মজীনার আশঙ্কা বিনিয়োগ অন্য দেশে চলে যেতে পারে
রাজনৈতিক অনিশ্চয়তা চলতে থাকলে ভিয়েতনাম, কম্বোডিয়াসহ অন্য দেশে বিনিয়োগ চলে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা।ঢাকার অদূরে আশুলিয়ায় হা-মীম গ্রুপের পোশাক কারখানা পরিদর্শনকালে মার্কিন রাষ্ট্রদূত গতকাল রোববার সাংবাদিকদের এ কথা বলেন।হরতাল ও সহিংসতার রাজনীতি পরিহারের আহ্বান জানিয়ে রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশে প্রধান রাজনৈতিক দলগুলোকে কীভাবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করা যায়, সেটা নিয়ে আলোচনায় বসতে হবে। এখনই এটি করতে হবে। কারণ, হরতাল, সহিংসতার মতো কঠিন পরিস্থিতি বাংলাদেশ সইতে পারছে না।’জিএসপি সুবিধা নিয়ে যুক্তরাষ্ট্রে শুনানির বিষয়ে মজীনা বলেন, ‘জিএসপি সুবিধা বহাল রাখার জন্য শুনানি হলো একটি মাত্র পদক্ষেপ। শ্রম অধিকার ও কারখানায় কাজের পরিবেশ জিএসপির জন্য গুরুত্বপূর্ণ শর্ত। শুনানিতে নিবিড়ভাবে এই বিষয়গুলো আলোচনা হয়েছে।’ তিনি বলেন, সেখানে ১৫০টি প্রশ্ন করা হয়েছিল। প্রশ্নের পরিপূর্ণ উত্তর দেওয়াটা তাৎপর্যপূর্ণ।এর আগে সকাল সাড়ে ১০টায় কারখানা প্রাঙ্গণে পৌঁছালে হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ রাষ্ট্রদূত মজীনাকে স্বাগত জানান। গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক দেলওয়ার হোসেইন বড় পর্দায় ভিডিও উপস্থাপনার মাধ্যমে আমেরিকার রাষ্ট্রদূতকে হা-মীম কারখানার কার্যক্রম সম্পর্কে ধারণা দেন।