মংলায় ভোজ্যতেল কোম্পানি যাত্রা শুরু করেছে
মংলা বন্দর শিল্প এলাকায় সেভেন সার্কেল এডিবল অয়েল কোম্পানি নামে একটি ভোজ্যতেল উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান যাত্রা শুরু করেছে। সুন-সিন গ্রুপের এই প্রতিষ্ঠান দৈনিক এক হাজার মেট্রিক টন ভোজ্যতেল রিফাইন বা পরিশোধন ও বাজারজাত করবে বলে উদ্যোক্তারা লক্ষ্যমাত্রা ঠিক করেছেন। খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক গত মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে নতুন এই ভোজ্যতেল কোম্পানির উৎপাদন ও বিপণন কার্যক্রমের উদ্বোধন করেন। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. আলী পাশার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর আবুল কালাম আজাদ, খুলনা সিটির সাবেক ভারপ্রাপ্ত মেয়র মনিরুজ্জামান, মংলার পৌর মেয়র মো. জুলফিকার আলী ও কোম্পানির মহাব্যবস্থাপক রইস হুমায়ুন।মো. আলী পাশা জানান, প্রায় ২৫০ কোটি টাকা ব্যয়ে সেভেন সার্কেল এডিবল অয়েল কোম্পানি গড়ে তোলা হয়েছে। বিদেশি এইচএসবিসি ও স্থানীয় জনতা ব্যাংকের যৌথ অর্থায়নে প্রতিষ্ঠিত হয়েছে এই কোম্পানি। এটি সম্পূর্ণ ইউরোপীয় প্রযুক্তিতে ভোজ্যতেল উৎপাদন করবে।আলী পাশা আরও জানান, সেভেন সার্কেল এডিবল অয়েল কোম্পানি খুব শিগগির স্থানীয় বাজারে সয়াবিন, পাম অয়েল ও সুপার ভোজ্যতেল বিপণন শুরু করবে, যা দক্ষিণ-পশ্চিমাঞ্চলসহ দেশে ভোজ্যতেলের চাহিদা মেটানোর ক্ষেত্রে অবদান রাখবে।