মজুরি কম হলেও কাজের মান ভালো এ দেশের শ্রমিকদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মজুরির দিক দিয়ে এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে কম ব্যয় হয় বাংলাদেশে। তবে এ দেশের শ্রমিকদের কাজের প্রতি একাগ্রতা, ধারাবাহিক কাজ করা, চাকরিতে টিকে থাকা এবং ইংরেজি ভাষায় প্রয়োজনীয় যোগাযোগ করার দক্ষতার মান ভালো।

বাংলাদেশি শ্রমিকদের সম্পর্কে এ মূল্যায়ন এ দেশে কর্মরত জাপানি কোম্পানিগুলোর। ‘বাংলাদেশে জাপানিদের ব্যবসার অবস্থা’ শীর্ষক জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেট্রো) এক প্রতিবেদনে এ মূল্যায়ন তুলে ধরা হয়েছে। গত ৪ আগস্ট সিঙ্গাপুরে বাংলাদেশ-জাপান ব্যবসা সম্মেলনে এ প্রতিবেদনটি উপস্থাপন করে জেট্রো। এতে এশিয়ার ১৫টি দেশের শ্রমিকদের মজুরি পরিস্থিতি ও বাংলাদেশি শ্রমিকদের কাজের প্রতি একাগ্রতা, ধারাবাহিক কাজ করা ও ইংরেজি দক্ষতার চিত্র তুলে ধরা হয়।

বাংলাদেশে কর্মরত জাপানি কোম্পানিগুলোর ওপর এক জরিপের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করেছে জেট্রো। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বাংলাদেশে উৎপাদনশীল খাতে একজন শ্রমিকের ভিত্তি মজুরি (বেজ স্যালারি) গড়ে মাসে ১১১ ডলার, যা এশিয়ার ১৫টি দেশের মধ্যে সর্বনিম্ন। পার্শ্ববর্তী দেশ মিয়ানমারে এ মজুরি ১২৪ ডলার।  লাওসে ১৪১ ডলার ও শ্রীলঙ্কায় ১৬৫ ডলার। আর ভারতে এ মজুরি ২২৪ ডলার ও পাকিস্তানে ২০৮ ডলার।

উৎপাদনশীল খাতের বাইরের কর্মীদের বেতনও বাংলাদেশে সবচেয়ে কম এবং অন্যদের সঙ্গে পার্থক্যও অনেক বেশি। এ ক্ষেত্রে একজন কর্মীর মাসিক ভিত্তি বেতন (বেজ স্যালারি) ১৯৩ ডলার। লাওসে তা ২৯৮ ডলার, কম্বোডিয়ায় ৩৪৬ ডলার এবং মিয়ানমারে ৩৫০ ডলার। এশিয়ার অন্যান্য দেশে এ বেতন আরও অনেক বেশি।

মানের দিক দিয়েও বাংলাদেশি শ্রমিকদের প্রশংসা করেছে জাপানি কোম্পানিগুলো। জরিপে বলা হয়েছে, ৫০ শতাংশ জাপানি কোম্পানি মনে করে, এ দেশের শ্রমিকের কাজের প্রতি একাগ্রতা বা সিরিয়াসনেসের মাত্রা উচ্চ থেকে উচ্চতর পর্যায়ের। ১৮ দশমিক ৫ শতাংশ কোম্পানি মনে করে, এ দেশের শ্রমিকদের একাগ্রতা যথাযথ মানের। তবে ২৬ শতাংশ কোম্পানি বাংলাদেশি শ্রমিকদের কাজের একাগ্রতার বিষয়ে নিম্ন ও নিম্নতর ধারণা পোষণ করে। ৫ দশমিক ৬ শতাংশ বলেছে, তাদের ক্ষেত্রে বিষয়টি প্রযোজ্য নয়।

জাপানি ২৯ দশমিক ৬ শতাংশ কোম্পানি মনে করে, বাংলাদেশের শ্রমিকেরা কাজের ধারাবাহিকতার দিক দিয়ে উচ্চতর মানের। এ ছাড়া ৩৭ শতাংশ কোম্পানি মনে করে, শ্রমিকেরা যথাযথ মানের। ১৩ শতাংশ মনে করে, শ্রমিকেরা নিম্নতর মানের এবং ৫ দশমিক ৬ শতাংশ কোম্পানি মনে করে শ্রমিকের মান নিম্ন।

বাংলাদেশি শ্রমিকদের ইংরেজি দক্ষতার মান নিয়ে জাপানি কোম্পানিগুলোর মতামতও উঠে এসেছে জেট্রোর জরিপে। এতে বলা হয়েছে, প্রায় ৩৩ শতাংশ কোম্পানি বাংলাদেশি শ্রমিকদের ইংরেজি দক্ষতা নিয়ে উচ্চমাত্রায় সন্তুষ্ট। ৩৯ শতাংশ মনে করে শ্রমিকদের ইংরেজি দক্ষতা যথাযথ মানের। জেট্টোর জরিপে অংশগ্রহণকারীদের ২২ শতাংশ বলেছে, শ্রমিকদের ইংরেজি দক্ষতা নিম্ন ও নিম্নতর মানের।

সিঙ্গাপুরে জাপানি ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে অংশ নিয়েছিলেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি আবুল কাসেম খান। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, জাপানিরা তাদের বিনিয়োগ পরিকল্পনায় বাংলাদেশকে নিয়ে এসেছে। এ ক্ষেত্রে তাদের সবচেয়ে বেশি আকর্ষণ করছে এ দেশের বিপুল শ্রমশক্তি ও প্রতিযোগিতামূলক মজুরি। তিনি বলেন, ‘বাংলাদেশে শ্রমিকের মজুরি অন্যদের তুলনায় কম। তবে এটা দীর্ঘ সময় থাকবে না। অর্থনীতির উন্নতির সঙ্গে মজুরিও বাড়বে। এ জন্য আমাদের শ্রমিক ও ব্যবস্থাপকদের দক্ষতা বাড়ানোর প্রতি নজর দিতে হবে।’

এ দেশের শ্রমিকদের একাগ্রতার বিষয়ে ওই ব্যবসায়ী নেতা বলেন, মোটা দাগে এ দেশের শ্রমিকেরা কাজের প্রতি খুবই নিষ্ঠাবান ও নিবেদিত। বিশেষ করে বিদেশি ব্যবস্থাপকদের অধীনে তারা খুব ভালোভাবে কাজ করে।

বাংলাদেশে বর্তমানে জাপানি কোম্পানির সংখ্যা ২৪৫। ২০১৩ সালেও এ সংখ্যা ছিল ১৬৭। জেট্রোর জরিপে আরও দেখা যায়, বাংলাদেশে ব্যবসা নিয়ে আশাবাদী তারা। ৬৬ দশমিক ৭ শতাংশ জাপানি প্রতিষ্ঠান বলেছে, ২০১৭ সালে তাদের মুনাফা পরিস্থিতির উন্নতি হবে। এশিয়ার ২০টি দেশের মধ্যে এ তালিকায় শীর্ষে আছে বাংলাদেশ।

এ বিষয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) পরিচালক তৌহিদুর রহমান খান বলেন, ‘বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে জাপানি বিনিয়োগকারীদের বেশ ভালো আগ্রহ আমরা দেখতে পেয়েছি। জাপান থেকে যাতে বাংলাদেশে বিনিয়োগ আরও বাড়ে, সে জন্য আমরা জাপানেও যাব।’