মজুরি কমানো হলে প্রবৃদ্ধিই ক্ষতিগ্রস্ত হবে: আইএলও
‘প্রতিযোগিতাশীলতা বাড়ানো ও বেকারত্ব কমানোর জন্য শ্রম-মজুরি হ্রাসের যে পরিকল্পনা করা হচ্ছে, তাতে করে শেষ পর্যন্ত অর্থনৈতিক প্রবৃদ্ধিই ক্ষতিগ্রস্ত হবে বলে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) সতর্ক করে দিয়েছে। ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক (ইসিবি) তাদের আগস্ট মাসের প্রতিবেদনে ন্যূনতম মজুরি কমিয়ে আনাসহ শ্রম-মজুরিতে নানা ধরনের শিথিলতা আনায়নের যে প্রস্তার করেছে, তার পরিপ্রেক্ষিতেই আইএলওর পক্ষ থেকে এ সতর্কতা উচ্চারণ করা হয়েছে।আইএলওর ঊর্ধ্বতন অর্থনীতিবিদ প্যাট্রিক বেলসার বলেছেন, ‘মজুরি কমানো হলেই তা রপ্তানি বাড়িয়ে দেবে না, বরং অভ্যন্তরীণ ভোগ কমিয়ে দেবে, যা প্রবৃদ্ধির ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। এই মুহূর্তে যে অর্থনৈতিক অনিশ্চয়তা চলছে, তাতে মজুরি কমিয়ে দেওয়া বিনিয়োগের জন্য প্রণোদনা হিসেবে কাজ করবে কি না, তা স্পষ্ট করে বলা যায় না।’বেলসার আরও বলেন, ‘যদি সব দেশে একযোগে প্রতিযোগিতামূলকভাবে মজুরি কমানো শুরু হয়, তাহলে তুলনামূলক সুবিধা খুইয়ে বিশ্বজুড়ে ভোগব্যয়ে নেতিবাচক প্রভাব পড়বে। এভাবে সামগ্রিক চাহিদা ও কর্মসংস্থানে মন্দা দেখা দেবে।’ সূত্র: সিনহুয়া ও বাসস।