মংলা বন্দরে লাভ বেড়েছে ১৬ গুণের বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মংলায় গত ছয় বছরে লাভ বেড়েছে ১৬ গুণের বেশি। অন্যান্য স্থলবন্দরেও ছয়টি অর্থবছরের সব সূচকেই রাজস্ব আয়ের পরিমাণ বেড়েছে।

সংসদ ভবনে অনুষ্ঠিত নৌপরিবহন মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে আজ বৃহস্পতিবার মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।

বৈঠকে উত্থাপিত নৌপরিবহন মন্ত্রণালয়ের নথি থেকে জানা যায়, ২০০৮-০৯ অর্থবছরে মংলা বন্দরের নিট লাভ ছিল ২ কোটি ৯৭ লাখ টাকা। ২০১৩-১৪ অর্থবছরে তা বেড়ে দাঁড়িয়েছে ৪৮ কোটি ৯ লাখ টাকায়। ২০০৮-০৯ অর্থবছরে স্থলবন্দরের লাভ ছিল ১০ কোটি ৮২ লাখ টাকা। ২০১৩-১৪ অর্থবছরে তা দাঁড়িয়েছে ২৯ কোটি ৩২ লাখ টাকায়।

সংসদ সচিবালয় থেকে জানানো হয়, কমিটি মংলা বন্দরের উন্নয়নে মাওয়া-নোয়াপাড়া-মংলা পর্যন্ত রাস্তাকে চার লেনে উন্নীত, মংলা বন্দরে একটি বিমানবন্দর তৈরি ও আন্তর্জাতিক মানের পাঁচ তারকা হোটেল নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে।

বৈঠক শেষে কমিটির সভাপতি রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, মংলা বন্দর ও স্থলবন্দরগুলোর রাজস্ব আয়ে কমিটি সন্তুষ্ট। মংলা বন্দরে বিশুদ্ধ পানি সরবরাহে একটি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন এবং রেলওয়ে লিংক, ফোর লেন প্রকল্প, বিমানবন্দর, সেতুসহ প্রয়োজনীয় কাজের বিষয়ে মন্ত্রণালয়কে একটি সারমর্ম প্রস্তুত করে পরবর্তী ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে।
রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান, তালুকদার আবদুল খালেক ও আনোয়ারুল আজীম উপস্থিত ছিলেন।