১ অক্টোবর থেকে মজুদ সীমিতকরণের এ আদেশ কার্যকর হবে
মজুদ সীমিতকরণের আদেশের মেয়াদ এক বছর বাড়াল ভারত
ব্যবসায়ীরা যেন কোনো পণ্যের অস্বাভাবিক মজুদ গড়ে বাজারে কৃত্রিম সংকট তৈরি এবং ওই সব পণ্যের দাম বাড়াতে না পারেন, সে জন্য ভারতে পণ্যের মজুদ সীমিতকরণে আদেশ জারি করার বিধান রয়েছে।নিত্যপ্রয়োজনীয় পণ্য আইন, ১৯৫৫-এর আওতায় ভোজ্যতেল, তেলবীজ, চাল, ডালসহ বেশ কিছু পণ্যে এ বিধান আরোপ করে ভারত। এক বছরের জন্য সরকার এ বিষয়ে আদেশ দেয়। গতকাল মঙ্গলবার ভোজ্যতেল, তেলবীজ এবং ডালের মজুদ সীমিতকরণের আগের আদেশের মেয়াদ আরও এক বছর বাড়িয়েছে দেশটির সরকার।আগামী ১ অক্টোবর থেকে মজুদ সীমিতকরণের এ আদেশ কার্যকর হবে। কার্যকর থাকবে ২০১৩ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। আগের আদেশের মেয়াদ এ মাসের ২৯ সেপ্টেম্বর শেষ হচ্ছে। ভারতের কেন্দ্রীয় সরকারের এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে। খবর বাসস ও পিটিআইয়ের।সরকারি এ সিদ্ধান্ত ভোজ্যতেল, তেলবীজ ও ডালের সহনীয় মূল্য এবং সহজলভ্যতা নিশ্চিত করবে—এমন মন্তব্য করা হয়েছে বিবৃতিতে।নিত্যপ্রয়োজনীয় পণ্য আইনের আওতায় পণ্যের মজুদের পরিমাণ ঠিক করে দেওয়ার মাধ্যমে ভারতের রাজ্য সরকারগুলো যেন কার্যকর মজুদবিরোধী পদক্ষেপ নিতে পারে, তা-ই এর মূল উদ্দেশ্য।দেশীয় চাহিদার চেয়ে উৎপাদন কম হওয়ায় ডাল ও ভোজ্যতেলের ক্ষেত্রে ভারত এখনো আমদানির ওপর নির্ভরশীল। কম বৃষ্টি হওয়ায় চলতি বছর পণ্য দুটির উৎপাদন কম হবে বলে ধারণা করা হচ্ছে।চালের মজুদ সীমিত রাখার উদ্দেশ্যে সরকারের যে আদেশ জারি রয়েছে তার মেয়াদ এ বছরের ৩০ নভেম্বর শেষ হচ্ছে। অন্ধ্র প্রদেশ, দিল্লি, মহারাষ্ট্র, তামিলনাড়ু, মণিপুরসহ ভারতের সাতটি রাজ্য এরই মধ্যে এ আদেশের মেয়াদ বাড়ানোর আবেদন করেছে।প্রথম দিকে গম ও চিনির ক্ষেত্রেও মজুদ সীমিতকরণের আদেশ ছিল। তবে দেশটির সরকার ২০০৯ সালে গম এবং ২০১১ সালে চিনির মজুদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেয়।