মজুরি কমিশনের দাবিতে নর্থ বেঙ্গল সুগার মিলে কর্মবিরতি শুরু
মজুরি কমিশন ঘোষণার দাবিতে নাটোরের লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলের তিন শতাধিক শ্রমিক গতকাল শনিবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছে। এদিন শ্রমিকেরা কর্মকর্তাদের কারখানায় ঢুকতে দেননি।এদিকে নতুন মাড়াই মৌসুম শুরুর প্রাক্কালে শ্রমিকদের এই আন্দোলন কর্মসূচির ফলে চিনিকলটি কার্যত অচল হয়ে পড়েছে। সকালে কারখানা চত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। সমাবেশে ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আনোয়ার কামাল ও শ্রমিক সাইদুর রহমান বক্তব্য দেন।সমাবেশে মিলের শ্রমিক-কর্মচারী ইউনিয়নের নেতারা জানান, দীর্ঘদিন ধরে দাবি জানানো সত্ত্বেও সরকার চিনিকল-শ্রমিকদের জন্য পৃথক মজুরি কমিশন ঘোষণা না করায় তাঁরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন। দাবি না মানা পর্যন্ত এই আন্দোলন চলবে। এ ব্যাপারে নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী হারিছ আলী প্রথম আলোকে বলেন, ‘স্থানীয়ভাবে এই দাবি পূরণের কোনো সুযোগ নেই। আমরা সরকারের নীতিনির্ধারকদের সঙ্গে যোগাযোগ করেছি। আশা করছি, তাঁরা জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।’