মওকুফ করা সুদ মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারদের ব্যয় হিসেবে গণ্য হবে
পুঁজিবাজারে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের ঋণের মওকুফ করা সুদ মার্চেন্ট ব্যাংক এবং স্টক ব্রোকারদের অনুমোদনযোগ্য ব্যয় হিসেবে গণ্য করা হবে। বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) দাবির পরিপ্রেক্ষিতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পক্ষ থেকে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।
এ বিষয়ে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সহসভাপতি আকতার এইচ সান্নামাত প্রথম আলোকে বলেন, এ সিদ্ধান্তের ফলে মার্চেন্ট ব্যাংক এবং স্টক ব্রোকারদের যে পরিমাণ অর্থ সুদ মওকুফ করবে, সেই পরিমাণ অর্থের ওপর দ্বৈত করের বোঝা চাপবে না। এ ছাড়া পুঁজিবাজারে বিনিয়োগ করে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের সুদ মওকুফে বিশেষ প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নের ক্ষেত্রে এটি বাধা ছিল। এখন সেই বাধা দূর হওয়ায় প্রতিষ্ঠানগুলো বিশেষ প্রণোদনা বাস্তবায়নে আগ্রহী হবে। এর সুফল পাবেন ক্ষুদ্র বিনিয়োগকারীরা।
২৫ জুন এনবিআর থেকে এ-সংক্রান্ত এক চিঠি বাংলাদেশ সিকিউিরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) পাঠানো হয়েছে। বিএসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান আজ সোমবার এনবিআরের চিঠি পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
এনবিআরের চিঠিতে বলা হয়, পুঁজিবাজারের স্থিতিশীলতা আনতে ও ক্ষতিগ্রস্ত বিনিয়াগকারীদের স্বার্থে সরকার ঘোষিত বিশেষ স্কিমের আওতায় ২৮টি মার্চেন্ট ব্যাংক এবং ২৮০টি স্টক ব্রোকারের মওকুফ করা সুদ বিদ্যমান আয়কর আইনে অনুমোদনযোগ্য খরচ হিসেবে বিবেচনা করা হবে।
চিঠিতে আরও বলা হয়, আয়কর অধ্যাদেশ, ১৯৮৪-এর ধারা ২৯-এর উপধারা (১)-এর ক্লজ (xv) মোতাবেক এর আগে লগ্নি করা অর্থের ওপর আরোপিত সুদ সংশ্লিষ্ট বছরে আয় হিসেবে প্রদর্শন করে কর প্রদান করলে এবং পরবর্তী সময় ওই সুদ অবলোপন করা হলে তা অবলোপন সংশ্লিষ্ট কর বর্ষে ওই মার্চেন্ট ব্যাংক অথবা স্টক ব্রোকারের আয়ের বিপরীতে অনুমোদনযোগ্য ব্যয় হিসেবে গণ্য হবে।
এ ছাড়া ওই অবলোপন করা অর্থ পরবর্তী সময় সম্পূর্ণ বা আংশিক পুনরুদ্ধার হলে তা অর্থসংশ্লিষ্ট কর বছরে আয়কর অধ্যাদেশ, ১৯৯৪-এর ধারা ১৯ এর উপধারা (১৫)-এর ক্লজ (a) মোতাবেক মার্চেন্ট ব্যাংক বা স্টক ব্রোকারদের ব্যবসা আয় হিসেবে বিবেচিত হবে।