মজুরি কমিশনের দাবিতে যমুনা সার কারখানায় সমাবেশ
জামালপুরের সরিষাবাড়ীর যমুনা সার কারখানায় সংশোধিত মজুরি কমিশন বাস্তবায়নের দাবিতে গতকাল শ্রমিক-কর্মচারী ইউনিয়ন কারখানা চত্বরে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে। শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিয়ার রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা কমান্ডার শহিদুর রহমান, ইউনিয়নের সহসভাপতি মো. মন্টু মিয়া, আবদুর রহিম মোল্লা, ক্রীড়া সম্পাদক খলিলুর রহমান, ফেডারেশনের নেতা আবুল বাশার, মোখলেছুর রহমান, মোর্শেদ আলম, বেলাল হোসেন প্রমুখ। সমাবেশে শ্রমিক-কর্মচারীরা দাবি করেন, শিগগিরই সংশোধিত মজুরি কমিশন বাস্তবায়ন করে ২০ শতাংশ মহার্ঘ ভাতা মূল মজুরির সঙ্গে যোগ করতে হবে। মতিয়ার রহমান বলেন, অবিলম্বে সংশোধিত মজুরি কমিশন বাস্তবায়নের দাবি না মানলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে। এদিকে কারখানার ব্যবস্থাপনা পরিচালক অচিন্ত্য কুমার দেব প্রথম আলোকে জানান, শ্রমিক-কর্মচারীদের মজুরি কমিশন বাস্তবায়নের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।