যাপারে আমদানিকারকদের মংলা বন্দর ব্যবহারে উত্সাহিত করার বিষয়ে জোর দেন।এদিকে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর এম ফারুক মংলা সংবাদদাতাকে বলেন, সব আমদানি-রপ্তানিকারককে এ বন্দর ব্যবহারে সর্বোচ্চ সুযোগ-সুবিধা দেওয়া হবে।