পয়লা বৈশাখের দিন পান্তা-ইলিশ খাওয়া বাঙালির বর্ষবরণের রেওয়াজেই পরিণত হয়েছে। সে কারণে পয়লা বৈশাখের আগে ইলিশ মাছের চাহিদা ও দাম দুটিই বেড়ে যায়।এ সুযোগে কিছু ব্যবসায়ী ইলিশের মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করেন। এতে দাম আরও বেড়ে যায়।বিষয়টি সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে ধরা পড়েছে। মন্ত্রণালয় দেখেছে, ১১টি রপ্তানিকারী প্রতিষ্ঠান রপ্তানির উদ্দেশ্যে এক হাজার ১৫ মেট্রিক টন ইলিশ মজুত করে রেখেছে। এ কাজ দেশের বিদ্যমান রপ্তানিনীতির পরিপন্থী বলেও মন্তব্য করেছে মন্ত্রণালয়।বাণিজ্য মন্ত্রণালয় বলেছে, সরকার ইলিশ রপ্তানি বন্ধ রেখেছে এবং বিশেষ বিবেচনায় কোনো রপ্তানির অনুমতি দেয়নি। অন্যদিকে পয়লা বৈশাখ উদ্যাপনে প্রচুর ইলিশের চাহিদা থাকে। মানুষের কাছে সহজে ও সুলভ মূল্যে পৌঁছাতে মজুত করা ইলিশ বাজারে ছাড়া জরুরি।এ অবস্থায় মজুত করা ইলিশ অবিলম্বে বাজারে সরবরাহ করতে বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনকে কড়া নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়। ২ এপ্রিল মন্ত্রণালয় এ নির্দেশ দেয়। এ নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেয় মন্ত্রণালয়।এদিকে এই ইলিশ আদৌ বাজারে ছাড়া হয়েছে কি না, তা তদারকিতে ভ্রাম্যমাণ আদালত কাজ শুরু করেছেন বলে জানা গেছে।বাণিজ্যসচিব মাহবুব আহমেদ প্রথম আলোকে বলেন, ‘ঠিকমতো এসব ইলিশ বাজারে ছাড়া হয়েছে কি না, তা তদারকি করতে দু-এক দিন আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি লিখেছি। যত দূর জানতে পেরেছি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি ভালোভাবেই তদারক করছে।’গত বছর রমজান মাস চলাকালে ২৯ জুলাই এফবিসিসিআইয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে হিমায়িত চিংড়ি ছাড়া সব ধরনের মাছ রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করে বাণিজ্য মন্ত্রণালয়। তবে মাছ রপ্তানিকারকেরা ৩ সেপ্টেম্বর রপ্তানির পক্ষে এফবিসিসিআইয়ের সুপারিশ নিয়ে গেলেও মন্ত্রণালয় আগের সিদ্ধান্তেই অটল থাকে।