মজুরি প্রদানে সহায়তা দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনৈতিক অস্থিরতায় ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে এবং জানুয়ারি মাস থেকে নতুন কাঠামো অনুযায়ী শ্রমিকদের মজুরি দিতে হবে বলে সরকারের কাছে আর্থিক সহায়তা চেয়েছে পোশাক ও বস্ত্র খা তের তিন সমিতি। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আগামী এক মাসের মধ্যে যত দূর সম্ভব সহায়তা করারও আশ্বাস দিয়েছেন।
সচিবালয়ে গতকাল বুধবার অর্থমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ তৈরি পোশাক উৎপাদক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ), বাংলাদেশ নিট পোশাক উৎপাদক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ) এবং বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) যৌথভাবে এ সহায়তা চাওয়াসহ বিভিন্ন দাবি জানায়।
বৈঠকে তিন সমিতির বর্তমান ও সাবেক সভাপতিরা, অর্থসচিব ফজলে কবির, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান গোলাম হোসেন, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এস এম মনিরুজ্জামান, বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) সভাপতি মো. নূরুল আমিন, অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এবিবি) সহসভাপতি আবদুল মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।
ব্যবসায়ীরা বলেন, চলমান রাজনৈতিক পরিস্থিতি বিশাল দানব হিসেবে আবির্ভূত হয়ে শিল্প খাতকে হিংস্র নখরে উপর্যুপরি ক্ষতবিক্ষত করে চলেছে। তিলে তিলে গড়ে ওঠা ‘মেড ইন বাংলাদেশ’ ক্রেতাদের আস্থা হারাতে বসেছে। অসুস্থ রাজনীতির কারণে সুস্থ কারখানাগুলোও আজ অসুস্থ হওয়ার পথে। এসবের পাশাপাশি নতুন মজুরি বাস্তবায়নের চ্যালেঞ্জ।
বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম বলেন, ‘এক হাজার শ্রমিকের একটি কারখানায় আগে মজুরি দিতে হতো ৭৫ লাখ টাকা। এখন দিতে হবে এক কোটি ৩৫ লাখ টাকা। বাড়তি ৬০ লাখ টাকা আমরা কোথা থেকে দেব?’
নাম উল্লেখ না করে আতিকুল ইসলাম বলেন, ‘শ্রমিকেরা মজুরি চায় আট হাজার ২০০ টাকা, আর দেশীয় একটি গবেষণাপ্রতিষ্ঠান সুপারিশ করে ১৪ হাজার ২০০ টাকা। যেন মায়ের চেয়ে মাসির দরদ বেশি।’
অর্থমন্ত্রীর কাছে আটটি দাবি উপস্থাপন করেন বিজিএমইএর সভাপতি। এগুলো হচ্ছে, শ্রমিকদের মজুরি দেওয়ার জন্য (নভেম্বর-ফেব্রুয়ারি) চার মাসের জন্য বিশেষ প্যাকিং ক্রেডিটের (পিসি) আওতায় ঋণ—যা দুই বছরে পরিশোধযোগ্য, সুদবিহীন দুই বছরের জন্য ব্লক করা মেয়াদি বা প্রকল্প ঋণ, এসব ঋণের কিস্তি পরিশোধে ব্যর্থ হলে তাও সুদবিহীন দুই বছরের জন্য ব্লক করা, পোশাক এবং এই খাতের সব পশ্চাৎ-সংযোগ শিল্পের যেকোনো ধরনের ঋণ চলতি বছরের চতুর্থ প্রান্তিক থেকে পরবর্তী দুই বছর পর্যন্ত শ্রেণীকরণ (খেলাপি) না করা, ঋণপত্র (এলসি) সুবিধা অব্যাহত রাখা, শিল্প পরিচালনা করতে কেউ ব্যর্থ হলে বিনা ঝামেলায় বের হতে দেওয়া, টেলিফোনিক ট্রান্সফারের (টিটি) বিপরীতে বিশেষ প্রণোদনা এবং অবরোধের কারণে চট্টগ্রাম বন্দরে সৃষ্ট কনজেশনের জন্য বাড়তি মাশুল প্রত্যাহার।
অর্থমন্ত্রীকে বিজিএমইএর সভাপতি বলেন, ‘আমরা ডুবন্ত জাহাজের মধ্যে আছি। আল্লাহর পরে প্রধানমন্ত্রী, তার পরে আপনি। এখন আপনিই পারেন আমাদের বাঁচাতে।’
সবার বক্তব্য শোনার পর অর্থমন্ত্রী বলেন, ‘দাবিগুলো বিষয়ে আমি আগেই জেনেছি এবং স্বীকারও করি যে এগুলো পূরণের প্রয়োজন আছে। তবে সবগুলো যে পূরণ হবে, তা বলতে পারি না। কিছু কাজ চলছে। এক মাসের মধ্যে একটি সিদ্ধান্ত জানা যাবে।’
টিটির বিপরীতে এখনো প্রণোদনা দেওয়া হচ্ছে না জেনে বৈঠকে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালকের প্রতি ক্ষোভ ঝাড়েন অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘আপনারা সবকিছুতেই আপত্তি তোলেন। এটা গ্রহণযোগ্য নয়। আমি খুবই বিরক্ত। দেশ একটা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। আপনাদের বোঝাতে হবে?’
এ সময় বাংলাদেশ ব্যাংককে ‘বোগাস’ বলেও মন্তব্য করেন অর্থমন্ত্রী।
আদেশ দিলেও কোনো সহযোগিতা পাওয়া যায় না মন্তব্য করে অর্থমন্ত্রী বলেন, এক সপ্তাহের মধ্যে বিষয়টির সুরাহা করতে হবে।
ডলারের বিপরীতে বিনিময় হারের সুবিধা দেওয়ার দাবির বিষয়ে অর্থমন্ত্রী বৈঠকেই জানিয়ে দেন, এটা সম্ভব হবে না।
অর্থমন্ত্রী বলেন, ‘হরতাল-অবরোধ হবে অহিংস। একসময় ধর্মঘট অহিংসই ছিল। এখনকার সহিংস হরতাল-অবরোধের নেতৃত্ব দিচ্ছেন বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া। বর্তমানে সবচেয়ে বড় সন্ত্রাসী তিনি।’
বিটিএমএর সভাপতি জাহাঙ্গীর আলামীন বলেন, রাজনৈতিক অস্থিরতায় ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা নেমেছে। শ্রমিকেরা আগামী মাসে বেতন না পেলে রাজনৈতিক অবস্থা আরও খারাপ হবে।
বিজিএমইএর আরেক সাবেক সভাপতি আনিসুল হক অর্থমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘আপনি বড় হূদয়ের মানুষ। আমাদের চাওয়া খুব বেশি নয়। ’
বিকেএমইএর সভাপতি সেলিম ওসমান বলেন, ‘অনেক কারখানা বন্ধের পথে। তাদের চাপেই আমরা এখানে এসেছি।’
এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ বলেন, ‘হরতাল-অবরোধ গণতান্ত্রিক অধিকার হতে পারে না। নাগরিক ও ব্যবসায়ী হিসেবে আমারও তো মৌলিক অধিকার আছে রাস্তা দিয়ে নির্বিঘ্নে চলার। সেটা পারছি না।’
বিজিএমইএর সাবেক সভাপতি আবদুস সালাম মুর্শেদী বলেন, বিমা কোম্পানিগুলো বেশি প্রিমিয়াম নিচ্ছে। এই হার ন্যূনতম করা উচিত।
এবিবির সভাপতি নূরুল আমিন বলেন, ‘ব্যবসা ভালো না চললে, ব্যাংক ব্যবসাও ভালো চলে না। পোশাক খাত থেকে বহুমুখী আয় আসে ব্যাংক খাতের। বাংলাদেশ ব্যাংক থেকে বিধিবিধান এলে আমরা তা বাস্তবায়ন করতে পারব।’